Ashwin Retires: দলের জন্য আন্তরিক অবদান থেকে ক্যারম বলের প্রসঙ্গ, অশ্বিনের জন্য বার্তায় কী লিখলেন মোদী?
বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে চমকে দিয়েছেন আর অশ্বিন। অবসর নিয়ে বৃহস্পতিবারই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এসেছেন সদ্য ভারতীয় দল থেকে প্রাক্তন হওয়া এই ক্রিকেটার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারকা স্পিনারের কাছে একটি হৃদয়গ্রাহী চিঠি লিখে তাঁর কেরিয়ারের জন্য অভিনন্দন জানিয়েছেন।
মোদী তাঁর দীর্ঘ দুই পাতার চিঠিতে অশ্বিনের কেরিয়ারের একাধিক মাইলস্টোনগুলি তুলে ধরেছেন। একইসঙ্গে ভারতীয় দলে খেলার সময় যেভাবে পারিবারিক দায়িত্বও সামলেছেন সফলভাবে সেটাও উল্লেখ করেছেন। ক্রিকেট কেরিয়ারের পাশাপাশি পারিবারিক জীবনেও কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছিল অশ্বিনকে। চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চলাকালীন মা অসুস্থ হয়ে পড়েন। টেস্টের মধ্যেই দল শিবির ছাড়েন। কিন্তু আবার দলে ফিরে যান পারিবারিক দায়িত্ব সামলে।

মোদী চিঠিতে আরও লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপনার অবসরের ঘোষণা ভারত এবং সারা বিশ্বের ভক্তদের অবাক করেছে। আমরা সকলেই উপলব্ধি করতে পারি অবশ্যই আপনার জন্য একটি কঠিন সিদ্ধান্ত ছিল, বিশেষ করে ভারতের হয়ে আপনার অসাধারণ কেরিয়ারের পরে।
অশ্বিনের কেরিয়ারের সঙ্গে যুক্ত আছে ক্যারম বলের প্রসঙ্গ। ক্যারম বল নিয়েও অশ্বিনের ভূয়সী প্রশংসা করেছেন মোদী। প্রধানমন্ত্রী লিখেছেন, ক্যারম বলের মাধ্যমে আপনি অনেক বারই প্রতিপক্ষ দলের ব্যাটারদের আউট করেছিলেন। এতে আপনার বোলিংয়ের দক্ষতা প্রমাণিত হয়।
উল্লেখ্য ভারত তথা বিশ্ব ক্রিকেট শুধু অশ্বিনকে একজন সেরা স্পিনার এবং একাধিক রেকর্ড ও মাইলস্টোন সৃষ্টির কারিগড় হিসেবেই মনে রাখবে না একইসঙ্গে আধুনিক ক্রিকেটে ক্যারম বলের উন্নততর রূপকার হিসেবেও স্মরণ করবে।
ভারতীয় ক্রিকেটে সর্বকালের সেরা স্পিনারদের তালিকায় নিজের নাম আগেই যুক্ত করেছেন আর অশ্বিন। গত বুধবার একগুচ্ছ রেকর্ড এবং ভালো-মন্দের স্মৃতিকে সঙ্গী করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন অশ্বিন। অশ্বিন টেস্টে ৫৩৭টি, একদিনের ক্রিকেটে ১৫৬টি এবং টি২০ ক্রিকেটে ৭২টি উইকেট সংগ্রহ করছেন। সব মিলিয়ে সংখ্যাটা ৭৬৫।












Click it and Unblock the Notifications