অবশেষে হাসিমুখে কমলা টুপি পরলেন বিরাট কোহলি
এদিন জেতার পরই হাসিমুখে সর্বোচ্চ রান সংগ্রাহকের জন্য নির্ধারিত কমলা টুপি পরে নেন বিরাট।
মু্ম্বই ম্যাচে একা ব্যাট হাতে দলকে টেনেছিলেন বিরাট কোহলি। ২১৩ রানের পাহাড় টপকাতে গিয়ে আরসিবি ৪৬ রানে ম্যাচ হারে। তা সত্ত্বেও বিরাট ব্যক্তিগত ৯২ রানের অসাধারণ ইনিংস খেলে যান।

বিরাট ক্রিজের একপ্রান্ত ধরে রাখলেও অন্য প্রান্ত দিয়ে সতীর্থ ব্যাটসম্যানরা মারমুখী শট খেলতে দিয়ে নিজেদের উইকেট ছুঁড়ে দিয়ে আসেন। ফলে আইপিএলের প্রথা অনুযায়ী সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে কমলা টুপি পেলেও তা পরতে অস্বীকার করেন বিরাট। বলে দেন, এখনই অরেঞ্জ ক্যাপ তিনি পরতে চান না।
এদিন ঘরের মাঠে চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লিকে হারিয়ে জয় পেল ব্যাঙ্গালোর। এবি ডিভিলিয়ার্সের ব্যাটিং তাণ্ডবে ৬ উইকেটে ম্যাচ জেতে আরসিবি। এদিকে বিরাটও ৩০ রানের ইনিংস খেলে ফের সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যান।
এদিনের পর ৫ ম্যাচ খেলে ৫৭.৭৫ গড়ে ২৩১ রান করেছেন বিরাট। ক্রিস গেইলকে টপকে গিয়েছেন তিনি। গেইল ৩ ম্যাচে ২২৯ রান করেছেন। আর এদিন জেতার পরই হাসিমুখে সর্বোচ্চ রান সংগ্রাহকের জন্য নির্ধারিত কমলা টুপি পরে নেন বিরাট।
ম্যাচ শেষ হওয়ার পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থাপক হর্ষ ভোগলে বিরাটকে টুপি এগিয়ে দিতেই হাসিমুখে টুপি পরে নেন বিরাট।
দিল্লির বিরুদ্ধে জয়ের ফলে ৫ ম্যাচে ২টিতে জয় পেয়ে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পঞ্চম স্থানে উঠে এল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এখন দেখার বিরাটের দল শেষ চারে পৌঁছতে পারে কিনা।












Click it and Unblock the Notifications