Asia Cup 2023: ভারত সুপার ফোরে যাবে 'এ' গ্রুপের দ্বিতীয় দল হিসেবে, দুটি ম্যাচ জিতলেও কেন বদলাবে না পরিস্থিতি?
Asia Cup 2023: এশিয়া কাপের ক্রীড়াসূচি অবশেষে আজ প্রকাশিত হলো। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ টুইট করে সূচি প্রকাশ করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাংবাদিক বৈঠকের নির্ধারিত সময়ের ৪৪ মিনিট আগে।
মুলতানে একটি এবং লাহোরে তিনটি, মোট চারটি ম্যাচ হবে পাকিস্তানে। বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কার ক্যান্ডি ও কলম্বোয়। ক্যান্ডিতে হবে তিনটি ম্যাচ। ফাইনাল-সহ ৬টি ম্যাচ কলম্বোয়। ৩০ অগাস্ট শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর অবধি চলবে এশিয়া কাপ।

২০১৮ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে শেষবার এশিয়া কাপ হয়েছিল ৫০ ওভারের ফরম্যাটে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। গত বছর টি ২০ বিশ্বকাপের আগে টি ২০ ফরম্যাটে হয়েছিল এশিয়া কাপ। শ্রীলঙ্কা গত বছরের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ৫০ ওভারের বিশ্বকাপের আগে এশিয়া কাপ ফিরছে ৫০ ওভারের ফরম্যাটে।
ভারত সেপ্টেম্বরের ২ তারিখ, শনিবার ক্যান্ডিতে পাকিস্তান ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। প্রথম রাউন্ডে ভারতের অপর ম্যাচটি হবে সেপ্টেম্বরের ৪ তারিখ, সোমবার, নেপালের বিরুদ্ধে খেলবে মেন ইন ব্লু। যদিও এই দুটি ম্যাচে জিতলেও সুপার ফোরে ভারতকে যেতে হবে এ গ্রুপের দ্বিতীয় দেশ হিসেবেই।
সুপার ফোরের প্রথম ম্যাচটি হবে ৬ সেপ্টেম্বর, বুধবার লাহোরে। এই ম্যাচে এ গ্রুপের ১ নম্বর দলের সামনে থাকবে বি গ্রুপ থেকে ২ নম্বর স্থানে থাকা দল। ভারত যেহেতু পাকিস্তানে যাবে না সে কারণেই প্রথম রাউন্ডের ফলাফলের উপর নির্ভর করবে না কোন দল কত নম্বরে থেকে সুপার ফোরে যাবে।

ফলে এ গ্রুপের ১ নম্বর দল পাকিস্তান এবং ২ নম্বর দল ভারত হবে বলে ঠিক করা হয়েছে। বি গ্রুপ থেকে শ্রীলঙ্কা ১ ও বাংলাদেশ ২ নম্বর দল হিসেবে সুপার ফোরে যাবে বলে পূর্ব নির্ধারিত হয়েছে। এখন যদি দেখা যায় নেপাল এ গ্রুপ থেকে এবং আফগানিস্তান বি গ্রুপ থেকে সুপার ফোরে গেল সেক্ষেত্রে যে দল বিদায় নেবে তাদের ক্রমিক নম্বর পাবে তারা।
ভারত যেহেতু এ গ্রুপের ২ নম্বর দল হিসেবে সুপার ফোরে যাবে ফলে রোহিতদের সুপার ফোরের খেলা পড়বে কলম্বোয় সেপ্টেম্বরের ১০ ও ১২ তারিখ। ১০ সেপ্টেম্বর, রবিবার ভারত-পাক দ্বৈরথ যে হতে চলেছে সেটাও বলাই যায়। প্রথম রাউন্ডে শেষ ম্যাচ ৫ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে।

পরের দিন পাকিস্তানের সম্ভাব্য প্রতিপক্ষ বাংলাদেশ বা আফগানিস্তান। শ্রীলঙ্কা সুপার ফোরে গেলে এক নম্বর দল হিসেবেই যাবে। সে কারণে সুপার ফোরের প্রথম ম্যাচ পাকিস্তান বনাম বাংলাদেশ, কিংবা পাকিস্তান বনাম আফগানিস্তান হবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications