Asia Cup 2023: এশিয়া কাপে টসে হাজির দুই রোহিত, প্রথমে ফিল্ডিং ভারতের, দলে ফিরলেন শামি, নজিরের সামনে বিরাট
Asia Cup 2023: এশিয়া কাপে পাল্লেকেলেতে আজ ভারতের মুখোমুখি নেপাল। এই প্রথম তারা মেন ইন ব্লু-র মুখোমুখি হচ্ছে। মজার ব্যাপার হলো, আজ দুই দলের অধিনায়কের নামও রোহিত। রোহিত শর্মার সঙ্গে আজ টস করলেন রোহিত পাউডেল।
পাল্লেকেলেতে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কখনও হাল্কা বৃষ্টি হচ্ছে। চলছে রোদ-মেঘের লুকোচুরিও। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। আজকের ম্য়াচেও পিচ থেকে স্পিনারদের পাশাপাশি পেসাররা ফায়দা আদায় করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

টসের পরই হাল্কা বৃষ্টি নামে। রোহিত শর্মা বলেন, জানি না আজও পুরো খেলা হবে কিনা। সে কারণেই বোলিংয়ের সিদ্ধান্ত। যাতে বোলাররাও ম্যাচে বোলিং করতে পারেন। দুই দলেই একটি করে পরিবর্তন হয়েছে। জসপ্রীত বুমরাহর পুত্রসন্তান হয়েছে। সে কারণে তিনি গতকালই দেশে ফিরেছিলেন। ভারতের একাদশে এলেন মহম্মদ শামি।
বিশ্বের পঞ্চম তথা দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে ১৩ হাজার রান করতে বিরাট কোহলির দরকার ৯৮ রান। সচিন তেন্ডুলকর ১৮৪২৬, কুমার সঙ্গকারা ১৪২৩৪, রিকি পন্টিং ১৩৭০৪ ও সনৎ জয়সূর্য ১৩৪৩০ রান করেছেন ওডিআই ফরম্যাটে। বিরাট কোহলি ২৭৬ ম্যাচে ২৬৬ ইনিংসে ৪০ বার অপরাজিত থেকে ১২৯০২ রান করেছেন।

বিরাট কোহলির ওডিআই শতরানের সংখ্যা ৪৬, সচিন তেন্ডুলকরের রয়েছে সর্বাধিক ৪৯টি শতরান। আজ কোহলি ভক্তরা চাইবেন মাস্টার ব্লাস্টারের সঙ্গে কিং কোহলির শতরানের দূরত্ব আরও কিছুটা ঘুচুক আজকের ম্যাচে। রোহিত পাউডেল ও আসিফ শেখের পর কুশল ভুরতেল নেপালের তৃতীয় ব্যাটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে ১ হাজার রান পূর্ণ করবেন ৬ রান করলেই।
🪙 India win the toss and decide to field first in game 5️⃣ of the Super 11 Asia Cup 2023 🏏#INDvNEP | #AsiaCup2023 pic.twitter.com/92Q9nCt0xg
— Pakistan Cricket (@TheRealPCB) September 4, 2023
নেপাল অধিনায়ক রোহিত পাউডেল জানান, তিনিও টস জিতলে প্রথমে বোলিং নিতেন। বিশ্বের ১ নম্বর দল পাকিস্তানের বিরুদ্ধে খেলার পর আজ প্রথমবার ভারতের বিরুদ্ধে খেলছে নেপাল, আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে এই নিয়ে পঞ্চম দলের বিরুদ্ধে। পাউডেল বলেন, আজকের দিনটা নেপালের ক্রিকেটের পক্ষে সবচেয়ে বড় দিন। ক্রিকেটবিশ্বের কাছে নিজেদের মেলে ধরতে চান পাউডেলরা।
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।
নেপাল- কুশল ভুরতেল, আসিফ শেখ (উইকেটকিপার), রোহিত পাউডেল (অধিনায়ক), সোমপাল কামি, ভীম শরকি, দীপেন্দ্র সিং আইরি, গুলশন ঝা, কুশল মাল্লা, করণ কেসি, সন্দীপ লামিছানে, ললিত রাজবংশী।












Click it and Unblock the Notifications