Ashes 2023: অ্যাশেজে ইংল্যান্ডের বাজবল কৌশলে অস্ট্রেলিয়া চাপে, রুট শতরান হাঁকিয়ে স্মিথের কাছাকাছি
Ashes 2023: অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজ খেলতে নেমেছে ইংল্যান্ডের মাটিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিতে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের প্রথম বলটি আজ পড়ল বার্মিংহ্যামে।
প্রথম দিনেই ইংল্যান্ড বাজবল কৌশলে দাপট দেখাল। বার্মিংহ্যাম টেস্টে প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করতে নেমে ৭৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯৩ রানে তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করল ইংল্যান্ড। জো রুট হাঁকালেন শতরান।

জো রুট এদিন কেরিয়ারের ৩০তম টেস্ট শতরানটি পেলেন। সাতটি চার ও চারটি ছয়ের সাহায্যে ১৫২ বলে ১১৮ রান করে তিনি অপরাজিত থাকলেন। ১২টি চারের সাহায্যে ৭৮ বলে ৭৮ রান জনি বেয়ারস্টোর। ওপেনার জ্যাক ক্রলি ৭৩ বলে ৬১ রান করেন।

প্রথম সেশনে ইংল্যান্ডের স্কোর ছিল ২৬.৪ ওভারে ৩ উইকেটে ১২৪। ২০.২ ওভারেই ১০০ রান পূর্ণ করেছিল বেন স্টোকসের দল। চা বিরতিতে স্কোর ছিল ৫২ ওভারে ৫ উইকেটে ২৪০। ৪৩.৪ ওভারে ২০০ রান পূর্ণ করার পর ইংল্যান্ড ৩০০ রানে পৌঁছে যায় ৬২.৫ ওভারেই।

বেন ডাকেট ১২, অলি পোপ ৩১, হ্যারি ব্রুক ৩২, স্টোকস ১, মঈন আলি ১৮, স্টুয়ার্ট ব্রড ১৬ রান করেন। অলি রবিনসন অপরাজিত থাকেন ১৭ রানে। টেস্টে অবসর ভেঙে অ্যাশেজে খেলছেন মঈন। দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ ওভারে ১৪। ডেভিড ওয়ার্নার ৮ ও উসমান খোয়াজা ৪ রানে অপরাজিত।

অস্ট্রেলিয়ার সফলতম বোলার নাথান লিয়ঁ। ২৯ ওভারে ১৪৯ রান দিয়ে তিনি চার উইকেট নিয়েছেন। মিচেল স্টার্ককে বাইরে রেখে এই টেস্টে জশ হ্যাজলউডকে খেলাচ্ছে অজিরা। ১৫ ওভারে ৬১ রান দিয়ে তিনি ২ উইকেট নিলেন। স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রিন একটি করে উইকেট নেন। বোল্যান্ড ১৪ ওভারে ৮৬ রান দেওয়ায় তাঁর ইকনমি সবচেয়ে খারাপ।

জো রুট ১৩১তম টেস্ট খেলছেন। তিনি ৩০তম শতরান হাঁকিয়ে ধরে টেস্টে সর্বাধিক শতরানকারীদের তালিকায় ধরে ফেললেন ম্যাথু হেডেন ও শিবনারায়ণ চন্দ্রপলকে। অজিদের বিরুদ্ধে এটি রুটের চতুর্থ টেস্ট শতরান। স্টিভ স্মিথ ওভালে ভারতের বিরুদ্ধে শতরান করায় তাঁর টেস্ট সেঞ্চুরির সংখ্যা ৩১। সচিন তেন্ডুলকর সবচেয়ে বেশি ৫১টি টেস্ট শতরানের মালিক।
জ্যাক কালিস ৪৫টি, রিকি পন্টিং ৪১টি, কুমার সঙ্গকারা ৩৮টি টেস্ট শতরান পেয়েছেন। রাহুল দ্রাবিড়ের টেস্ট সেঞ্চুরির সংখ্যা ৩৬। ৩৪টি করে টেস্ট শতরান রয়েছে ইউনিস খান, সুনীল গাভাসকর, ব্রায়ান লারা ও মাহেলা জয়বর্ধনের। অ্যালাস্টেয়ার কুকের রয়েছে ৩৩টি শতরান, স্টিভ ওয়ার ৩২টি।












Click it and Unblock the Notifications