কুম্বলেকে সরিয়ে ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে পারেন রাহুল দ্রাবিড়?
অস্ট্রেলিয়া সিরিজের পর আর দলের কোচ থাকবেন না কুম্বলে। তিনি হবেন টিম ডিরেক্টর। এদিকে দ্রাবিড়কে করা হবে সিনিয়র দলের কোচ।
মুম্বই, ১২ মার্চ : খেলোয়াড় জীবনে রাহুল দ্রাবিড় ও অনিল কুম্বলে, ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা দুই নাম, অনেক অবদান রেখে গিয়েছেন। এমনকী খেলা ছাড়ার পরও ভারতীয় ক্রিকেটের উন্নতিতে নিজেদের নিয়োজিত করেছেন দুজনে।
এই মুহূর্তে কুম্বলে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচিংয়ের দায়িত্ব পালন করছেন। আর দ্রাবিড় কোচিং করছেন অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের। কুম্বলের কোচিংয়ে ২০১৬ সালে ফের ভারত টেস্টে এক নম্বর দল হয়েছে, একটিও টেস্ট না হেরে।

বিদেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের পরে ঘরের মাঠে নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশকে দুরমুশ করে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট মহারণে নেমেছে বিরাট কোহলির ভারত। এসবই হয়েছে কুম্বলে কোচ হয়ে আসার পরে।
এদিকে দ্রাবিড়ের প্রশিক্ষণে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলও বিশ্বকাপের ফাইনালে উঠেছে এবং ধারাবাহিক ভালো খেলছে।
এই মুহূর্তে সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসক কমিটি বিসিসিআইয়ের নেতৃত্বে রয়েছে। তারাই গঠনগত কিছু বদল আনতে পারে বলে সূত্রের খবর। সেই অনুযায়ী কুম্বলেকে আরও উঁচু পদ দেওয়া হতে পারে। তিনি হতে পারেন টিম ডিরেক্টর।
বিসিসিআইয়ের প্রশাসক কমিটির সঙ্গে কুম্বলের নাকি বৈঠক হয়েছে। সেখানে কুম্বলেকে সিনিয়র, জুনিয়র, এ দল ও মহিলা ক্রিকেট নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। ফলে সূত্রের খবর, অস্ট্রেলিয়া সিরিজের পর আর দলের কোচ থাকবেন না কুম্বলে। আগামী ১৪ এপ্রিল থেকে টিমের ডিরেক্টরের পদ গ্রহণ করবেন তিনি। এদিকে দ্রাবিড়কে করা হবে সিনিয়র দলের কোচ।
অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণকে নিয়ে তৈরি ক্রিকেট পরামর্শদাতা কমিটিকে ফের নতুন করে দায়িত্ব দেওয়া হতে পারে। এবার ক্রিকেট প্রশাসনের এই কমিটি কাজ করতে পারে বলে সূত্রের খবর।












Click it and Unblock the Notifications