IPL 2021: অশ্বিনের কড়া বার্তা মর্গ্যান-সাউদিকে! নাইটদের কোন কথায় চটে লাল দিল্লি ক্যাপিটালস তারকা?

'শেষ হইয়াও হইল না শেষ'! কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস ম্যাচের বিতর্ককে এভাবেই ব্যাখ্য়া করা যায়। শারজায় ওই ম্যাচ চলাকালীন ইয়ন মর্গ্যান ও টিম সাউদির কটু কথার মাঠে দাঁড়িয়েই জবাব দিয়েছিলেন। শান্তি স্থাপনে এগিয়ে আসেন দীনেশ কার্তিক। ম্যাচের পর দুই শিবিরই চাইছিল না বিষয়টি নিয়ে জলঘোলা হোক। কিন্তু প্রতিবাদী মুখ রবিচন্দ্রন অশ্বিন আজ একের পর এক টুইটে কড়া বার্তা দিলেন মর্গ্যান ও সাউদির উদ্দেশে। যাতে গোটা ঘটনা এক অন্য মাত্রা পেল।

অশ্বিনের কড়া বার্তা মর্গ্যান-সাউদিকে

ঘটনার সূত্রপাত একটি রান নেওয়াকে কেন্দ্র করে। রাহুল ত্রিপাঠির থ্রো দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থের গায়ে লাগলে অশ্বিন রান নিতে দৌড়ান। ক্রিকেটের নিয়মে যা একেবারেই নিয়ম বহির্ভূতও নয়। এমনকী ২০১৯ বিশ্বকাপের ফাইনালে রান নেওয়ার সময় বেন স্টোকসের ব্যাটে থ্রো এসে লাগার পরও ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন ইংল্যান্ডই ওভারথ্রোয় চার রান পেয়েছিল। এর আগে মাঁকড়ীয় আউট নিয়ে অশ্বিনকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তখনও অশ্বিন দাবি করেছিলেন, নিয়মের বাইরে তিনি কিছু করেন না। এবার তাঁর রান নেওয়ার বিষয়ে কেকেআর-দিল্লি ক্যাপিটালস ম্যাচের উত্তাপ বাড়লেও এখনও সেই একই মনোভাবে অনড় রবিচন্দ্রন অশ্বিন।

জানা গিয়েছে, কেকেআরের হয়ে প্রথম ম্যাচেই খেলতে নামা টিম সাউদি অশ্বিন আউট হওয়ার নাকি বলেছেন, খেলার সময় প্রতারণা করলে এমনটাই হয়। যা শুনে অশ্বিনকেও কিছু বলতে দেখা যায় সাউদিকে। ঠিক তখনই মর্গ্যান অশ্বিনের উদ্দেশে বলছেন, তিনি যা করেছেন তা ক্রিকেটীয় স্পিরিটের পক্ষে অবমাননাকর। তখন মর্গ্যানের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে তাঁর দিকে এগিয়ে যেতে থাকেন অশ্বিন। ছুটে এসে দুজনকে সরিয়ে দিয়েছিলেন দীনেশ কার্তিক। শান্তি স্থাপন করতে পেরে তাঁর যে ভালো লেগেছে সে কথা বলেছিলেন কার্তিক। তবে পন্থ বিতর্ক নিয়ে খুব বেশি না বললেও অশ্বিন যে ভুল কিছু করেননি তা বুঝিয়ে দেন। পরে ইয়ন মর্গ্যানও বলেছিলেন, মাঠের গরম পরিবেশে এমন ঘটনা হতেই পারে। তবে দুই দলই স্পিরিট মেনেই খেলেছে। মর্গ্যানকে শূন্য রানে আউট করার পরও সেই ম্যাচে অশ্বিনের অ্যাগ্রেসন সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়ায়।

এরপর অশ্বিনের আজকের টুইট গোটা বিষয়টিতে অন্য মাত্রা যোগ করল। অশ্বিন দাবি করেছেন, রান নেওয়ার সময় তিনি খেয়াল করেননি পন্থের গায়ে বল লেগেছিল কিনা। তবে লাগলে এরপরও তিনি রান নিতে ছুটবেন, কারণ সেটা ক্রিকেটের নিয়ম বহির্ভূত নয়। তাঁর আচরণ ক্রিকেটীয় স্পিরিটের পক্ষে অবমাননাকর বলে মর্গ্যানের দাবিকেও মানতে নারাজ অশ্বিন। বরং পাল্টা তিনি বলেছেন, আমাকে ক্রিকেটীয় স্পিরিট শেখাতে মর্গ্যান বা সাউদির ভাষণ দেওয়ার দরকার নেই। অশ্বিন আরও জানিয়েছেন, ন্যায়ের পথে থাকার শিক্ষা তিনি শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের থেকেই পেয়েছেন। বরং মর্গ্যানরা তাঁদের সন্তানদের সেই শিক্ষা দিন! মর্গ্যান বা সাউদির ক্রিকেট জগতের যাবতীয় বিশ্বাস ঠিক না ভুল তাকেও পাত্তা দেননি অশ্বিন। তবে তাঁরা যা অবমাননাকর কথাবার্তা বলে থাকেন তাতে তাঁদের ক্রিকেটীয় স্পিরিট শেখানো নিয়ে নীতিজ্ঞান শেখানোর এক্তিয়ার নেই বলেই দাবি ভারতের নির্ভরযোগ্য স্পিনারের।

মাঠের এই ঘটনা থেকেই কাউকে ভালো বা খারাপ হিসেবে যেভাবে চিহ্নিত করা হচ্ছে তাতেও প্রবল অসন্তুষ্ট অশ্বিন। তিনি সমালোচকদের পরামর্শ দিয়ে বলেছেন, যে লাখো লাখো ছেলে-মেয়ে ক্রিকেটকেই কেরিয়ার হিসেবে এগিয়ে চলেছেন তাঁদের এই শিক্ষাই দেওয়া হোক যে খারাপ থ্রোয় নেওয়া একটা রান তাঁদের কেরিয়ারকে অন্য উচ্চতাতেও তুলে দিতে পারে। ক্রিকেট মাঠের সিদ্ধান্তে কাউকে খারাপ বলে দেগে দেওয়া যায় না। মাঠে ক্রিকেটের নিয়ম মেনে একজন ক্রিকেটারদের সর্বস্ব উজাড় করে দেওয়াটাই কাম্য। একইভাবে খেলার শেষে পরস্পরের হাত মেলানোটাই আমার কাছে ক্রিকেটীয় স্পিরিটের একমাত্র সংজ্ঞা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+