Asia Cup 2023: এশিয়া কাপের সুপার ফোরের লড়াই শুরু কাল থেকেই, দেখে নিন পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি
Asia Cup 2023: পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের পর এশিয়া কাপের শেষ চারে জায়গা পাকা করল শ্রীলঙ্কা। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে ২ রানে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে।
কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে সুপার ফোরের দ্বৈরথ। প্রথম ম্যাচে লাহোরে পাকিস্তানের সামনে বাংলাদেশ। এরপর সুপার ফোরের সব ম্যাচ ও ফাইনাল হবে শ্রীলঙ্কার কলম্বোতেই।

পাকিস্তানের মাটিতে চলতি এশিয়া কাপের শেষ ম্যাচটি সুপার ফোর পর্যায়ের প্রথম ম্যাচ। পাকিস্তান প্রথম দুটি ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছে। তবে বাংলাদেশের বিরুদ্ধে দলে মহম্মদ নওয়াজকে বাদ দিয়ে মিডিয়াম পেসার ফাহিম আশরফকে নিয়েছে। পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের পর বৃহস্পতি ও শুক্রবার কোনও ম্যাচ নেই এশিয়া কাপে।

শনিবার থেকে এশিয়া কাপের বাকি ম্যাচগুলি কলম্বোতে হবে। ওইদিন বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। গ্রুপ পর্বের দ্বৈরথে বাংলাদেশকে ৬৬ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ সুপার ফোরে পাবে না দুরন্ত ছন্দে থাকা নাজমুল হোসেন শান্তকে। তিনি হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ছিটকে গিয়েছেন। দলে এসেছেন লিটন দাস।
সেপ্টেম্বরের ১০ তারিখ অর্থাৎ আগামী রবিবার ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। ১২ সেপ্টেম্বর চলতি এশিয়া কাপে প্রথমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ভারত। ২০১৮ সালে এশিয়া কাপের ৫০ ওভারের ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। শ্রীলঙ্কা এশিয়া কাপের ২০ ওভারের ফরম্যাটে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল।
সেপ্টেম্বরের ১৪ তারিখ শ্রীলঙ্কা খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। তার পরের দিন ১৫ সেপ্টেম্বর, শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ম্যাচ। সেপ্টেম্বরের ১৭ তারিখ কলম্বোতেই এশিয়া কাপ ফাইনাল। ভারত ও পাকিস্তান ফাইনালে উঠলে পরপর দুই রবিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের হাই ভোল্টেজ লড়াই দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।












Click it and Unblock the Notifications