Asia Cup 2023: জটিলতার অবসান, সরকারিভাবে দিনক্ষণ ও ভেন্যু ঘোষণা এশিয়া কাপের
জল্পনার অবসান। সরকারিভাবে দিনক্ষণ ঘোষণা হয়ে গেল এশিয়া কাপের। আগামী ৩১ অগাস্ট শুরু হবে এশিয়া কাপ। ১৭ সেপ্টেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। হাইব্রিড মডেল অনুসারেই টুর্নামেন্টের প্রথম চারটি ম্যাচ হবে পাকিস্তানে। বাকি ম্যাচ গুলি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কাতে। বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এশিয়া কাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল।
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান এই ছয়দল এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত-পাকিস্তানের গ্রুপে রয়েছে নেপাল।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরমধ্যে চারটি ম্যাচ হবে পাকিস্তানে। বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কাতে। মোট দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে উঠবে। সুপার ফোরের শীর্ষে থাকা দুই দল ফাইনালে মুখোমুখি হবে।
এসিসির বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা সারা বিশ্ব থেকে ক্রিকেট ভক্তদের আমন্ত্রণ জানাচ্ছি এই টুর্নামেন্টের সাক্ষী থাকার জন্য।’
সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, পাকিস্তানের লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে যে চারটি ম্যাচ হতে পারে সেগুলি হল পাকিস্তান বনাম নেপাল, বাংলাদেশ বনাম আফগানিস্থান, আফগানিস্থান বনাম শ্রীলঙ্কা, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। ভারত সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কাতে। গল বা পাল্লিকলে এই ম্যাচ গুলি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের নক আউটের ম্যাচগুলিও হবে দ্বীপরাষ্ট্রেই।

বিগত কয়েক মাস ধরেই এই টুর্নামেন্ট নিয়ে জটিলতা চলছিল। এমনকি দাবি না মানা হলে এশিয়া কাপ বয়কটেরও হুঁশিয়ারি দেয় পিসিবি। ভারত পাকিস্তানের মধ্যে ম্যাচ না হলে এশিয়া কাপের জৌলুস অনেকটাই কমে যেত। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই হল রফাসূত্র। ভারত সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়।

এশিয়া কাপ নিয়ে বিসিসিআই পিসিবির ক্রিকেট রাজনীতি অন্য মাত্রা পায়। তীব্র সংঘাত তৈরি হয় দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। এমনকি এশিয়া কাপের সঙ্গে জুড়ে যায় বিশ্বকাপ ইস্যুও। প্রথমে হাইব্রিড মডেলকে নাকোচ করে দেয় বিসিসিআই। কিন্ত এই মডেলেই অনড় থাকে পিসিবি। শেষ পর্যন্ত মধ্যপন্থার মাধ্যমেই সমস্যার সমাধান হল। এখনও পূর্ণাঙ্গ সূচি ঘোষণা হয়নি। আশা করা হচ্ছে খুব দ্রুত সূচি প্রকাশ পাবে।
২০২২ সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। এবার বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট প্রস্তুতির বড় মঞ্চ এশিয়ার দেশগুলির জন্য।












Click it and Unblock the Notifications