রবিবার ফের ভারত বনাম পাকিস্তান, সুপার ফোরের ম্যাচের ভাগ্য নির্ভর করছে এই লড়াইগুলির উপর
রবিবার, এশিয়া কাপ ২০১৮-এর সুপার ফোর পর্বে ভারত ও পাকিস্তান আবারো মুখোমুখি হচ্ছে। তার আগে দেখে নেওয়া যাক কয়েকটি মুখ্য লড়াই, যেগুলি ম্যাচটির ভাগ্য নির্ধারণ করতে পারে।
রবিবার এশিয়া কাপে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। প্রথম পর্বে গ্রুপ পর্যায়ের ম্যাচে পাকিস্তানকে নকআউট করেছিল ভারত। হেলায় চিরপ্রতিদ্বন্দ্বীদের ৮ উইকেটে হারিয়ে দিয়েছিল। রোববার এই ক্রিকেট যুদ্ধের দ্বিতীয় পর্ব।
বুধবারের সেই ম্যাচের পর সুপার ফোর পর্বে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ৭ উইকেটে আরও একটি সহজ জয় পেয়েছে। অপরদিকে পাকিস্তান পড়েছিল আফগানিস্তানের কড়া চ্যালেঞ্জের সামনে। রুদ্ধশ্বাস লড়াইয়ে একেবারে শেষ ওভারে গিয়ে অভিজ্ঞ শোয়েব মালিকের পরপর একটি ওভার বাউন্ডারি ও বাউন্ডারির সাহায্যে জয় পেয়েছে।
এশিয়া কাপ, সুপার ফোর
ভারত বনাম পাকিস্তান
দুবাই, ভারতীয় সময় বিকেল ৫টায়
সরাসরি সম্প্রচার - স্টার স্পোর্টস
লাইভ স্ট্রিমিং - হটস্টার
সুপার সানডেতে কি হবে? ক্রিকেট বিশেষজ্ঞরা বলেন হাড্ডাহাড্ডি ম্যাচে জয় অনেক সময়ই কোনও দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। কাজেই রবিবার পাকিস্তান দলের কাছ থেকে লড়াই আশা করছে ক্রিকেট বিশ্ব। বিশেষজ্ঞদের মতে মুখ্য যুদ্ধটা দুই দলের মধ্যে হলেও এই ম্যাচে বেশ কয়েকটি ছোট ছোট লড়াই চলবে। সেই লড়াইগুলি যারা জিততে পারবে, তারাই যুদ্ধ জিতে যাবে।

মহম্মদ আমির বনাম রোহিত শর্মা-শিখর ধাওয়ান
প্রথম রাউন্ডে নিঃসন্দেহে লড়াইটা জিতেছিলেন ভারতীয় ওপেনিং জুটি। পাকিস্তান মাত্র ১৬৩ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। কাজেই মাথার উপর স্কোরবোর্ডের চাপটা ছিল না। তাই কোনও রকম ঝুঁকির রাস্তায় না গিয়ে আমিরকে দেখে শুনে খেলেছিলেন রোহিত ও শিখর। কছিন বল ছেড়েছেন। বেছে বেছে শট খেলেছেন এবং একেবারে বলের লাইনে গিয়ে খেলেছেন।
এই বছর আমির ভাল বল করেও এখনও পর্যন্ত বিশেষ উইকেট তুলতে পারছেন না। এশিয়া কাপে এখনও তাঁর ঝুলি শূন্য। দুবাইয়ের পিচও আমিরকে সহায়তা দিচ্ছে না। কিন্তু ভারতীয়রা জানেন তিনি কতটা বিপজ্জনক। অতীতে বহু ম্যাচে তিনি একার হাতে ধ্বংস করেছেন ভারতীয় ব্যাটিং লাইন আপকে। কাজেই ভারত-পাক যুদ্ধের দ্বিতীয় রাউন্ডেও তাঁর বিরুদ্ধে সাবধান থাকতে হবে ভারতীয় ওপেনারদের।

ভূবি-বুমরা বনাম পাক ব্যাটিংয়ের টপ অর্ডার
পাকিস্তানের উপরের দিকে কিন্তু বেশ কয়েকজন উচ্চমানের ব্যাটসম্যান আছেন। ফখর জামান, বাবর আজম, ইমাম উল হক - প্রত্যেকেই দারুণ প্রতিভাবান। বাবর আজমকে তো পাকিস্তান তাদের 'কোহলি ইন মেকিং' বলে। ফখর জামান একাই শতরান করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে বিপাকে ফেলে দিয়েছিলেন। আর আফগানিস্তান ম্যাচেই ইমাম তাঁর দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। এঁদের সঙ্গে আছেন অভিজ্ঞ শোয়েব মালিক।
তবে তাদের সামলা করতে হবে ভারতের ভয়ঙ্কর পেস জুটি ভূবনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরার। দুবাইয়ের উইকেটে পেসারদের জন্য কিছুই নেই। তাও প্রতি ম্যাচেই প্রায় বিপক্ষের টপ অর্ডারে ধস নামাচ্ছেন ভূবি-বুমরা। পিঠের চোট কাটিয়ে ছন্দে ফিরে মাত্র একটি ম্যাচ নিয়েছেন ভূবনেশ্বর কুমার। তারপর থেকে পরের দুই ম্যাচ থেকে ৬ উইকেট তুলে নিয়ে তিনি এখন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। আর বুমরার সংগ্রহ ২ ম্যাচে ৫টি। দুজনেই ওবার প্রতি রান দিয়েছেন ৪-এরও কম।

ভারতের স্পিন বৈচিত্র বনাম পাকিস্তান ব্যাটিং
প্রথম রাউন্ডের যুদ্ধের পর পাক অধইনায়ক জানিয়েছিলেন তাঁরা তৈরি ছিলেন দুই ভারতীয় স্পিনারের জন্য। কিন্তু তৃতীয় জন অর্থাত কেদার যাদব তাদের চমকে দিয়ে উইকেট নিয়ে গিয়েছেন। এখন সেই তালিকায় আরও জুড়েছে রবীন্দ্র জাদেজার নাম। এখন পাক অধিনায়ক কী বলবেন কে জানে?
আসলে ভারতের এই দলের স্পিন বিভাগ এতটাই বৈচিত্রপূর্ণ যে পাকিস্তান কেন যে কোনও দলের সামনেই তাঁরা কঠিন প্রশ্নপত্র নিয়ে হাজির হচ্ছেন। কি নেই ভারতের স্পিনের তুনে! লেগ স্পিনার - যুজবেন্দ্র চাহাল, চায়নাম্যান কূলদীপ যাদব, বাঁহাতি স্পিনার - রবীন্দ্র জাদেজা, অফ স্পিনার - কেদার যাদব। এই স্পিন বৈচিত্রের কড়া প্রশ্নপত্রে সামনে পাক ব্য়াটসম্যানদের পাস করার সম্ভাবনা খুবই কম।












Click it and Unblock the Notifications