Asia Cup 2023: ঈশানের সঙ্গেই শতরান হাতছাড়া হার্দিকের, পাকিস্তানের বিরুদ্ধে পাণ্ডিয়া খেললেন সেরা ওডিআই ইনিংস
Asia Cup 2023: একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম শতরানটি পাওয়ার আশা জাগিয়েও সেই লক্ষ্যে পৌঁছতে পারলেন না হার্দিক পাণ্ডিয়া। থামলেন ১৩ রান দূরে। যদিও ভারতের সহ অধিনায়ক আজ পাল্লেকেলেতে খেললেন সেরা ওডিআই ইনিংসটি। দলের বিপর্যয় সামলে।
পঞ্চম উইকেট জুটিতে ঈশান কিষাণের সঙ্গে গড়লেন ১৪১ বলে ১৩৮ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। এরপর ভারতীয় ইনিংসের এখনও অবধি দ্বিতীয় সর্বাধিক পার্টনারশিপটি তিনি গড়েন রবীন্দ্র জাদেজাকে নিয়ে।

কেরিয়ারের ৭৮তম ওডিআইয়ে ৫৯তম ইনিংসে হার্দিক আজ করলেন ৯০ বলে ৮৭ রান। মেরেছেন সাতটি চার ও একটি ছয়। পাকিস্তানের বিরুদ্ধে পঞ্চম ওডিআই খেললেন হার্দিক। চারটি ইনিংসে তাঁর রান ২০৯। ২টি অর্ধশতরান করেছেন। ২০১৭ সালে ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৪৩ বলে ৭৬ রান করেছিলেন। সেই রান আজ টপকে গেলেন।
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেই প্রথমবার হার্দিক খেলেন পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্য়াচে ৬ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন। এরপর ফাইনালে ৭৬ রানের ইনিংসটি। ২০১৮ সালে এশিয়া কাপের ম্য়াচে ব্যাট করতে হয়নি হার্দিককে। ২০১৯ সালের বিশ্বকাপে হার্দিক করেন ১৯ বলে ২৬।
একদিনের আন্তর্জাতিকে হার্দিকের সর্বাধিক রান ২০২০ সালে ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ৭৬ বলে অপরাজিত ৯২। তার আগে ওই সফরেই সিডনিতে অজিদের বিরুদ্ধে হার্দিক করেন ৭৬ বলে ৯০। সেই ইনিংসের পরেই রইল আজ পাকিস্তানের বিরুদ্ধে এই ইনিংসটি।

টি ২০ আন্তর্জাতিকে হার্দিক পাকিস্তানের বিরুদ্ধে ৬টি ম্য়াচের ৫ ইনিংসে ৮৪ রান করেছেন। গত বছর এশিয়া কাপে প্রথম সাক্ষাতে ১৭ বলে ৩৩ রানের ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছিলেন। সুপার ফোরের ম্য়াচে ২ বলে ০ রান করে আউট হন। দুই দলের শেষ দ্বৈরথটি হয়েছিল গত বছর টি ২০ বিশ্বকাপেষ হার্দিক সেই ম্য়াচে ৩৭ বলে ৪০ রান করেন।
আজ ভারত যখন ১৪.১ ওভারে ৬৬ রানে চার উইকেট হারিয়ে বেকায়দায় তখন ঈশান কিষাণের সঙ্গী হন হার্দিক পাণ্ডিয়া। ৩৭.৩ ওভারে দলগত ২০৪ রানের মাথায় আউট হন ঈশান কিষাণ (৮১ বলে ৮২)। হার্দিক তিনটি চারের সাহায্যে ৬২ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। শাহিন শাহ আফ্রিদির বলে আউট হওয়ার সময় তাঁর নামের পাশে ৯০ বলে ৮৭। মেরেছেন সাতটি চার ও একটি ছয়।
হার্দিক আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৩৯। হার্দিকের উইকেটটি ধরলে ৭ বলের ব্যবধানে তিন উইকেট হারায় ভারত। ৪৪তম ওভারের শেষ বলেই রবীন্দ্র জাদেজা ২২ বলে ১৪ রান করে শাহিন শাহ আফ্রিদির শিকার হন। ৪৫তম ওভারের প্রথম বলেই নাসিম শাহ ফেরান শার্দুল ঠাকুরকে (৩ বলে ৩)। ভারতের স্কোর তখন ৮ উইকেটে ২৪২।












Click it and Unblock the Notifications