Asia Cup 2023: এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ কবে এবং কোথায়? হাইব্রিড মডেলেই আয়োজনের পথে জয়ের এসিসি
Asia Cup 2023: এশিয়া কাপ হাইব্রিড মডেলেই হবে। গতকাল ডারবানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি তথা বিসিসিআই সচিব জয় শাহ-র সঙ্গে বৈঠক হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরফের।
বিসিসিআই ও পিসিবি কর্তাদের মধ্যে সদর্থক আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বিসিসিআই জানিয়ে দিয়েছে, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না। ক্রীড়াসূচি নিয়ে জটিলতা কেটে গিয়েছে বলেও জানা যাচ্ছে।

বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে আয়োজক দেশ পাকিস্তানে। বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। জয় ও জাকার মধ্যে বৈঠকেই সূচি চূড়ান্ত হয়ে গিয়েছে। শুক্রবারের মধ্যেই যে কোনও সময় ক্রীড়াসূচি ঘোষণা করে দিতে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
অগাস্টের ৩১ তারিখ শুরু হয়ে সেপ্টেম্বরের ১৭ তারিখ অবধি চলবে এশিয়া কাপ। বিশ্বকাপের আগে ৫০ ওভারের ফরম্যাটেই হবে এবারের টুর্নামেন্ট। এশিয়ার দেশগুলির কাছে নিজেদের শক্তি যাচাইয়ের বড় সুযোগ এবারের এশিয়া কাপ। জানা যাচ্ছে, ভারতের বেশিরভাগ ম্যাচ ডামবুলায় এবং শ্রীলঙ্কার বেশিরভাগ খেলা হতে পারে ক্যান্ডিতে।

এশিয়া কাপের একটি গ্রুপে ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে নেপাল। অপর গ্রুপে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। গ্রুপ পর্যায়ের খেলার ভিত্তিতে দুটি করে দল যাবে সুপার ফোরে। এরপর প্রথম দুই দলকে নিয়ে হবে ফাইনাল।
ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম দ্বৈরথটি হতে পারে সেপ্টেম্বরের ৫ তারিখ। সুপার ফোরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ উঠবে ধরাই যায়। ফলে সুপার ফোরে ভারত-পাক ম্যাচ হতে পারে সেপ্টেম্বরের দশ তারিখ। দুই দল ফাইনালে উঠলে বিশ্বকাপের ১৫ অক্টোবর মুখোমুখি হওয়ার আগে এশিয়া কাপে তৃতীয় হাইভোল্টেজ ম্যাচ খেলতে পারেন রোহিত-বাবররা।

এরই মধ্যে, কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছিল, পিসিবি চেয়ারম্যান জাকা আশরফের আমন্ত্রণে সাড়া দিয়ে এশিয়া কাপের সময় পাকিস্তানে যাবেন জয় শাহ। জয় বিশ্বকাপের সময় জাকাকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানা যায়। যদিও জয় শাহ সাফ জানিয়েছেন, কোথাও বোঝার ভুল রয়েছে অথবা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই কথা বলা হচ্ছে।
এশিয়া কাপের ক্রীড়াসূচি ছাড়া আর কোনও বিষয়ে কথা হয়নি বলে দাবি বিসিসিআই সূত্রেরও।












Click it and Unblock the Notifications