IND vs PAK Asia Cup 2023: ভারত-পাকিস্তান ম্য়াচ গড়াল রিজার্ভ ডে-তে, রোহিতদের টানা ৩ দিন খেলতে হবে
IND vs PAK Asia Cup 2023: কলম্বোয় বৃষ্টির কারণে আজ সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচে ২৪.১ ওভারের বেশি খেলাই হলো না। বৃষ্টি নেমে খেলা বন্ধের সময় ভারতের স্কোর ছিল ২ উইকেটে ১৪৭।
এই পরিস্থিতি থেকেই কাল ভারতকে খেলা শুরু করতে হবে। কাল ঠিক সময় খেলা শুরু হলে বিকেল ৩টেয় ব্যাট হাতে নামবেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। আজ বৃষ্টি থামার পর ঘণ্টা তিনেক ধরে মাঠ শুকানোর কাজ করছিলেন মাঠকর্মীরা। কিন্তু ফের ভারী বৃষ্টিতে জলে যায় তাঁদের পরিশ্রম।

আউটফিল্ডের কয়েকটি জায়গায় জল জমে কাদা হয়ে গিয়েছিল। তা টেবিল ফ্যান চালিয়ে প্রায় শুকিয়ে ফেলেছিলেন মাঠকর্মীরা। আম্পায়াররা রাত ৮টা ১৫ মিনিট নাগাদ সিদ্ধান্ত নেন রাত সাড়ে ৮টায় পরিদর্শনে যাবেন। রাত ৯টায় ৩৪ ওভারের ম্যাচ শুরুর পরিকল্পনা ছিল। কিন্তু চূড়ান্ত পরিদর্শন সারার ফাঁকেই ফের ভারী বৃষ্টি নামে। ফলে কভার দিয়ে মাঠ ঢাকতে হয়।
এরপরই আজকের মতো খেলা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। কাল ৫০ ওভারের ম্যাচ করানো হবে বলে জানিয়েছেন তাঁরা। ফলে ভারত আরও ২৫.৫ ওভার ব্যাটিং করবে। আজ বৃষ্টি নামায় সন্ধ্যা ৬টা ২২ মিনিট থেকেই ওভার কমার বিষয়টি নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে রিজার্ভ ডে-তে খেলা গড়ানোয় আর ওভার কমছে না।

দুই দলের অধিনায়কই চাইছিলেন আজই খেলা শেষ হোক। বিশেষ করে ভারতকে টানা তিনদিন খেলতে হবে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে। কেন না, মঙ্গলবার রোহিতদের ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ম্যাচ শেষের সময় আজ বাড়িয়েও দেওয়া হয়েছিল। ২০ ওভারের ম্যাচ হলে পাকিস্তানের ইনিংস শুরু হতো রাত ১০টা ৩৬ মিনিটে। যদিও সব হিসেব ওলটপালট করল কলম্বোর আবহাওয়া।
রোহিত শর্মা ও শুভমান গিলের পার্টনারশিপে ১২১ রান ওঠে। বিরাট কোহলি ও লোকেশ রাহুল অবিচ্ছেদ্য জুটিতে যোগ করেছেন ২৪ রান। আজ ম্যাচের ওভার কমলে পাকিস্তানের টার্গেট ডিএলএস মেথড অনুযায়ী বড় হলেও টি ২০-র মেজাজে খেলে রান তোলার চেষ্টা করতেন বাবর আজমরা। ফলে ওভার কমলে পাকিস্তানের অ্যাডভান্টেজ হতো, চাপ থাকতো ভারতীয় বোলারদের উপর।
পাকিস্তান যেহেতু ২ পয়েন্ট ঝুলিতে পুরেছে, ফলে এই ম্যাচ পরিত্যক্ত হলে তাদের পয়েন্ট হবে তিন। সেক্ষেত্রে ভারতের মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। সবকিছুই নির্ভর করছে রিজার্ভ ডে-তে কী হয় তার উপরই।












Click it and Unblock the Notifications