Asia Cup 2023: ভারত যাবে না পাকিস্তানে খেলতে, কড়া বার্তা বিসিসিআইয়ের
পাকিস্তান সরকার যতই চাপ দিক, এশিয়া কাপ নিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিসিআই। এশিয়া কাপে পাকিস্তানে দল পাঠাবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। স্পষ্ট জানিয়ে দিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। এশিয়া কাপের যাবতীয় ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবেন রোহিত-বিরাটরা। ফলে পাক ভূমিতে দল পাঠানোর কোনও প্রশ্নই উঠে না। নিজেদের অবস্থানে অনড় বিসিসিআই।
বিশ্বকাপের সঙ্গে বরাবরই এশিয়া কাপের ইস্যুটিকে জুড়ে দিয়ে ভারতের উপর চাপ বাড়ানোরর রণকৌশল নিয়েছিল পিসিবি। বহু আলোচনার পর চূড়ান্ত হয়, এশিয়া কাপের চারটি ম্যাচ হবে পাকিস্তানে। ভারত সমস্ত ম্যাচ খেলবে শ্রীলঙ্কাতে। এমনকি এশিয়া কাপের সূচিও চূড়ান্ত হয়ে গিয়েছে।

এরই মধ্যে বাবরদের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা কিছুতেই কাটছে না। কয়েকদিন আগে শোরগোল ফেলে দিয়েছেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি। পাকিস্তান ক্রিকেট দলের ভারতে এসে বিশ্বকাপ খেলা নিয়ে আপত্তি তুলেছেন পাক ক্রীড়ামন্ত্রী। তিনি সরাসরি জানিয়েছেন, ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না পাকিস্তান। তবে একটি শর্তও রেখেছেন পাক ক্রীড়ামন্ত্রী। সেই শর্ত পূরণ হলে তবেই পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে আসার অনুমতি পাবে।
মাজারি সাফ হুঁশিয়ারি দিয়ে দিচ্ছেন, 'পিসিবি আমার মন্ত্রকের অধীন। আমার ব্যক্তিগত মতামত, ভারত যদি এশিয়া কাপ খেলার ব্যাপারে নিরপেক্ষ কেন্দ্রের দাবিতে অনড় থাকে, তা হলে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলোর ক্ষেত্রে আমরাও একই দাবি করব।'

সম্প্রতি ডারবানে আইসিসির বৈঠকে যোগ দিয়েছেন বোর্ড সচিব জয় শাহ এবং আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। এই বৈঠকের ফাঁকেই সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের শীর্ষকর্তা অরুণ ধুমল জানিয়েছেন, 'পিসিবি চেয়ারম্যান জাকা আসরাফের সঙ্গে আমাদের বোর্ড সচিব জয় শাহ আলোচনা করেছেন। এশিয়া কাপের সূচি ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে।লিগ পর্যায়ের চারটি ম্যাচ হবে পাকিস্তানে, বাকি ম্যাচ গুলি হবে শ্রীলঙ্কাতে।'
একইসঙ্গে অরুণ ধুমল জানিয়েছেন, 'পাকিস্তানে ভারতের খেলতে যাওয়া নিয়ে কোনও আলোচনাই হয়নি। কারণ ভারতীয় দল পাকিস্তানে যাবে না। যে সূচি চূড়ান্ত হয়েছে সেটা মেনেই খেলা হবে।'
পাকিস্তানের লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে যে চারটি ম্যাচ হতে পারে সেগুলি হল পাকিস্তান বনাম নেপাল, বাংলাদেশ বনাম আফগানিস্থান, আফগানিস্থান বনাম শ্রীলঙ্কা, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। ভারত সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কাতে। গল বা পাল্লিকলে এই ম্যাচ গুলি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের নক আউটের ম্যাচগুলিও হবে দ্বীপরাষ্ট্রেই।

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান এই ছয়দল এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত-পাকিস্তানের গ্রুপে রয়েছে নেপাল।












Click it and Unblock the Notifications