Asia Cup 2023 Final: মেন্ডিসের কীর্তি স্পর্শ সিরাজের, এশিয়া কাপ জিততে ভারতের চাই মাত্র ৫১
Asia Cup 2023 Final: এশিয়া কাপের ফাইনালে কলম্বোয় মুখ থুবড়ে পড়ল শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক দাসুন শনাকা। ১৫.২ ওভারে মাত্র ৫০ রানেই গুটিয়ে গেল টি ২০ ফরম্যাটে গত বছরের কাপজয়ীরা।
মহম্মদ সিরাজ ২১ রানের বিনিময়ে নিলেন ছয় উইকেট। হার্দিক পাণ্ডিয়ার ঝুলিতে এলো তিনটি উইকেট। মাত্র দুই ব্যাটার ছাড়া কেউই দুই অঙ্কের রান পাননি। পাঁচজন ব্যাটার আউট হলেন শূন্য রানে।

এশিয়া কাপে ভারতীয়দের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ডটি নিজের দখলে নিলেন সিরাজ। একটি মেডেন-সহ সাত ওভারে ২১ রানের বিনিময়ে নিলেন ৬ উইকেট। তার মধ্যে চতুর্থ ওভারে নিজের দ্বিতীয় ওভারটি করতে গিয়েই চার উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন।
এশিয়া কাপে সেরা বোলিংয়ের রেকর্ডটি অবশ্য অজন্তা মেন্ডিসের দখলেই থাকল। ২০০৮ সালের ৬ জুলাই করাচিতে ভারতের বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনালে মেন্ডিস ৮ ওভার বল করেছিলেন ১টি মেডেন ১৩ রানের বিনিময়ে নিয়েছিলেন ৬ উইকেট। সেবার ভারতকে ১৭৩ রানে গুটিয়ে দিয়ে ১০০ রানে ম্যাচ জিতেছিল শ্রীলঙ্কা।

অজন্তা মেন্ডিসের পর সিরাজই প্রথম কোনও বোলার যিনি এশিয়া কাপের ম্যাচে ৬ উইকেট নিলেন, সেটাও ফাইনালে। উইকেট মোটেই গ্রিন টপ বা পেসারদের সহায়ক ছিল না। কিন্তু পরিকল্পনামাফিক দুরন্ত বোলিং করে শ্রীলঙ্কাকে ৫০ রানেই বেঁধে ফেলল ভারত। বৃষ্টির কারণে এদিন খেলা নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর শুরু হয়েছিল।
টস যখন হয় তখন রোদ ছিল। উইকেট শুষ্ক ছিল, ফলে পরের দিকে স্পিন সহায়ক হয়ে উঠবে আঁচ করে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। টসের পরই বৃষ্টি নামে। আকাশও ছিল মেঘলা। তিনে নামা কুশল মেন্ডিস তিনটি চারের সাহায্যে ৩৪ বলে সর্বাধিক ১৭ রান করলেন। ১৫ বলে ১৩ রানে অপরাজিত থাকেন দুশান হেমন্ত।
পাথুম নিসঙ্কা ২, ধনঞ্জয় ডি সিলভা ৪, দুনিথ ওয়েলালাগে ৮, প্রমোদ মাদুশান ১ রানে আউট হন। কুশল পেরেরা, সাদিরা সমরবিক্রমা, চরিথ আসালঙ্কা, অধিনায়ক দাসুন শনাকা ও মাথিশা পাথিরানা খাতাই খুলতে পারেননি। শ্রীলঙ্কার প্রথম উইকেট পড়ে ১ রানে। ৮ রানের মাথায় পড়ে তৃতীয় ও চতুর্থ উইকেট। ১২ রানে পঞ্চম ও ষষ্ঠ উইকেটের পতন ঘটে।
সপ্তম উইকেটটি পড়ে ৩৩ রানে, ৪০ রানে অষ্টম এবং ৫০ রানের মাথায় নবম ও দশম উইকেটের পতন। জসপ্রীত বুমরাহ ১টি মেডেন-সহ ৫ ওভারে ২৩ রানের বিনিময়ে ১ উইকেট নেন। হার্দিক পাণ্ডিয়া ২.২ ওভারে ৩ রান খরচ করে নেন তিন উইকেট। কুলদীপ যাদব ১ ওভারে ১ রান দেন।












Click it and Unblock the Notifications