Asia Cup 2023: এশিয়া কাপের দলে পরিবর্তন করল পাকিস্তান, ৬ বছর পর আফগানিস্তান ODI টিমে নিল করিমকে
Asia Cup 2023: এশিয়া কাপ শুরু হচ্ছে বুধবার থেকে। মুলতানে নেপালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাকিস্তান। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের সৌজন্যে বাবর আজমরা বিশ্বের ১ নম্বর ওডিআই দল।
আফগানিস্তান আজ এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে। ৬ বছর পর ওডিআই দলে ফেরানো হয়েছে করিম জানাতকে।

আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন হাশমাতুল্লাহ শাহিদি, সহ অধিনায়ক আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলা রহমানুল্লাহ গুরবাজ। অলরাউন্ডার করিম জানাত ২০১৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি মাত্র একদিনের আন্তর্জাতিক খেলেছিলেন। তবে দেশের হয়ে নিয়মিত টি ২০ দলে থাকেন। গত মাসে বাংলাদেশে প্রথম টি ২০ আন্তর্জাতিকে হ্যাটট্রিকও করেন।
চলতি বছর বাংলাদেশেই করিমের টেস্ট অভিষেক হয়েছে। গত বছর অগাস্টে দেশের হয়ে শেষবার টি ২০ আন্তর্জাতিক খেলা শরাফুদ্দিন আশরফকেও রাখা হয়েছে এশিয়া কাপের দল। পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওয়াফাদার মমান্ড ও আজমাতুল্লাহ ওমরজাই। সাইড স্ট্রেইনের জন্য পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে খেলতে পারেননি, দলে আসেন গুলাবদিন নঈব।
আফগানিস্তানের যে দল ঘোষণা হয়েছে তাতে রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান টপ অর্ডার সামলাবেন। রিয়াজ হাসান, মহম্মদ নবি ও হাশমাতুল্লাহ শাহিদির উপর নির্ভর করবে মিডল অর্ডার। স্পিন বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন রশিদ খান। মহম্মদ নবি, মুজিব উর রহমান, নূর আহমেদও রয়েছেন। নূর পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে চান্স পাননি।
ফজলহক ফারুকি পেস আক্রমণের ভরসা। বি গ্রুপে থাকা আফগানিস্তান এশিয়া কাপে ৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে লাহোরে।

এদিকে, পাকিস্তান দলে নিয়েছে সাউদ শাকিলকে। তিনি তৈয়াব তাহিরের জায়গায় দলে এসেছেন। তাহির থাকবেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। শাকিল মাত্র ৫টি ওডিআই খেলেছেন। তবে টেস্ট ফরম্যাটে সফল। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জেতানো অপরাজিত ২০৮ রান করেছিলেন। টেস্টে ৬টি অর্ধশতরান ও ২টি শতরান আছে।
এশিয়া কাপে পাকিস্তান- বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সাউদ শাকিল, ফখর জামান, আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, সলমন আলি আঘা, ইফতিখার আহমেদ, মহম্মদ নওয়াজ, উসামা মীর, হ্যারিস রউফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ হ্যারিস (উইকেটকিপার), ফাহিম আশরফ, মহম্মদ ওয়াসিম। ট্রাভেলিং রিজার্ভ- তৈয়াব তাহির।
এশিয়া কাপে আফগানিস্তান- হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মহম্মদ নবি, ইক্রাম আলিখিল (উইকেটকিপার), রশিদ খান, গুলাবদিন নঈব, করিম জানাত, আবদুল রহমান, শরাফুদ্দিন আশরফ, মুজিব উর রহমান, নূর আহমেদ, মহম্মদ সালিম, ফজলহক ফারুকি।












Click it and Unblock the Notifications