Ashwin Retires: জুটিতে লুটি! বোলিং থেকে ব্যাটিং হিট অশ্বিন-জাদেজার পার্টনারশিপ, দেখুন পরিসংখ্যান
কথায় আছে জুটিতে লুটি। ক্রিকেট দলগত খেলা। ব্যক্তিগত পারফরম্যান্সের সঙ্গে দলীয় সংহতির মিশেল ঘটলেই আসে সাফল্য। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সৌরভ-সচিন থেকে দ্রাবিড়-লক্ষণ, ভারতীয় ক্রিকেট সাক্ষী থেকেছে বহু ব্যাটিং জুটির। কিন্তু ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়েও জুটি বেঁধে ভারতকে ম্যাচের পর ম্যাচ বৈতরণী পার করেছেন এমন নাম খুব কমই আছে। সাম্প্রতিক অতীতে ভারতীয় ক্রিকেটে সব থেকে হিট জুটির নাম অশ্বিন -জাদেজা।
কথা হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে নিয়ে। সাদা জার্সির ম্যাচে অশ্বিন-জাদেজা মানেই জয়-বীরু। ব্যাট হোক বা বল দুই জনেই জুটি বেঁধে ভারতকে বহু ম্যাচ জিতিয়েছেন এমনকি নিশ্চিত হারের মুখ থেকে বাঁচিয়েছেন। বুধবার বৃষ্টি ভেজা ব্রিসবেনে অশ্বিনের অবসরের সঙ্গে সঙ্গেই সমাপ্ত হল অশ্বিন-জাড্ডু জুটিরও। থেকে গেল কিছু রেকর্ড এবং পরিসংখ্যান যা ভারতীয় ক্রিকেটে চির উজ্জ্বল থাকবে।

অশ্বিন জাদেজা দুই জনেই ভারতীয় দলের প্রথম একাদশে ছিলেন এমন টেস্ট ম্যাচ ভারত ঘরের মাঠে ৪৫টি খেলেছে। এরমধ্যে ৩৪টি ভারত জিতেছে। হেরেছে মাত্র ৩ ম্যাচে। এই ৪৫ টেস্ট ম্যাচের মধ্যে অশ্বিন ব্যাট হাতে করেছেন ১১৪১ রান এবং জাদেজা করেছেন ১৯১০ রান। চলতি বছরে চেন্নাইতে বাংলাদেশের বিরুদ্ধে ১৯৫ রানের জুটি গড়েন অশ্বিন এবং জাদেজা। বাংলাদেশের বিরুদ্ধে এটাই ভারতের সর্বাধিক রানের জুটি। সপ্তম উইকেটে এটাই ভারতের সর্বাধিক রানের জুটি।
দুই বোলারই টেস্টে ৩০০-র বেশি উইকেট নিয়েছেন। জাদেজা টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ১৭,৪২৮ বলে এবং অশ্বিন ৩০০ উইকেট পেয়েছেন ১৫,৬৩৬ বলে। তবে পরিসংখ্যান দিয়ে শুধু অশ্বিন জাদেজা জুটিকে মাপলে হবে না এই জুটির গভীরতা আরও বেশি। ৫০ টেস্টে দুই জনে নিয়েছেন ৫০৩ উইকেট।
একটা সময় ছিল ভারতীয় ক্রিকেটে বিশেষ করে টেস্টে বোলিং জুটি বলতে বোঝাতো হরভজন এবং কুম্বলকে। এই জুটি ৫৪ টেস্টে নিয়েছেন ৫০১ উইকেট। দেশের মাঠে স্পিনিং উইকেটে জয়ের মূল ভূমিকা নিতেন এই দুই জনে। কিন্তু হরভজন বাা কুম্বলেরর অবসরের পর ভারতীয় ক্রিকেট সুপারহিট জুটির নাম অশ্বিন জাদেজা। দুই জনের ভারতকে বহু ম্যাচ যেমন জিতিয়েছেন তেমনই ম্যাচ হারের হাত থেকে রক্ষা করেছেন। দেশে হোক বা বিদেশে ভারতীয় টেস্ট দলে অশ্বিন জাদেজা নামটা কমন হয়ে গিয়েছিল।
কিন্তু বুধবারের পর এই জুটিও অতীত হয়ে গেল। থেকে গেল কিছু রেকর্ড ও পরিসংখ্যান এবং জয়ের স্মৃতি।












Click it and Unblock the Notifications