Asia Cup 2023: এশিয়া কাপে নজির জাদেজার, নেপাল বেগ দিল ভারতীয় বোলারদের, রোহিতদের জিততে চাই ২৩১
Asia Cup 2023: এশিয়া কাপে নেপালকেও ২০০-র কমে আটকাতে পারল না ভারত। আজ পাল্লেকেলে স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৮.২ ওভারে ২৩০ রান তুলেছে নেপাল। মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নিয়েছেন।
নেপালের হয়ে সর্বাধিক ৫৮ রান করেন ওপেনার ও উইকেটকিপার আসিফ শেখ। সোমপাল কামি করেন ৪৮।

নেপালের ইনিংসের মাঝে বেশ কয়েকবার বৃষ্টি নামে। খেলা বন্ধও রাখতে হয় বৃষ্টি ও ভিজে মাঠের কারণে। সবচেয়ে বেশিক্ষণ বন্ধ থাকে ৩৭.৫ ওভারে নেপালের স্কোর যখন ছিল ৬ উইকেটে ১৭৮। বৃষ্টি থামার পর পিচ ও আউটফিল্ড পরিদর্শন করে ভারতীয় সময় সন্ধ্যা পৌনে সাতটায় খেলা শুরু হয়।
নেপালকে অল আউট করতে ভারতকে অপেক্ষা করতে হলো ৪৯তম ওভার পর্যন্ত। প্রথমদিকে ওপেনারদের ক্যাচ ফেলেছিলেন বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণরা। ওপেনিং জুটিতে উঠেছিল ৬৫ রান। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৪৩ রান তাড়া করতে গিয়ে নেপাল ২৩.৪ ওভারে ১০৪ রানে অল আউট হয়েছিল।
সেখানে ভারতের বিরুদ্ধে ২৩০ রানে পৌঁছে আত্মবিশ্বাস বাড়ল নেপালের। আসিফ শেখ বলেন, ৪০ অবধি ক্রিজে থাকার লক্ষ্য ছিল। সেটা হয়নি দুর্ভাগ্যজনকভাবে। ২৩০ ভালো স্কোর। বড় মঞ্চে সকলেই নিজেদের মেলে ধরতে চাইছি। প্রচুর সংখ্যক নেপালি ক্রিকেটপ্রেমী আজ মাঠে রয়েছেন। উইকেট অনুযায়ী বোলিং করাই লক্ষ্য নেপালের।

আসিফ শেখ ৮টি চারের সাহায্যে ৯৭ বলে ৫৮ রান করেন। ১টি চার ও ২টি ছয়ের সাহায্যে সোমপাল কামি ৫৬ বলে ৪৮ রান করেছেন। ওপেনার কুশল ভুরতেল তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৫ বলে ৩৮ রান করে আউট হন। দীপেন্দ্র সিং আইরি ২৫ বলে ২৯ ও গুলশন ঝা ৩৫ বলে ২৩ রান করেছেন।
রবীন্দ্র জাদেজা ১০ ওভারে ৪০ রান দিয়ে তিনটি উইকেট পান। এশিয়া কাপে ৫০ ওভারের ফরম্যাটে আপাতত ভারতীয় বোলারদের মধ্যে যুগ্ম সর্বাধিক উইকেটশিকারী হলেন তিনি। ১৫ ইনিংসে তাঁর উইকেট সংখ্যা ২২। ১২ ইনিংসে ইরফান পাঠানের ২২টি উইকেট রয়েছে এশিয়া কাপে। সচিন তেন্ডুলকর ১৭টি ও কপিল দেব ১৫টি উইকেট পেয়েছেন।
মহম্মদ সিরাজের ৯.২ ওভারে একটি মেডেন, ৬১ রান দিয়ে নেন ৩ উইকেট।৭ ওভারে ২৯ রান দিয়ে একটি উইকেট নেন মহম্মদ শামি। হার্দিক পাণ্ডিয়ার ৮ ওভারে ৩টি মেডেন, তিনি ৩৪ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। শার্দুল ঠাকুর ৪ ওভারে ২৬ রান খরচ করে এক উইকেট পান। কুলদীপ যাদবের ১০ ওভারে ২টি মেডেন, ৩৪ রান দিয়ে উইকেট পাননি।












Click it and Unblock the Notifications