AUS vs IND: কোহলির অধিনায়কত্বে শ্রেষ্ঠত্বের চূড়ায় অশ্বিন, অবসরের কথা শুনে আবেগাচ্ছন্ন বিরাট
AUS vs IND: বিরাট কোহলির সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন দীর্ঘ আলোচনায় মগ্ন ড্রেসিংরুমে বসে। আজ এই ছবিই স্পষ্ট করেছিল, অশ্বিনের অবসর-সম্ভাবনা।
অবশেষে রবিচন্দ্রন অশ্বিন ব্রিসবেনে রোহিত শর্মার পাশে বসেই জানিয়ে দিলেন অবসরের কথা। কালই তিনি দেশে ফিরে আসছেন। যদিও সবচেয়ে বড় যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তা হলো কেন বিসিসিআই অশ্বিনের বিদায়ী টেস্টের বন্দোবস্ত করল না?

বিরাট কোহলির অধিনায়কত্বে অশ্বিন ৫৫টি টেস্ট খেলেছেন। পেয়েছেন ২৯৩ উইকেট। অনিল কুম্বলের অবসরের পর ভারতীয় দল যখন ভালো মানের স্পিনারের সন্ধানে, তখন হরভজনের সঙ্গে জুটি বেঁধে ফুল ফুটিয়েছেন অশ্বিন।
পরবর্তীকালে রবীন্দ্র জাদেজার সঙ্গে অশ্বিনের জুটিও প্রতিপক্ষের ত্রাস হয়ে দাঁড়ায়। নিউজিল্যান্ড সিরিজে অবশ্য ওয়াশিংটন সুন্দরের ব্য়াটে-বলে পারফরম্যান্সের কাছে কিছুটা নিষ্প্রভ দেখাচ্ছিল। অস্ট্রেলিয়ায় অ্যাডিলেড টেস্ট খেললেও বাকি টেস্টগুলিতে তাঁর একাদশে থাকার সম্ভাবনাও ছিল না। ফলে সময়োচিত অবসর।
অশ্বিন ২০১৬ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছিলেন। অনেকবারই তিনি আইসিসি বোলারদের ক্রমতালিকায় টেস্টে শীর্ষস্থানে ছিলেন। ২০১৫ সালে টেস্টে বিশ্বের ১ নম্বর বোলারও হয়েছিলেন।
বিরাট কোহলি এক্স হ্যান্ডলে লিখেছেন, "তোমার সঙ্গে ১৪ বছর খেলেছি। আজ যখন অবসর নেওয়ার কথা জানালে, তখন আবেগাপ্লুত হয়ে যাই। একসঙ্গে এত বছর খেলার নানা স্মৃতি ফ্ল্যাশব্যাকে দেখতে পাচ্ছিলাম। তোমার সঙ্গে এই সফর উপভোগ করেছি। তোমার দক্ষতা, জেতানোর ক্ষেত্রে অবদান ভারতীয় ক্রিকেটে অদ্বিতীয়।"
অশ্বিনকে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি হিসেবে উল্লেখ করে তাঁর বর্ণময় কেরিয়ারের জন্য ধন্যবাদ জানান বিরাট। আগামী দিনে অশ্বিন, তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনদের প্রতি শুভেচ্ছাও জানিয়েছেন। মাইকেল ভন লিখেছেন, ধন্যবাদ অশ্বিন। ভারতের হয়ে আপনাকে খেলতে দেখে খুবই ভালো লাগতো।
হরভজন সিং এক্স হ্যান্ডলে লেখেন, অনবদ্য কেরিয়ারের জন্য অভিনন্দন। টেস্ট ক্রিকেটার হিসেবে আপনার উচ্চাকাঙ্ক্ষা তারিফযোগ্য। এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় দলের স্পিন বিভাগের পতাকা বহন করেছেন। ওয়েল ডান। যে কীর্তিগুলি স্থাপন করেছেন তার জন্য গর্বিত হবেন। আশা করি, অমাদের এখন মাঝেমধ্যেই দেখা হবে।
অজিঙ্ক রাহানে এক্স হ্যান্ডলে লিখেছেন, "অনবদ্য সফরের জন্য অভিনন্দন। তোমার বোলিংয়ের সময় স্লিপে দাঁড়ানো সব সময় প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। কখনও একঘেঁয়ে লাগেনি। প্রতি বলেই মনে হতো, ক্যাচ আসতে পারে। আগামী অধ্যায়ের জন্য অভিনন্দন।"
দীনেশ কার্তিক অশ্বিনকে গ্রেটেস্ট অব অল টাইমস বলে অভিহিত করে এক্স হ্যান্ডলে লিখেছেন, "অসাধারণ কেরিয়ারের জন্য অভিনন্দন। তোমার সঙ্গে খেলার সুযোগ পেয়ে গর্বিত। বিশেষ করে তামিলনাড়ুর সর্বকালের সেরার সঙ্গে খেলেছি। পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে অবসর জীবন যাপন করো। অনেক ভালোবাসা।"












Click it and Unblock the Notifications