Asia Cup 2023: পাকিস্তান ম্যাচের আগে জোরকদমে কিপিং প্র্যাকটিসে রাহুল, ভারতের একাদশে আসবেন?
Asia Cup 2023: এশিয়া কাপে রবিবার ভারতের সামনে সুপার ফোরের ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে আজ জোরকদমে অনুশীলন করল ভারতীয় দল। তবে বিশেষভাবে নজর কাড়লেন লোকেশ রাহুল।
রাহুল ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার পরই দেশে ফিরে এসেছেন ট্রাভেলিং রিজার্ভ সঞ্জু স্যামসন। পুত্রসন্তানের জন্মের পর দলের সঙ্গে যোগ দিয়ে আজ অনুশীলন করলেন জসপ্রীত বুমরাহ।

লোকেশ রাহুল চোট থাকায় প্রথমে ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারেননি। ন্যাশনাল ক্রিকেট আকাদেমি থেকে সবুজ সঙ্কেত পেয়ে কলম্বোয় পৌঁছন। রাহুল আলুরে ভারতীয় দলের সঙ্গে অনুশীলনে, কিংবা তারপরেও এনসিএতে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংয়ের সময় স্বাভাবিক ছন্দেই ছিলেন। কিন্তু তিনি কিপিং করতে পারবেন কিনা সেটাই দেখার ছিল।
আজ প্রেমদাসায় অনুশীলনে রাহুল মিনিট ৪৫ টানা কিপিং প্র্যাকটিস করেছেন। প্রথমে দুই সাপোর্ট স্টাফের উপস্থিতিতে অফ স্টাম্পের দিকে যাওয়া বল ধরার অনুশীলন চলে। তারপর সাপোর্ট স্টাফদের দেখা গেল লেগ সাইডে বল ছুড়তে। সেগুলি তালুবন্দিও রাহুল করছিলেন সাবলীলভাবেই। শেষের দিকে ডাক পড়ল কুলদীপ যাদব। বাঁহাতি ব্যাটারের বিরুদ্ধে কেমন কিপিং করেন রাহুল, সেটাও দেখা হলো।
রাহুল যেভাবে আজ অনুশীলন করেছেন তা টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দেওয়ার মতোই। জল্পনা চলছে ভারতের একাদশ নিয়েও। এশিয়া কাপের দল ঘোষণার সময় রাহুলকেই উইকেটকিপার-ব্যাটার হিসেবে এগিয়ে রাখা হচ্ছিল। কিন্তু ঈশান কিষাণ যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে দায়িত্বশীল ইনিংস খেলেছেন তাতে তাঁকে বাদ দেওয়া কার্যত অসম্ভব।

পুত্রসন্তানের জন্মের পর দলের সঙ্গে যোগ দিয়েছেন জসপ্রীত বুমরাহ। নেপাল ম্যাচে তাঁর জায়গায় এসেছিলেন মহম্মদ শামি। এই অবস্থায় শার্দুল ঠাকুরকে বসিয়ে রেখে বুমরাহকে দলে নেওয়া যেতেই পারে। ঈশান কিষাণ যেহেতু আপাতত কয়েকটি ম্যাচের জন্য জায়গা পাকা করে ফেলেছেন, সেক্ষেত্রে রাহুলকে দলে নিতে গেলে শ্রেয়স আইয়ারকে বসানো ছাড়া আপাতত উপায় নেই।












Click it and Unblock the Notifications