আজাজের পারফেক্ট টেনে উচ্ছ্বসিত কুম্বলেরা! নিউজিল্যান্ড স্পিনারের নজিরের নেপথ্যে কোন ফ্যাক্টর জানেন?
মুম্বই টেস্টে মহাকীর্তি স্পর্শ করলেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার আজাজ প্যাটেল। জিম লেকার, অনিল কুম্বলের পর বিশ্বে তৃতীয় ক্রিকেটার হিসেবে তিনি টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নিলেন। তাও স্পিন খেলতে দক্ষ ভারতীয় দলের বিরুদ্ধে। অথচ বিচক্ষণ এক সিদ্ধান্ত না নিলে আজকের দিনের সাক্ষী হতেই পারত না ক্রিকেট বিশ্ব।

জন্মস্থানেই মহাকীর্তি
আজাজের জন্ম ১৯৮৮ সালের ২১ অক্টোবর মুম্বইয়ে। ৩৩ বছর ৪৪ দিনের মাথায় টেস্টে ইনিংসে ১০ ইনিংস নেওয়ার কীর্তি স্পর্শ করলেন তিনি। আজাজের বাবা ইউনুস প্যাটেল, মা শাহনাজ প্যাটেল। আজাজের দুই বোন রয়েছেন, তানজিল ও সানা। নিউজিল্যান্ডের প্রাক্তন স্পিনার দীপক প্যাটেলের প্রশিক্ষণেই ঘটেছে আজাজের প্রতিভার বিকাশ। পরিবারের সঙ্গে ভারত ছেড়ে স্থায়ীভাবে অকল্যান্ডে থাকতে শুরু করেন আট বছর বয়স থেকে।

সিমার থেকে স্পিনার
অকল্যান্ড প্রিমিয়ার ক্লাব ক্রিকেটে অবশ্য স্পিনার হিসেবে কেরিয়ার শুরু করেননি আজাজ প্যাটেল। ২১ বছরের জন্মদিনের আগে অবধি তিনি সিম বোলিং করতেন। প্রতিযোগিতামূলক ম্যাচে কখনও স্পিন বোলিং করেননি। বাঁহাতি সিমার হিসেবেই অকল্যান্ডের প্রিমিয়ার ক্লাব ক্রিকেট ও অকল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলে খেলেছেন। তবে একটা সময় তিনি উপলব্ধি করেন ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতা সিমার হিসেবে জাতীয় দলের দরজা খুলবে না। সে কারণে সিদ্ধান্ত নেন স্পিন বোলিং শুরু করবেন।

গুরু দীপক
দীপক প্যাটেলের প্রশিক্ষণেই সিমার থেকে স্পিনার হওয়ার পথটি মসৃণভাবে এগোতে থাকে। ঘরোয়া ক্রিকেটেই স্পিন বোলিং শুরু করার পর থেকে বেশি উইকেটও পেতে থাকেন আজাজ, যা তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। টানা তিন বছর প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারী হওয়ার পর জাতীয় দলে ডাক পান আজাজ। ২০১৮ সালে সেন্ট্রাল স্ট্যাগসের হয়ে ২১.৫২ গড়ে ৪৮ উইকেট নিয়ে প্লাঙ্কেট শিল্ড খেতাব জয়ে বড় ভূমিকা নেওয়ার পর জাতীয় দলে খেলার ডাক পান। বাবা, মা, স্ত্রী, বোন-সহ ৩০ জন মিলে ডিনার করার সময়ই জাতীয় দলে সুযোগ পাওয়ার কথা জেনেছিলেন নির্বাচক গাভিন লারসেনের কাছ থেকে। ডিনার শেষে সকলকে সুখবরটি দিয়েছিলেন।

বুড়ো হাড়ে ভেল্কি
২০১২ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ২০১৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে আবু ধাবিতে টি ২০ আন্তর্জাতিকে অভিষেক। দীপক প্যাটেলের মতো তিনিও বোলিং ওপেন করেছিলেন। এরপর নভেম্বরে পাকিস্তানের বিরুদ্ধেই টেস্ট অভিষেক। ভারতে জন্মানোর পর নিউজিল্যান্ডের টেস্ট দলে খেলা ক্রিকেটারদের তালিকায় তিনি পঞ্চম স্থানে। টেড বেডকক, টম পুনা, ইশ সোধি ও জিত রাভালের পরেই। রাভালের চেয়ে প্যাটেল এক বছরের ছোট। রাভাল ও প্যাটেল একই স্কুলে পড়তেন।

চমকপ্রদ অভিষেক
৩০ বছর বয়সে অভিষেক টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে কিউয়িদের ৪ রানে জয় এনে দেন আজাজ। প্রথম ইনিংসে দুই উইকেট নেওয়ার পর ৫৯ রানে পাঁচ উইকেট নেন। ১১টি টেস্টে তাঁর উইকেট সংখ্যা হলো ৩৯।

মিস করছেন পরিবারকে
জন্মস্থান মুম্বইয়ে ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়ে স্বাভাবিকভাবেই খুশি। তবে স্ত্রী নিলোফার-সহ পরিবারের কেউই এই টেস্টটি মাঠে বসে দেখতে পারলেন না করোনা পরিস্থিতির কারণে। কোন উইকেটটি সবচেয়ে বেশি পছন্দের সেটাও জানাতে পারলেন না। জিম লেকারও ইয়র্কশায়ারে খেলতেন, সেই কাউন্টিতেই খেলেন আজাজ। ফলে ইনিংসে ১০ উইকেটের সঙ্গে জুড়ে গেল ইয়র্কশায়ার। অনিল কুম্বলে পারফেক্ট টেন ক্লাবে আজাজকে স্বাগত জানিয়েছেন।
|
প্রথম ইনিংসে প্রথমবার ১০ উইকেট
টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংসে ১০ উইকেট প্রথম পেলেন আজাজ প্যাটেলই। ১৯৫৬ সালে ম্যানচেস্টার টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৬.৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ৯ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট নেন জিম লেকার। তাঁর বোলিং ফিগার ছিল ২৩টি মেডেন-সহ ৫১.২ ওভারে ৫৩ রানে ১০ উইকেট। ১৯৯৯ সালে দিল্লি টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৪.৩ ওভারে চারটি মেডেন-সহ ৭৪ রানে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে কুম্বলে ২৬.৩ ওভার হাত ঘুরিয়ে ৯টি মেডেন ওভার-সহ ৭৪ রান খরচ করে নিয়েছিলেন ১০ উইকেট। ১৯৮৫ সালে ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্যর রিচার্ড হ্যাডলি ৫২ রানে ৯ উইকেট নিয়েছিলেন। সেই নজির ভেঙে টেস্ট ইনিংসে কিউয়িদের সেরা বোলিংয়ের রেকর্ডটি দখলে নিলেন আজাজ।
How about this message from @anilkumble1074 to @AjazP #INDvNZ https://t.co/OWUaN0Jiaf
— BLACKCAPS (@BLACKCAPS) December 4, 2021
I have been privileged to see some incredible things from @BLACKCAPS in my 15 years of commentary and today is right up there. @AjazP That was special mate. 👌🏻#class #10fer #cricket #history #mumbai
— Simon Doull (@Sdoull) December 4, 2021
Yaaaas! Ajaz!!!!!
— Brendon McCullum (@Bazmccullum) December 4, 2021












Click it and Unblock the Notifications