Ashes 2023: বৃষ্টিতে ধুয়ে গেল ইংল্যান্ডের আশা, ম্যানচেস্টারেই অ্যাশেজ দখলে রাখা নিশ্চিত অস্ট্রেলিয়ার
Ashes 2023: বৃষ্টিবিঘ্নিত ম্যানচেস্টার টেস্ট ড্র হয়ে গেল। আর তার ফলে ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া দেশে ফিরবে অ্যাশেজ দখলে রেখেই। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে হারিয়ে খেতাব জয়ের পর ফের সাফল্য অজিদের।
পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে প্যাট কামিন্সের দল। ওভালে ২৭ জুলাই থেকে শুরু হবে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট।

চলতি অ্যাশেজের প্রথম দুটি টেস্টে অস্ট্রেলিয়া জয়লাভ করেছিল। বার্মিংহ্যামে ২ উইকেটে এবং লর্ডসে জয় এসেছিল ৪৩ রানে। এরপর লিডসে তৃতীয় টেস্টে ইংল্যান্ড জয়ের মুখ দেখে। চতুর্থ টেস্ট ড্র হয়ে যাওয়ায় দুই দলই পেল চার পয়েন্ট করে। পঞ্চম টেস্ট ইংল্যান্ড জিতলে সিরিজ ২-২ হবে। কিন্তু যেহেতু অস্ট্রেলিয়া সিরিজ হারছে না তাই তাদের দখলেই থাকল অ্যাশেজ।
ম্যানচেস্টার টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছিল ৯০.২ ওভারে ৩১৭ রান। মার্নাস লাবুশেন ও মিচেল মার্শ দুজনেই ৫১ রান করেছিলেন। ক্রিস ওকস নেন পাঁচ উইকেট। জবাবে খেলতে নেমে ১০৭.৪ ওভারে ৫৯২ তোলে ইংল্যান্ড। রান রেট ছিল ৫.৪৯। ১৮২ বলে ১৮৯ রান করেন জ্যাক ক্রলি। জনি বেয়ারস্টো অপরাজিত ছিলেন ৯৯ রানে। জশ হ্যাজলউড নেন ৫ উইকেট।

এরপর দ্বিতীয় ইনিংসে মার্নাস লাবুশেনের ১৭৩ বলে ১১১ রানের দৌলতে অস্ট্রেলিয়া টেস্টের চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে পৌঁছয় ৭১ ওভারে পাঁচ উইকেটে ২১৪ রানে। ফলে পঞ্চম দিনে পুরো খেলা হলে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা থাকতো। কিন্তু পঞ্চম দিনে বৃষ্টি থামেনি। সে কারণেই শেষ অবধি টেস্ট ড্র বলে জানিয়ে দেন আম্পায়াররা। ৫ উইকেটের মধ্যে তিনটি উইকেট মার্ক উডের।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণের পয়েন্ট তালিকায় ভারত ও পাকিস্তান রয়েছে যুগ্মশীর্ষে। দুই দেশই একটি করে টেস্ট খেলে পুরো ১২ পয়েন্ট সংগ্রহ করেছে, সাফল্যের হার ১০০ শতাংশ। চারটি টেস্টে ২টি জয়, একটি হার ও একটি ড্রয়ের ফলে অজিদের সাফল্যের হার ৫৪.১৭ শতাংশ, পয়েন্ট ২৬। ইংল্যান্ড রয়েছে অজিদের পরেই, পয়েন্ট পেয়েছে ১৪, সাফল্যের হার ২৯.১৭ শতাংশ।












Click it and Unblock the Notifications