Asia Cup 2023: এশিয়া কাপে ভারতের দল কেমন হতে পারে? সঞ্জু স্যামসনের বাদ পড়ার প্রবল সম্ভাবনা
Asia Cup 2023: এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা রবিবার। ২৪ অগাস্ট থেকে বেঙ্গালুরুর আলুরে ভারতীয় দলের শিবির। ১৫ সদস্যের দলে কারা থাকবেন, কারা প্রত্যাবর্তন করবেন কিংবা বাদ পড়বেন কারা, তা নিয়ে চলছে জল্পনা।
আয়ারল্যান্ডে টি ২০ সিরিজের প্রথম ম্যাচ কাল। জসপ্রীত বুমরাহদের দিকে নজর রাখবেন নির্বাচকরা। তারপরই এশিয়া কাপের দল বাছাই।

ওয়েস্ট ইন্ডিজের কাছে টি ২০ সিরিজে ভারতীয় দলের পরাজয়কে মোটেই ভালো চোখে দেখছে না বিসিসিআই বা নির্বাচকমণ্ডলী। এই সিরিজের পারফরম্যান্স এশিয়া কাপের দল গঠনের সময় মাথায় রাখা হবে বলে জানা যাচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সঞ্জু স্যামসনকে এশিয়া কাপের ১৫ সদস্যের দলে নাও রাখা হতে পারে।
সঞ্জু ক্যারিবিয়ান সফরে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। একদিনের সিরিজে ৯ ও ৫১ এবং টি ২০ সিরিজে তিনি ১২, ৭ ও ১৩ রান করে সাজঘরে ফিরেছেন। বিসিসিআই সূত্রকে উল্লেখ করে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ, আপাতত এশিয়া কাপের দল বাছবেন নির্বাচকরা। বিশ্বকাপের দল ঘোষণা করা হবে কয়েকদিন পর। এশিয়া কাপে ২ সেপ্টেম্বর ভারত অভিযান শুরু করবে পাকিস্তান ম্যাচ দিয়ে।

সঞ্জু স্য়ামসনের দলে থাকার সম্ভাবনা কমার কারণ হলো, একদিকে ঈশান কিষাণ রয়েছেন। সেই সঙ্গে লোকেশ রাহুল ফিরতে চলেছেন। রাহুলও কিপিং করতে পারেন। ফলে ১৩টি ওডিআইয়ে ব্যাটিং গড় ৫৫-র উপরে হলেও স্যামসন এশিয়া কাপ তো বটেই, বিশ্বকাপের দলেও থাকবেন না বলে মনে করা হচ্ছে।
বুমরাহর পাশাপাশি এশিয়া কাপের দলে রাখা হতে প্রসিদ্ধ কৃষ্ণকে। তিনিও চোট সারিয়ে আয়ারল্যান্ড সিরিজে ফিরছেন। তাঁর বোলিংয়ের দিকে নির্বাচকরা নজর রাখবেন। প্রসিদ্ধের পেস ও বাউন্স ভারতীয় বোলিং আক্রমণকে শক্তিশালী করবে বলে মনে করছেন নির্বাচকরা। বুমরাহ ও প্রসিদ্ধ আয়ারল্যান্ডে নেটে বল হাতে আগুন ঝরাচ্ছেন।
রাহুল ব্যাটিংয়ের পাশাপাশি কিপিং করছেন। শ্রেয়স আইয়ার এখনও পুরো ১০০ শতাংশ ফিট নন বলেই জানা যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরা ক্রিকেটারদের ফিটনেস যাচাই করা হবে। ন্যাশনাল ক্রিকেট আকাদেমির ফিজিওদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। এই প্রক্রিয়া চলছে। সে কারণেই এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণায় দেরি হচ্ছে বলে খবর। ভারতের ব্যাটিং অর্ডারে চার নম্বরে কাকে খেলানো হবে তা নিয়েও চলছে চিন্তাভাবনা।












Click it and Unblock the Notifications