রাহুল দ্রাবিড়ের হয়ে সওয়াল রবিচন্দ্রন অশ্বিনের, ভারতীয় দলে কি এবার নতুন টি ২০ কোচ?
টি ২০ বিশ্বকাপের পর গত বছর পাকাপাকিভাবে রাহুল দ্রাবিড়কে তিন ফরম্যাটের হেড কোচ নিয়োগ করেছিল বিসিসিআই। যদিও এবারের টি ২০ বিশ্বকাপে ভারত সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর বিসিসিআই স্প্লিট ক্যাপ্টেন্সি ও স্প্লিট কোচিংয়ের পথে হাঁটতে পারে। আর তাতেই রাহুল দ্রাবিড়কে টি ২০ দলের হেড কোচের পদ থেকে সরানো নিয়ে জল্পনা তুঙ্গে।

স্প্লিট কোচিংয়ের পথে বিসিসিআই?
রাহুল দ্রাবিড়-সহ টি ২০ বিশ্বকাপের সমস্ত সাপোর্ট স্টাফকেই নিউজিল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হয়েছে। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারও ছুটিতে রয়েছেন। তবে বাংলাদেশ সফরে ভারত যাবে পূর্ণশক্তি নিয়েই। এরই মধ্যে বিসিসিআই টি ২০ বিশ্বকাপে ব্যর্থতার জেরে চেতন শর্মার নেতত্বাধীন নির্বাচকমণ্ডলী ভেঙে দিয়েছে। পাঁচজন নতুন নির্বাচক নিয়োগের প্রস্তুতিও শুরু হয়েছে। এই আবহে রাহুল দ্রাবিড়ের তিন ফরম্যাটে কোচ থাকার সম্ভাবনা বেশ কম বলেই বিসিসিআই সূত্রে খবর।

শাস্ত্রীর সমালোচনা
রাহুল দ্রাবিড় টি ২০ বিশ্বকাপে দলের ব্যর্থতার পর নিউজিল্যান্ড সফরে ছুটি নেওয়ায় তাঁর পূর্বসূরী রবি শাস্ত্রী সরব হয়েছেন। ভারতের প্রাক্তন হেড কোচ সম্প্রতি বলেন, আমি ব্রেকে বিশ্বাসী নই। আমি দল এবং প্লেয়ারদের বুঝে নিয়ে হেড কোচ হিসেবে নিয়ন্ত্রণ বজায় রাখার পক্ষপাতী। এত ব্রেকের কী প্রয়োজন? ২-৩ মাস ধরে আইপিএল চলে। একজন কোচ হিসেবে বিশ্রাম নেওয়ার তা যথেষ্ট সময়। ফলে আমি মনে করি, ভারতের কোচ হিসেবে সব সময়ই দলের সঙ্গে থাকা উচিত।

অশ্বিনের সমর্থন দ্রাবিড়কে
যদিও রাহুল দ্রাবিড়ের পক্ষে ব্যাট ধরেছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি দ্রাবিড়ের বিশ্রাম নেওয়ায় দোষের কিছু দেখছেন না। তাঁর কথায়, আমি বলতেই পারি কেন লক্ষ্মণ আলাদা দল নিয়ে নিউজিল্যান্ডে গিয়েছেন, যদিও সেটার ব্যাখ্যাও আলাদাভাবে করা হতেই পারে। রাহুল দ্রাবিড় সমস্ত সাপোর্ট স্টাফকে নিয়ে টি ২০ বিশ্বকাপের প্রস্তুতিতে কঠোর পরিশ্রম চালিয়েছেন। পরিকল্পনা থেকে সব কিছু, যা আমি খুব কাছ থেকে দেখেছি। প্রতিটি স্টেডিয়াম, প্রতিটি প্রতিপক্ষ নিয়ে আলাদা আলাদা পরিকল্পনা করেছিলেন। ফলে শারীরিক ও মানসিক ক্লান্তি বা বার্নআউটের সম্ভাবনা থাকেই। সে কারণে ব্রেক নেওয়াটা জরুরি। নিউজিল্যান্ড সিরিজের পরই বাংলাদেশ সফর রয়েছে। সে কারণেই নিউজিল্যান্ডে লক্ষ্মণের নেতৃত্বে অন্যান্য সাপোর্ট স্টাফদের পাঠানো হয়েছে।

রাহুল-রোহিতের সঙ্গে কথা বিসিসিআইয়ের
এদিকে, একটি জনপ্রিয় ওয়েবসাইটের দাবি, বিসিসিআই টি ২০ আন্তর্জাতিক ফরম্যাটে আলাদা অধিনায়ক ও কোচ রাখার পরিকল্পনা করছে। হার্দিক পাণ্ডিয়া হতে চলেছেন টি ২০ অধিনায়ক। তবে রাহুল দ্রাবিড়ের জায়গায় টি ২০ হেড কোচ হিসেবে কে স্থলাভিষিক্ত হবেন তা এখনও চূড়ান্ত নয়। নতুন টি ২০ অধিনায়ক নিয়ে রোহিত শর্মার সঙ্গেও বোর্ডকর্তাদের কথা চলছে। একইভাবে কথা বলা হবে দ্রাবিড়ের সঙ্গেও। ওয়ার্কলোড কমালে তা আখেরে দলের পক্ষে ইতিবাচক হবে বলেই মনে করছে বিসিসিআই। মহেন্দ্র সিং ধোনিকে ডিরেক্টর অব ক্রিকেট পদে আনার জল্পনা রয়েছে। দ্রাবিড় টেস্ট ও ওডিআই দলের হেড কোচ থাকবেন। রোহিত এই দুই ফরম্যাটে আপাতত অধিনায়ক থাকবেন। হার্দিককে ক্যাপ্টেন করা হবে ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপের কথা ভেবে।












Click it and Unblock the Notifications