Ashwin Retires: অশ্বিনকে লাগাতার অপমানিত হতে হয়েছে! অবসরে অবাক বাবা রবিচন্দ্রনের দাবিতে শোরগোল
Ashwin Retires: রবিচন্দ্রন অশ্বিন ব্রিসবেন থেকে আজই ফিরলেন চেন্নাইয়ের বাড়িতে। উষ্ণ অভ্যর্থতা মনে করাল ২০১১ সালে বিশ্বকাপ জিতে ফেরার স্মৃতি।
তবে এরই মধ্যে অশ্বিনের বাবা রবিচন্দ্রনের দাবি, তাঁর ছেলেকে বারবার অপমানিত হতে হয়েছে। ছেলের আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তে তিনি অবাক।

রবিচন্দ্রন সিএনএন নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমিও শেষ মুহূর্তে জেনেছি অশ্বিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা। তাঁর মনে কী চলছিল আমি জানি না। তবে আমিও সাদরে এই সিদ্ধান্তটিকে সমর্থন জানাচ্ছি। তবে একদিকে যেমন অবসরের সিদ্ধান্তে আমি খুশি, তেমনই মনে করি আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল।
ব্রিসবেনের পর আজ চেন্নাইয়েও সদ্য প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটার অশ্বিন অবসর নিলেও ক্রিকেটার অশ্বিনের অবসর হয়নি। চেন্নাই সুপার কিংসের হয়ে আরও কয়েক বছর খেলার পরিকল্পনার কথাও জানান অশ্বিন।
সেখানেই খটকা। তাহলে এত তাড়াহুড়ো করে আচমকা কেন অবসর? অশ্বিনের বাবা সাক্ষাৎকারে বলেছেন, অবসর নেওয়া তাঁর ইচ্ছা, তাঁর সিদ্ধান্ত। এ ব্যাপারে আমি যেতে চাই না। কিন্তু যেভাবে এই অবসর ঘোষণা, তাতে মনে হচ্ছে বেশ কিছু কারণ থাকতে পারে। যা অশ্বিনের পক্ষে প্রকাশ করাই সম্ভব। হয়তো অপমানিত হয়েই এই সিদ্ধান্ত।
ভারত অধিনায়ক রোহিত শর্মা গতকালই বলেছেন, তিনি পারথে গিয়ে অশ্বিনের অবসর-পরিকল্পনা জানতে পারেন। তখন পারথ টেস্ট শুরু হয়ে গিয়েছিল। এরপরই অশ্বিনকে দিন-রাতের টেস্ট পর্যন্ত কিছু না ঘোষণার অনুরোধ করেন রোহিত। অশ্বিন অ্যাডিলেড টেস্টে খেলেন। ব্রিসবেনে বাদ পড়েন। সেই টেস্ট শেষ হতেই অবসর ঘোষণা।
অশ্বিন ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর এই অবসর ঘোষণা তাঁর পরিবারের কাছে যে বড় শক তা মেনে নিয়েছেন বাবা রবিচন্দ্রন। তিনি বলেন, এমন কিছু হতে পারে তাঁর আঁচ আমরা করেছিলাম যেভাবে তাঁকে অপমান করা হচ্ছিল। কতদিন তা সহ্য করা যায়? সবদিক বিবেচনা করেই ছেলে সিদ্ধান্ত নিয়েছেন বলে উপলব্ধি রবিচন্দ্রনের।
রবিচন্দ্রন বলেন, অশ্বিনের ক্রিকেটীয় বিষয়ে আমার সেভাবে অবদান নেই। আমি অশ্বিনকে বাইকে করে প্র্যাকটিসে দিতে যেতাম, নিয়ে আসতাম। তবে পড়াশোনা ও ক্রিকেটে ফোকাস করতে উৎসাহ দিয়েছি। বাড়িতে সে সব নিয়েই কথা হয়েছে। বাকিটা নিজের বুদ্ধিমত্তা ও দক্ষতা দিয়ে অশ্বিনই করে দেখিয়েছেন।
বাড়ি ফিরে এদিন উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত অশ্বিন বলেন, এত বছর টেস্ট ক্রিকেট খেলেছি। কিন্তু আজ ফিরে যা দেখছি, তা ২০১১ সালে বিশ্বকাপ জিতে ফেরার সময়ের মতো। অশ্বিনের দাবি, অবসরের কথা বেশ কিছুটা সময় ধরেই মাথায় ঘুরছিল। ব্রিসবেন টেস্টের চতুর্থ দিন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে পঞ্চম দিনে ঘোষণা করেছেন মাত্র।












Click it and Unblock the Notifications