এশিয়া কাপ, না থেকেও আছেন, 'বিরাট' ক্ষতি নিয়ে সংঘাত এসিসি ও বিসিসিআইয়ের
এশিয়া কাপে বিরাট কোহলির অনুপস্থিতি নিয়ে সরাসরি সংঘাত বেঁধে গেল বিসিসিআই ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মধ্যে।
এশিয়া কাপে না থেকেও বিরাট কোহলিই কেন্দ্র হয়ে উঠলেন বিতর্কের। তাঁর অনুপস্থিতি নিয়ে সরাসরি সংঘাত বেঁধে গেল বিসিসিআই ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মধ্যে। কারণ কোহলির না থাকা নিয়ে অখুশি এসিসি'র সম্প্রচারকরা। বিসিসিআই অবশ্য চাঁছাছোলা ভাষায় জানিয়ে দিয়েছে দল নির্বাচন একেবারেই তাদের নিজেদের বিষয়।

নিঃসন্দেহে এই মুহুর্তে বিরাট কোহলি এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আকর্ষণ। কাজেই তিনি না থাকা মানে টুর্নামেন্টের জৌলুস এক ধাক্কায় অনেকটাই কমে যাওয়া। এশিয়া কাপ সম্প্রচারের দায়িত্বে আছে স্টার সংস্থা। কোহলি না থাকায় আর্থিক দিক থেকে অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে তারা।
এনিয়ে তারা অসন্তোষ প্রকাশ করে একটি ইমেল করেছিল এসিসি'র গেম ডেভেলপমেন্ট ম্যানেজার থুসিথ পেরেরাকে। তাতে বলা হয়েছে, 'এশিয়া কাপ শুরুর মাত্র ১৫ দিন আগে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানের অনুপস্থিতির ঘোষণা আমাদের জন্য বড় আঘাত এবং এতে টুর্নামেন্ট থেকে আর্থিক লাভ করা আমাদের পক্ষে সমস্যার হবে।'
স্টার সংস্থা এসিসিকে জানায় মিডিয়া রাইট এগ্রিমেন্ট অনুযায়ী এশিয়া কাপে সেরা জাতীয় দলগুলি খেলবে এটা নিশ্চিত করা এসিসির বাধ্যবাধকতা। তাই এনিয়ে বিসিসিআইয়ে সঙ্গে যোগাযোগ করার জন্য চাপ দেওয়া হয়। সেইমতো এসিসি যোগাযোগ করে বিসিসিআইয়ের সঙ্গে।
বিসিসিআই কিন্তু সাফ জানিয়ে দিয়েছে দল নির্বাচনের বিষয়ে বাইরের কারোর প্রভাব মানা হবে না। সিইও রাহুল জোহরি পেরেরাকে জবাবি ইমেলে বলেছেন, 'কোনও টুর্নামেন্টে খেলার জন্য সেরা দল নির্বাচন একেবারেই বিসিসিআইয়ের এক্তিয়ারভুক্ত। কোনও নির্দিষ্ট খেলোয়াড়কে নির্বাচন করার জন্য এসিসি বা তাদের সম্প্রচারকদের চাপ দেওয়ার কোনও জায়গা নেই। নির্বাচক কমিটির দক্ষতা নিয়ে প্রশ্ন তোলারও এক্তিয়ার নেই।'












Click it and Unblock the Notifications