ব্যাটে সূর্য বলে অর্শদীপ অনবদ্য! পারথে টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্য়াচে রোহিতের ভারতের সহজ জয়
দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে টি ২০ সিরিজে হারিয়ে পারথে পা রেখেছিল ভারত। সেখানে দিন তিনেক কঠোর অনুশীলনের পর আজ রোহিত শর্মার দল প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল পশ্চিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। পারথের ওয়াকায় সেই ম্যাচে ভারত জয় ছিনিয়ে নিল ১৩ রানে। ব্যাটে সূর্যকুমার যাদব ও বলে অর্শদীপ সিং টেক্কা দিলেন বাকি সতীর্থদের।

তিন ওভারেই চার উইকেট
জয়ের জন্য পশ্চিম অস্ট্রেলিয়ার সামনে ১৫৯ রানের টার্গেট রেখেছিল ভারত। প্রথম ওভারেই আঘাত হানেন ভুবনেশ্বর কুমার, সাজঘরে ফেরত পাঠান ডি'আর্কি শর্টকে। এর পরের ওভারে বল করতে এসে আরও দুটি উইকেট তুলে নেন অর্শদীপ সিং। নিক হবসন ও অ্যারন হার্ডির উইকেট হারিয়ে ২ ওভারের শেষে পশ্চিম অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৩ উইকেটে ১১। তৃতীয় ওভারের পঞ্চম বলে অধিনায়ক অ্যাশটন টার্নারের উইকেটটি তুলে নেন ভুবি। ফলে ১২ রানেই চারটি উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পশ্চিম অস্ট্রেলিয়া। পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে স্কোর ছিল ৪ উইকেটে ২৯।
|
ভারতের জয় ১৩ রানে
পশ্চিম অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটটি পড়ে দশম ওভারের শেষ বলে ৫৭ রানের মাথায়। ক্যামেরন ব্যানক্রফটকে ফেরান যুজবেন্দ্র চাহাল। এরপর দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন স্যাম ফ্যানিং ও হামিশ ম্য়াকেঞ্জি। ১৬.২ ওভারে এই জুটি ভাঙেন অর্শদীপ। দলের ১১৫ রানের মাথায় ফ্যানিং আউট হন ৫৩ বলে ৫৯ রানের ইনিংস খেলে। ১৭.৩ ওভারে ১১৯ রানে পশ্চিম অস্ট্রেলিয়ার সপ্তম উইকেটের পতন হয়। ১৯ বলে ১৯ করা ম্যাকেঞ্জির উইকেটটি তুলে নেন চাহাল। শেষ ওভারের তৃতীয় বলে অ্যান্ড্রু টাইয়ের উইকেটটি তুলে নেন হর্ষল প্যাটেল। টাই ৪ বলে ৪ রান করেন। ম্যাথু কেলি ৩ বলে ১১ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রানে থামে পশ্চিম অস্ট্রেলিয়া।
|
সফলতম অর্শদীপ
ভারতের সফলতম বোলার অর্শদীপ সিং। একটি মেডেন-সহ ৩ ওভারে তিনি ৬ রান খরচ করে তিনটি উইকেট নেন। ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ২৬ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন। চার ওভারে ১৫ রান দিয়ে ২টি উইকেট দখল করেন যুজবেন্দ্র চাহাল। হর্ষল প্যাটেল একটি উইকেট পেলেও ৪ ওভারে ৪৯ রান দেন। অক্ষর প্যাটেল ৩ ওভারে ২৩ ও দীপক হুডা ২ ওভারে ২৪ রান দিয়ে কোনও উইকেট পাননি। হার্দিক পাণ্ডিয়া ব্যাট করলেও বোলিং করেননি।
|
সূর্যর তেজ
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ভারত তুলেছিল ৬ উইকেটে ১৫৮ রান। রোহিত শর্মা ও ঋষভ পন্থ ওপেন করেন। রোহিত ৪ বলে ৩ ও পন্থ ১৬ বলে ৯ রান করেন। ১৪ বলে ২২ রানে আউট হন দীপক হুডা। পাওয়ারপ্লেতে রোহিত ও হুডার উইকেট হারিয়েছিল ভারত। সপ্তম ওভারে পন্থ ফেরার পর হার্দিককে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন সূর্যকুমার যাদব। তিনটি করে চার ও ছয় মেরে তিনি করেন ৩৫ বলে ৫২ রান। হার্দিক পাণ্ডিয়া ২০ বলে ২৭ রান করেন। দীনেশ কার্তিক ২৩ বলে ১৯ ও হর্ষল প্যাটেল ৪ বলে ৫ রানে অপরাজিত থাকেন। অক্ষর প্যাটেল করেন ৫ বলে ১০। হার্দিক ও সূর্যর জুটিতে ওঠে ৪৯ রান। জেসন বেহরেনডর্ফ ও ম্যাথু কেলি দুটি করে উইকেট দখল করেছেন। ঝাই রিচার্ডসন ও অ্যান্ড্রু টাই একটি করে উইকেট দখল করেন। পশ্চিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ভারত ১৩ অক্টোবর আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে।












Click it and Unblock the Notifications