অর্শদীপ সিংয়ের দখলে টি ২০ আন্তর্জাতিকে লজ্জার জোড়া রেকর্ড! বারবার কেন নো বলের ফাঁদে জড়াচ্ছেন ভারতীয় পেসার?
অর্শদীপ সিং রাঁচিতে নিউজিল্যান্ডে ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র নো বলটি করেন এবং মোমেন্টাম পেয়ে নিউজিল্যান্ড তোলে ২৭ রান। ভারতীয়দের মধ্যে টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান খরচ করার রেকর্ডটি নিজের দখলে নিলেন অর্শদীপ।
অর্শদীপ সিংয়ের পারফরম্যান্স ফের ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াল। বারবার নো বলের ফাঁদে জড়িয়ে পড়ছেন ভারতীয় পেসার! ভারতীয় দলের বোলিং কোচও কেন এই সমস্যা থেকে অর্শদীপকে মুক্ত করতে পারছেন না, সে ব্যাপারেও চলছে চর্চা। গতকাল রাঁচিতে শেষ ওভারে অর্শদীপ ২৭ রান দেন। যার মধ্যে প্রথম ডেলিভারিটিই ছিল নো, তাতে ছক্কা মেরে মোমেন্টাম পেয়ে যায় কিউয়িরা।

অর্শদীপের সমস্যা
নিউজিল্যান্ড তিন ম্যাচের সিরিজে এগিয়ে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির শহরে ভারতকে ২১ রানে হারিয়ে। অর্শদীপের শেষ ওভারে নিউজিল্যান্ড তুলেছিল ২৭। ড্যারিল মিচেল নো বলে ছক্কা মারেন, পরের দুটি ডেলিভারিতে দুটি ছক্কা এবং ওভারের তৃতীয় বলটিতে চার মারেন। চতুর্থ বলে রান নিতে পারেননি। শেষ দুটি বলে দুটি করে রান নেন। ভারতের পেসাররা যেখানে ১০ ওভারে তিন উইকেট তুলতে ১১৯ রান খরচ করেছেন, সেখানে স্পিনাররা ৫৬ রান দিয়ে তিন উইকেট দখল করেছেন।

নো বল ইস্যু
ভারতীয় বোলারদের মধ্যে গতকাল একমাত্র নো বলটি করেছেন অর্শদীপ। ৪ ওভারে তিনি ৫১ রান খরচ করেন, একটি উইকেট পেয়েছেন। ওয়াশিংটন সুন্দর ও অর্শদীপ দুজনেই ১১টি করে ডট বল করেছেন। শেষ ওভারে প্রথম বলটি ওভারস্টেপিংয়ের কারণে নো বল হওয়ায় ফ্রি হিট পেয়েছিল কিউয়িরা। তাতেও আসে ছক্কা। ভারতের পরাজয়ের অন্যতম ফ্যাক্টরও হয়ে দাঁড়ায় এই নো বলটি। গতকাল হার্দিক পাণ্ডিয়া সাতজন বোলার ব্যবহার করেন। অর্শদীপ, সুন্দর ও কুলদীপ যাদব- এই তিনজনই পুরো কোটার চার ওভার করেই হাত ঘোরান। নিউজিল্যান্ড ৬ উইকেট হারিয়ে তুলেছিল ১৭৬, ভারত ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি এগোতে পারেনি।

লজ্জার রেকর্ড
টি ২০ আন্তর্জাতিকে অর্শদীপ সিংয়ের দখলে ইতিমধ্যেই রয়েছে সবচেয়ে বেশি নো বল করার রেকর্ড। তিনি মোট ১৫টি নো বল করেছেন ২৪টি টি ২০ আন্তর্জাতিকে। হাসান আলি, কিমো পল ও ওশানে থমাস টি ২০ আন্তর্জাতিকে ১১টি করে নো বল করেছেন। ২০তম ওভারে টি ২০ আন্তর্জাতিকে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ডটিও অর্শদীপ গতকাল নিজের দখলে নেন। এর আগে ২০১২ সালে সুরেশ রায়না শেষ ওভারে ২৬ রান দেন। ২০২২ সালে দীপক চাহার ও ২০১৮ সালে খলিল আহমেদ শেষ ওভারে যথাক্রমে ২৪ ও ২৩ রান খরচ করেছিলেন।

সমস্যা কোথায়?
ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ স্টার স্পোর্টসে বলেছেন, অর্শদীপ লম্বা রান-আপে বল করেন। এতে স্টেপিংয়ের সমস্যার আশঙ্কা থাকে। এতে তাঁর এনার্জিও নষ্ট হচ্ছে। ওভারস্টেপিংয়ে নো বলের মূল কারণ লম্বা রান-আপ। কখনও অ্যারাউন্ড দ্য উইকেট বল করেন, কখনও ওভার দ্য উইকেট। তবে তাঁর উচিত প্রাথমিক বিষয়গুলি ঠিকঠাক রেখে রিল্যাক্স থাকা। ভালো বোলার, কিন্তু রাঁচি ম্যাচে দিনটি ভালো যায়নি। ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলেন, প্রয়োজনের তুলনায় বেশি লম্বা রান-আপে বল করেন অর্শদীপ। একজন বোলার হিসেবে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।












Click it and Unblock the Notifications