Asia Cup 2023: দুনিথ ওয়েলালাগে নাম লেখালেন মুরলী-মেন্ডিসের পাশে, ভারতের বিরুদ্ধে রেকর্ড শ্রীলঙ্কার
Asia Cup 2023: এশিয়া কাপে আজ কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে চমকপ্রদ বোলিং করলেন দুনিথ ওয়েলালাগে (Dunith Wellalage)। বাঁহাতি অর্থোডক্স স্পিনার। এশিয়া কাপে ওয়ানিন্দু হাসারঙ্গা নেই। নেই প্রথম সারির পেসাররা।
ফলে এশিয়া কাপের দল ঘোষণার পরই শ্রীলঙ্কার বোলিং লাইন আপকে কমজোরি মনে করা হচ্ছিল। কিন্তু তা সত্ত্বেও ঈর্ষণীয় নজির গড়েছে দাসুন শনাকার দল। আজ ভারতের বিরুদ্ধে দুরন্ত বোলিং উপহার দিলেন শ্রীলঙ্কার স্পিনাররা।

একদিনের আন্তর্জাতিকে এই প্রথম ভারতের বিরুদ্ধে কোনও দলের স্পিনাররাই ১০টি উইকেট তুলে নিলেন। সেই সঙ্গে টানা ১৪টি ওডিআইয়ে শ্রীলঙ্কা প্রতিপক্ষকে অল আউট করল। আগের ১৩টি ম্যাচেই জয়লাভ করেছে ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। আজ জিতলে সেই সংখ্যাও বেড়ে হবে ১৪। শ্রীলঙ্কার হয়ে বোলিং বিভাগে আজ সকলকে ছাপিয়ে গেলেন ওয়েলালাগে।
ওয়েলালাগে ভারতীয় ব্যাটিং লাইন আপে ধস নামানোয় বিনা উইকেটে ৮০ থেকে স্কোর গিয়ে দাঁড়ায় ৪ উইকেটে ১৫৪ রানে। রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল ও হার্দিক পাণ্ডিয়ার উইকেট পেয়েছেন ২০ বছরের ওয়েলালাগে। ওয়ানিন্দু হাসারঙ্গার অনুপস্থিতিতে তিনি দুরন্ত বোলিং করলেন। চরিথ আসালঙ্কা ও মাহিশ থিকশানা পান বাকি উইকেটগুলি।

ওয়েলালাগে গত বছর পাকিস্তানের বিরুদ্ধে একটিই টেস্ট খেলেছেন। উইকেট পাননি। আজ ৫ উইকেট নেওয়ায় ১৩টি ওডিআইয়ে ১২ ইনিংসে তাঁর উইকেট-সংখ্যা হলো ১৮। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ৮০টি, লিস্ট এ বা ৫০ ওভারের খেলায় ৩৬ ম্যাচে ৪৬টি ও টি ২০-তে ২৭ ম্যাচে ২২টি উইকেট রয়েছে। ঘরোয়া ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচে একবার পাঁচ উইকেট পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম।
২০০৩ সালের ৯ জানুয়ারি কলম্বোয় জন্ম। পড়াশোনা করেছেন কলম্বোর সেন্ট জোসেফস কলেজে। শ্রীলঙ্কার পাশাপাশি কল্টস ক্রিকেট ক্লাব, জাফনা, লঙ্কান ক্রিকেট ক্লাব, শ্রীলঙ্কা এ ও অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেছেন। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেন জাফনা কিংসের হয়ে। আজ যেভাবে তিনি ভারতীয় তারকাদের উইকেট পেলেন তাতে আইপিএলের দলগুলিও তাঁকে নিতে চাইবে।
ওয়েলালাগে বোলিং অলরাউন্ডার। ২০২২ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তিনি ১৭টি উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারী হয়েছিলেন। শ্রীলঙ্কা অনূর্ধ্ব দলকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, প্রথম ম্যাচেই নিয়েছিলেন ৫ উইকেট। তাছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন ১১৩ রানের ইনিংস, তিনিই শ্রীলঙ্কার প্রথম অনূর্ধ্ব ১৯ অধিনায়ক যাঁর শতরান রয়েছে।
গত বছর জুনে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর অভিষেক হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম শিকার ফর্মে থাকা স্টিভ স্মিথ। এশিয়া কাপে আজ ভারতের বিরুদ্ধে তিনি সেরা বোলিং করলেন। ১০ ওভার ১ মেডেন ৪০ রানে ৫ উইকেট। অজন্তা মেন্ডিস ও মুথাইয়া মুরলীধরনের পর শ্রীলঙ্কার তৃতীয় স্পিনার হিসেবে এশিয়া কাপে ৫ উইকেট দখলের নজির গড়লেন ওয়েলালাগে।












Click it and Unblock the Notifications