তরুণদের জন্য অনেক কিছু করেছেন সৌরভ, কী অবদান ধোনির? প্রশ্ন বিশ্বজয়ীর বাবা-র
তরুণদের জন্য অনেক কিছু করেছেন সৌরভ, কী অবদান ধোনির? প্রশ্ন বিশ্বজয়ীর বাবা-র
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিলেন লেজেন্ড যুবরাজ সিং-র বাবা যোগরাজ সিং। সাফ জানালেন, সৌরভ যে দল গড়ে দিয়ে গিয়েছিলেন, তার ফল পেয়েছেন এমএস ধোনি। দেশের সর্বকালের সেরা অধিনায়ককে নতুন করে পরিশ্রম করতে হয়নি বলে মনে করেন যোগরাজ সিং।

অধিনায়ক সৌরভ
২০০০ সালে ম্যাচ ফিক্সিং কাণ্ডে যখন জর্জরিত ভারতীয় ক্রিকেট, তখন টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল তরুণ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। এরপরেই ভারতীয় ক্রিকেটে এসেছিল বৈপ্লবিক পরিবর্তন। টিম ইন্ডিয়াকে ১৪৬টি ওয়ান ডে-তে নেতৃত্ব দিয়েছেন মহারাজ। ৭৬টি ম্যাচ জিতেছে ভারত। ৬৫টি ম্যাচে হার হজম করতে হয়েছে। অন্যদিকে সৌরভের নেতৃত্বে ৪৯টি টেস্ট খেলে ২১টি ম্যাচ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। তার মধ্যে ১১টি জয় এসেছে বিদেশের মাটিতে। অধিনায়ক হিসেবে দেশকে ২০০২-র চ্যাম্পিয়ন্স ট্রফি ও ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি উপহার দিয়েছেন মহারাজ।

অধিনায়ক ধোনি
সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে গড়া যুবরাজ সিং, হরভজন সিং, জাহির খান, আশিস নেহরা, বীরেন্দ্র শেহওয়াগ সম্বৃদ্ধ এক শক্তিশালী ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই সঙ্গে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীরের মতো ক্রিকেটারদের পেয়ে ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিলেন মাহি। দেশকে ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৩-র চ্যাম্পিয়ন্স ট্রফিও তুলে দিয়েছেন এমএস। তুলনামূলক বেশিদিন দেশের অধিনায়ক থাকা ধোনি ৬০টির মধ্যে ভারতীয় দলকে ২৭টি টেস্ট ম্যাচে জয় এনে দিয়েছেন। অন্যদিকে এমএস-র নেতৃত্বে ১৯৯টি ওয়ান ডে-র মধ্যে ১১০টিতে জিতেছে ভারত। ৭২টি টি-টোয়েন্টির মধ্যে ৪১টি ম্যাচে দেশকে জয় উপহার দিয়েছেন মাহি।

সৌরভের প্রশংসা
যোগরাজ সিং-র কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায় যখন ভারতীয় দলের অধিনায়ক হয়েছিলেন, তখন টেস্ট এবং ওয়ান ডে-তে অনেক নিচের দিকে ছিল দল। সেই ভারতকে চাঙা করে বিশ্বকাপ জয়ের দাবিদার বাংলার মহারাজ করেছিলেন বলে দাবি যোগরাজ সিং-র। তা সম্ভব হয়েছিল, কারণ বিসিসিআই সভাপতি যুবরাজ সিং, মহম্মদ কাইফ, জাহির খান, হরভজন সিং, বীরেন্দ্র শেহওয়াগ, গৌতম গম্ভীরের মতো তরুণ প্রতিভাকে সুযোগ দিয়েছিলেন বলে মনে করেন যোগরাজ সিং। তাই ভারতীয় ক্রিকেট সর্বদা সৌরভ গঙ্গোপাধ্যায়কে সম্মান করে যাবে বলে মনে করেন যুবরাজ সিং-র বাবা।

কী করেছেন ধোনি
যোগরাজ সিং-র কথায়, ভারতীয় ক্রিকেটের পরবর্তী প্রজন্মকে তৈরি করে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই দলই ভারতকে বিশ্বকাপ সহ একাধিক ট্রফি এনে দিয়েছিল। এমএস ধোনি আলাদা করে ভারতীয় দলের জন্য নতুন কিছু করেননি বলে মনে করেন যোগরাজ সিং।












Click it and Unblock the Notifications