রঞ্জি ট্রফি সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ভালো জায়গায় বাংলা, অনুষ্টুপ-সুদীপের শতরান
রঞ্জি ট্রফির সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলা প্রথম দিনের শেষে ৪ উইকেটে ৩০৭। অনুষ্টুপ মজুমদার ও সুদীপ ঘরামির শতরান।
রঞ্জি ট্রফি সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ভালো শুরু বাংলার। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে টস জিতে ব্য়াট করতে নেমে প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৮৭ ওভারে ৪ উইকেটে ৩০৭ রান। শতরান করলেন অনুষ্টুপ মজুমদার ও সুদীপ ঘরামি। কাল বড় রানের লক্ষ্যে দলকে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন অধিনায়ক মনোজ তিওয়ারি ও শাহবাজ আহমেদের কাঁধে।

ভালো শুরু বাংলার
গত বছরের রঞ্জিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল বাংলা। মনোজ তিওয়ারি ও শাহবাজ আহমেদ শতরান হাঁকালেও প্রথম ইনিংসে মধ্যপ্রদেশের রান টপকানো যায়নি। শেষ অবধি বাংলা হেরে যায়। যদিও এবার মধুর প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে মনোজ তিওয়ারির দল। আজ টস জিতে ব্যাটিং নেন মনোজ। বাংলা দলে কাজী জুনেঈদ সৈফির জায়গায় ফেরানো হয় করণ লালকে। করণ স্পিন বোলিং করেন। আকাশ ঘটককে বসিয়ে প্রদীপ্ত প্রামাণিককে খেলানো হচ্ছে। জোরে বোলার হিসেবে রয়েছেন মুকেশ কুমার, আকাশ দীপ ও ঈশান পোড়েল।
|
তৃতীয় উইকেট জুটিতে ২৪১
করণ এদিন ওপেন করেন অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে। ১২.৪ ওভারে গৌরব যাদবের বলে বোল্ড হন অভিমন্য়ু, ৫টি চারের সাহায্যে তিনি করেন ৩৩ বলে ২৭। ৫১ রানেই বাংলা দুই ওপেনারকে হারায়। ঈশ্বরন ফেরার চার বলের মাথাতেই করণও আউট হয়ে যান। ১৩.২ ওভারে তিনি অনুভব আগরওয়ালের বলে বোল্ড হন। ২টি চারের সাহায্যে ৪৫ বলে ২৩ রান করেন করণ। এরপর তৃতীয় উইকেট জুটিতে ২৪১ রানের মূল্যবান পার্টনারশিপ গড়েন সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদার। মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলার স্কোর ছিল ২ উইকেটে ১১১, চা বিরতিতে তা গিয়ে দাঁড়ায় ২ উইকেটে ২১৩।
|
অনুষ্টুপ ও সুদীপের শতরান
অনুষ্টুপ ও সুদীপ দুজনেই এদিন চলতি রঞ্জিতে তৃতীয় শতরানটি পেলেন। সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় সুদীপ রয়েছেন ছয়ে। সুদীপ ৯ ম্যাচে ১৫ ইনিংসে ৭৪৮ রান করেছেন। আটে থাকা অনুষ্টুপ ৯ ম্যাচে ১২ ইনিংসে করেছেন ৭১০। ৭ ম্যাচে ১১ ইনিংসে অভিমন্যু ঈশ্বরন ৭৬৫ রান করে রয়েছেন পাঁচে। এদিন অনুষ্টুপ ১৩টি চার ও ১টি ছয়ের সাহায্যে ২০৬ বলে ১২০ রান করলেন। বাঁ হাতের বুড়ো আঙুলে চোট ছিল। ব্য়ান্ডেজ বাঁধা অবস্থাতেই স্মরণীয় শতরান রুকুর। সুদীপ ঘরামি ১২টি চার ও ২টি ছয়ের সাহায্যে করলেন ২১৩ বলে ১১২। যেভাবে তাঁরা খেলছিলেন তাতে মনে হচ্ছিল প্রথম দিনে বাংলা আর উইকেট হারাবে না। যদিও দিনের শেষের দিকে নতুন বলে বাংলার এই দুই শতরানকারীকে আউট করে মধ্যপ্রদেশ।
|
দিনের শেষে বাংলা ৪ উইকেটে ৩০৭
৮২.২ ওভারে দলের ২৯২ রানের মাথায় আবেশ খানের বলে বোল্ড হন অনুষ্টুপ। ৮৩.৩ ওভারে বাংলার চতুর্থ উইকেট পড়ে ২৯৬ রানে। অনুভব আগরওয়ালের বলে লেগ বিফোর হবন ঘরামি। মনোজ তিওয়ারি ১৪ বলে ৫ ও শাহবাজ আহমেদ ১১ বলে ৬ রান করে অপরাজিত রয়েছেন। আবেশ খান ২০ ওভারে ১টি মেডেন-সহ ৭৯ রানে ১ উইকেট নেন। অনুভব আগওয়ালের বোলিং ফিগার ১২ ওভার ৫ মেডেন ২১ রান দিয়ে ২ উইকেট। গৌরব যাদব একটি মেডেন-সহ ১০ ওভারে ৩৭ রান দিয়ে নেন ১ উইকেট। কুমার কার্তিকেয় বোলিং ওপেন করেন, ২৩ ওভারে ১টি মেডেন, তিনি ৭৩ রান দিয়ে কোনও উইকেট পাননি। ভেঙ্কটেশ আইয়ার খেললেও তাঁকে দিয়ে বোলিং করায়নি মধ্যপ্রদেশ। আইয়ার, রজত পাটীদার-সমৃদ্ধ মধ্যপ্রদেশের ব্যাটিং লাইন আপকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলাই বাংলার লক্ষ্য। অপর সেমিফাইনালে কর্নাটক প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ৫ উইকেটে ২২৯ তুলেছে। ময়াঙ্ক আগরওয়াল ১১০ রান করেন।
(ছবি- সিএবি মিডিয়া)












Click it and Unblock the Notifications