Asia Cup 2023: পাকিস্তানের আতিথেয়তায় মুগ্ধ, ভারত-পাক ম্যাচ নিয়ে কী জানালেন রজার বিনি
বিরাট রোহিতদের পাকিস্তানে না পাঠানোর সিদ্ধান্তে অনড় থাকলেও পিসিবির আমন্ত্রণে প্রতিনিধি পাঠিয়েছে বিসিসিআই।পিসিবির তরফে বিসিসিআইকে যে আমন্ত্রণ জানানো হয়েছিল তার প্রেক্ষিতে সভাপতি রজার বিনি ও সহ সভাপতি রাজীব শুক্লাকে পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত হয়। সোমবারই দুই দিনের সফরে বিসিসিআইয়ের দুই পদাধিকারী পাকিস্তান গিয়েছেন।
সোমবার রাতে পাকিস্তানের পাঞ্জাবের গভর্নর হাউসে আয়োজিত নৈশভোজে অংশ নেন ভারতীয় ক্রিকেট বোর্ডের দুই শীর্ষকর্তা। সেখানে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান দলও ছিল।দীর্ঘদিন পর পাকিস্তান সফরে এলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি। পাকিস্তানের আতিথেয়তায় মুগ্ধ বিনি। একই সঙ্গে ভারত পাক ক্রিকেট গরিমার কথাও তুলে ধরেন বিনি।

নৈশভোজের অনুষ্ঠানে বিসিসিআই সভাপতি বলেন, 'আজকের রাতের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। আমি আপনাদের বিসিসিআই এবং ভারতের ক্রিকেটপ্রেমীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ভারত-পাকিস্তান সবচেয়ে বড় খেলাগুলির একটি। আমি আপনাদের বলতে পারি, ভারত পাকিস্তানের সঙ্গে খেলা হলে সবকিছু থমকে যায়। রাস্তা প্রায় জনশূণ্য হয়ে যায়। সবাই টিভির সামনে বসে পড়েন।'
ভারতীয় ক্রিকেট দল শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে। তার আগে ২০০৬ সালে পাকিস্তান নিজেদের দেশে ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল। সেই সময় ভারতীয় বোর্ডকর্তারা গিয়েছিলেন পাকিস্তানে।ফের একবার পাক ভূমিতে এসে অতীতের স্মৃতিতে ফিরে গেলেন বিনি।
BCCI President Roger Binny's speech at the PCB Gala Dinner at the Governor's House in Lahore.#AsiaCup2023 pic.twitter.com/Zl2tq5MHxW
— Pakistan Cricket (@TheRealPCB) September 4, 2023
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি বলেন, 'আমার কাছে দুটো ভারত পাক ম্যাচ অত্যন্ত স্মরণীয়। একটা শেষ বলে জাভেদ মিয়াদাদের ছক্কা মেরে ম্যাচ জেতানো। অন্য একটি ম্যাচে আমরা ১২৫ রান করেও পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছিলাম।'
রজার বিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন, তবে রাজীব শুক্লা কংগ্রেসের সাংসদ। শুক্লা পাকিস্তান যাওয়ার আগে জানান, এই সফর পুরোটাই ক্রিকেটীয়। এশিয়া কাপের আয়োজক দেশে হিসেবে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। এর সঙ্গে রাজনীতির যোগ নেই।

বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা বলে দিলেন, "এই সফরের মধ্যে কোনও রাজনীতি খুঁজবেন না। আমরা শুধুমাত্র ক্রিকেটের দৃষ্টিভঙ্গি থেকে দু'দিনের সফরে যাচ্ছি। নৈশভোজের আয়োজন করা হয়েছে। পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ টিমও সেখানে উপস্থিত থাকবে।"
চলতি এশিয়া কাপে ভারত পাকিস্তানে খেলতে যেতে অস্বীকার করায় শ্রীলঙ্কায় সরেছে বেশিরভাগ ম্যাচ। ফলে ভারতের সব ম্যাচ হচ্ছে দ্বীপরাষ্ট্রেই।












Click it and Unblock the Notifications