Asia Cup 2023: দুঃসংবাদ ভারতীয় দলে, এশিয়া কাপেও খেলতে পারছেন না দলের দুই তারকা ব্যাটসম্যান
এশিয়া কাপ শুরু হতে হাতে বাকি মাত্র কয়েক সপ্তাহ। কিন্তু কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ারকে নিয়ে আশার কথা শোনাতে পারল না বিসিসিআই। এই দুই তারকা ব্যাটসম্যানকে সম্ভবত এশিয়া কাপেও মাঠের বাইরে থাকতে হবে। বিশ্বকাপের আগে এই দুই ব্যাটসম্যানকে দলে ফেরাতে মরিয়া ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, রাহুল বা শ্রেয়স কেউই ৫০ ওভারের ম্যাচ খেলার জন্য এখনও তৈরি হননি। এই দুই ক্রিকেটারকে এশিয়া কাপে পাচ্ছে না টিম ইন্ডিয়া। যদিও আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারটি বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয়নি। চলতি সপ্তাহেই এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করতে পারেন নির্বাচকরা।

ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক আশা করেছিল যে ৩০ অগাস্টের আগেই এই দুই ক্রিকেটার একেবারে সুস্থ হয়ে উঠতে পারবেন। কিন্তু এনসিএ সূত্রের যা খবর, রাহুল বা শ্রেয়সের ম্যাচের ধকল নেওয়ার মতো এখনও পরিস্থিতি তৈরি হয়নি, বিশেষত ৫০ ওভারের ক্ষেত্রে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্র পিটিআইকে জানিয়েছে, 'শ্রীলঙ্কায় গরম এবং আর্দ্র্যতা সম্পন্ন আবহাওয়ায় রাহুল এবং শ্রেয়সের পক্ষে এখনই ৫০ ওভারের ম্যাচ খেলা সম্ভব নয়। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের আগে তাঁরা ফিট হয়ে উঠবেন।'

পাশাপাশি শ্রেয়স আইয়ার প্রসঙ্গে ওই সূত্র আরও জানিয়েছে, 'শ্রেয়স ইতিমধ্যেই স্কিল ট্রেনিং করা শুরু করে দিয়েছে। ১০০ শতাংশ ফিট না হলে টিম ম্যানেজমেন্ট তাঁকে ফেরাবে না। ৫০ ওভারের থেকে টি টোয়েন্টি ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তনের সম্ভবনা বেশি।'
গত ২১ জুলাই বিসিসিআইয়ের পক্ষ থেকে যে মেডিকেল আপডেট দেওয়া হয়েছিল তাতে এই দুই ব্যাটসম্যানকে নিয়ে বলা হয়, 'রাহুল এবং শ্রেয়স দুই জনেই নেটে ব্যাটিং করছেন। এনসিএকে দুই ব্যাটসম্যানের উন্নতিতে সন্তুষ্ট।'

আইপিএলে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন লোকেশ রাহুল। ১ মে থেকে তিনি আর খেলতে পারেননি। মে মাসেই বিদেশে অস্ত্রোপচার হয় রাহুলের। তবে রিহ্যাব শেষে এনসিএতে যোগ দেন রাহুল। মাসখানেক ফিটনেস ট্রেনিংয়ের পর অনেকটাই ফিট রাহুল। নেটে হালকা ব্যাটিং করাও শুরু করে দিয়েছেন। এই চোটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নামতে পারেননি।
এশিয়া কাপেও খেলতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল, তবে নেটে ব্যাটিং শুরু করেছেন রাহুল। যা টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিচ্ছে। শেষ পর্যন্ত বিশ্বকাপে রাহুলকে দলে দেখা যাবে কিনা সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন।












Click it and Unblock the Notifications