বিবাহবন্ধনে আবদ্ধ সচিন-পুত্র অর্জুন, জমকালো অনুষ্ঠানে তারকার মেলা
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন। আজ দক্ষিণ মুম্বইয়ে সানিয়া চান্ধোকের সঙ্গে তিনি মালাবদল সারলেন।
উপস্থিত ছিলেন ক্রিকেট, বিনোদন, বাণিজ্যিক ক্ষেত্রের একাধিক তারকা। জমকালো বিয়ের অনুষ্ঠান সেরে পুত্র ও পুত্রবধূকে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেল সচিনকে।

বিয়ের অনুষ্ঠানটি দক্ষিণ মুম্বইয়ের একটি ব্যক্তিগত ভেন্যুতে অনুষ্ঠিত হয়, যেখানে পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে একত্রিত হয়েছিলেন। কয়েক দিন ধরেই চলেছিল নানা উৎসবের আয়োজন।
গত বছর ২৫ অগাস্ট বাগদান হয়েছিল অর্জুন ও সানিয়ার। মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে তাঁদের মেহেদি উৎসব অনুষ্ঠিত হয়েছিল। এ ছাড়াও, আম্বানি পরিবারের আয়োজনে জামনগরে একটি প্রাক-বিয়ের অনুষ্ঠানও ছিল বিশেষ আকর্ষণ।
আজ অর্জুনের বিয়েতে স্ত্রী সাক্ষীকে নিয়ে হাজির ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের হেড কোচ গৌতম গম্ভীরও তাঁর স্ত্রী নাতাশা জৈনকে নিয়ে এসেছিলেন। আজই সন্ধ্যায় ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল রয়েছে। তা সত্ত্বেও গম্ভীর পৌঁছে গিয়েছিলেন সচিনের আমন্ত্রণে।
ভারতীয় ক্রিকেটের বহু তারকা এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন। কিংবদন্তি ওপেনার সুনীল গাভাসকর তাঁর স্ত্রী মার্শেনিলকে নিয়ে এসেছিলেন। প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়, প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে এবং প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী ছিলেন বিশিষ্ট অতিথিদের মধ্যে।
বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার যুবরাজ সিং তাঁর স্ত্রী হেজেল কিচের সঙ্গে যোগ দেন। ইরফান ও ইউসুফ পাঠান, সুরেশ রায়না, আকাশ চোপড়া, জাহির খান, হরভজন সিং, পার্থিব প্যাটেল, ধবল কুলকার্নিরাও হাজির ছিলেন।
তরুণ ক্রিকেটার পৃথ্বী শ-সহ আরও অনেক খেলোয়াড় এই উদযাপনে অংশ নেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর চেয়ারম্যান জয় শাহ এবং ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকরও তাঁদের স্ত্রীদের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন।
উপস্থিত অন্যান্য ক্রিকেটারদের মধ্যে ছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার, কর্ণাটকের অলরাউন্ডার শ্রেয়স গোপাল এবং প্রজ্ঞান ওঝা। বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) সভাপতি ভেঙ্কটেশ প্রসাদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্ত্রী ও কন্যাকে নিয়ে এসেছিলেন শাহরুখ খান। স্ত্রী জয়া বচ্চনকে নিয়ে হাজির হন অমিতাভ বচ্চন। অভিষেক বচ্চন, ঈশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে আমির খান, আশুতোষ গোয়ারিকরও হাজির ছিলেন বিয়ের অনুষ্ঠানে। মহারাষ্ট্রের মন্ত্রী তথা প্রাক্তন বোর্ড কর্তা আশিস শেলারও ছিলেন এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে। ছিলেন মুকেশ ও নীতা আম্বানিও।
সানিয়া চান্ধোক অনেকটাই প্রচারের আড়ালে থাকেন। তিনি মুম্বইয়ের সুপরিচিত ঘাই পরিবারের সদস্য, যারা কয়েক দশক ধরে শহরের হোটেল এবং খাদ্য শিল্পে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। পরিবারটির ব্যবসায়িক শিকড় প্রোথিত ইকবাল কৃষ্ণ "আইকে" ঘাই-এর হাত ধরে, যিনি আইকনিক কোয়ালিটি আইসক্রিম ব্র্যান্ড এবং মুম্বইয়ের মেরিন ড্রাইভের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পেছনে মূল উদ্যোক্তা ছিলেন। এই উত্তরাধিকার গ্র্যাভিস হসপিটালিটি লিমিটেডের মাধ্যমে অব্যাহত রয়েছে, যা রবি ইকবাল ঘাইয়ের নেতৃত্বে বাস্কার-রবিন্স ইন্ডিয়ার দায়িত্বে রয়েছে। সানিয়া নিজেও ব্যবসার সঙ্গে জড়িত। লন্ডন স্কুল অব ইকনমিক্স থেকে স্নাতক হয়ে তিনি একজন ভেটেরিনারি টেকনিশিয়ান হিসেবে কাজ করেন এবং মুম্বইয়ে 'মিস্টার পজ' নামে একটি বিলাসবহুল পোষ্য স্পা চালান।












Click it and Unblock the Notifications