অশ্বিন-উমেশ সাইক্লোনে ইন্দোর টেস্টে ম্যাচে ফিরল ভারত, অস্ট্রেলিয়াকে থামিয়ে দিল ১৯৭ রানে
ইন্দোর টেস্টে ভারতের ১০৯ রানের জবাবে ১৯৭ রানে শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ১১ রানে শেষ ৬টি উইকেট পড়ল অজিদের।
ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন সাক্ষী থাকল নাটকীয় পালাবদলের। প্রথম ঘণ্টাটি যদি হয় অস্ট্রেলিয়ার, তবে পরে মিনিট চল্লিশের মধ্যেই বিধ্বস্ত স্টিভ স্মিথের দল। ৫.৩ ওভারে ১১ রানের মধ্যে শেষ ৬টি উইকেট হারাল অস্ট্রেলিয়া। ভারত প্রথম ইনিংসে করেছিল ১০৯ রান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামল ১৯৭ রানে। এদিন তিনটি করে উইকেট দখল করলেন রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব।

প্রথম ঘণ্টার পরই ধাক্কা
অস্ট্রেলিয়া গতকাল প্রথম দিনের শেষে তুলেছিল ৫৪ ওভারে ৪ উইকেটে ১৫৬ রান। আজ প্রথম ঘণ্টায় কোনও উইকেট পড়েনি। জলপানের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর পৌঁছে যায় ৭০ ওভারে ৪ উইকেটে ১৮৬ রানে। এরপরই ম্যাচে ফেরে ভারত। ৭১তম ওভারের শেষ বলে পিটার হ্যান্ডসকম্বকে প্রথম সাজঘরে ফেরান অশ্বিন। ৯৮ বল খেলে তিনি করেন ১৯ রান। ১৮৬ রানে পড়ে পঞ্চম উইকেট।
|
অশ্বিন-উমেশ সাইক্লোন
৭২তম ওভারের শেষ বলে ক্যামেরন গ্রিন লেগ বিফোর হন উমেশ যাদবের বলে। আম্পায়ার আউট দিলে গ্রিন রিভিউ নেন। কিন্তু সেটি আম্পায়ার্স কল হওয়ায় প্যাভিলিয়নের পথ ধরতে হয় গ্রিনকে। ৫৭ বলে ২১ রান করে তিনি আউট হন দলের ১৮৮ রানের মাথায়। ৭৩.৩ ওভারে মিচেল স্টার্কের উইকেট ছিটকে দেন উমেশ যাদব। স্টার্ক ৩ বলে ১ রান করে আউট হলে অজিদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৯২। ৭৪.১ ওভারে অ্যালেক্স ক্যারি লেগ বিফোর হন অশ্বিনের বলে। রিভিউ নিয়েও রক্ষা পাননি। ৭ বলে তিন রানে আউট অজি উইকেটকিপার। ১৯৬ রানে অস্ট্রেলিয়ার অষ্টম উইকেট।
|
১১ রানে শেষ ৬ উইকেট
এরপর ১৯৭ রানেই পড়ে শেষ দুটি উইকেট। ৭৫.৩ ওভারে টড মার্ফি ক্লিন বোল্ড হয়ে যান উমেশের বলে। তিনি ৬ বল খেলে কোনও রান করতে পারেননি। নাথান লিয়ঁ স্যুইপ মারতে গিয়ে অশ্বিনের বলে বোল্ড হয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে যবনিকা পতন হয়। লিয়ঁ ৮ বলে ৫ রান করেন। গতকাল রবীন্দ্র জাদেজা চারটি উইকেট নিলেও এদিন কোনও উইকেট তুলতে পারেননি। তাঁর বোলিং ফিগার ৩২ ওভার ৮ মেডেন ৭৮ রানে ৪ উইকেট। রবিচন্দ্রন অশ্বিন ২০.৩ ওভার করেছেন, ৪টি মেডেন, ৪৪ রান দিয়ে তিনি তিনটি উইকেট পান। উমেশ যাদব পুরানো বলে রিভার্স স্য়ুইংয়ের ভেল্কি দেখান। পাঁচ ওভারে ১২ রান দিয়ে তিনি নেন ৩টি উইকেট।
|
কত রানের টার্গেট নিরাপদ?
মধ্যাহ্নভোজের বিরতিতে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৪ ওভারে বিনা উইকেটে ১৩। রোহিত শর্মা ৫ ও শুভমান গিল ৪ রানে ক্রিজে রয়েছেন। এই সময় অবধি অস্ট্রেলিয়ার চেয়ে ৭৫ রানে পিছিয়ে রোহিত শর্মার দল। কঠিন পিচে অস্ট্রেলিয়ার সামনে কত রানের টার্গেট ভারত দিতে পারে সেদিকেই তাকিয়ে সকলে।
(ছবি- পিটিআই)












Click it and Unblock the Notifications