Rohit Sharma: রোহিতেই আস্থা জয়ের, টি২০ বিশ্বকাপে হিটম্যানকে ক্যাপ্টেন বাছার নেপথ্যে কাজ করল কোন ফ্যাক্টরগুলি?
Rohit Sharma: টি২০ বিশ্বকাপে রোহিত শর্মাই ভারতকে নেতৃত্ব দেবেন। বিসিসিআই সচিব জয় শাহ এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। এই সিদ্ধান্তকে সমর্থন করলেন প্রাক্তন ভারতীয় কোচ অনিল কুম্বলে।
উল্লেখ্য, গত বছর ৫০ ওভারের বিশ্বকাপে চোট পাওয়ার পর থেকে এখনও মাঠে ফিরতে পারেননি হার্দিক পাণ্ডিয়া। ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর তিনিই ভারতকে এই ফরম্যাটে সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছিলেন।

রোহিতকে সরিয়ে হার্দিককে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক ঘোষণা করেছে। কিন্তু বিসিসিআই তথা নির্বাচকরা কিন্তু আস্থা দেখালেন রোহিতের উপরেই। জয় শাহ গতকাল বলেছেন, আমরা ২০২৩ সালের বিশ্বকাপে হেরে গিয়েছি ঠিকই, কিন্তু টানা ১০টি ম্যাচ জিতে সকলের হৃদয় জিতেছে ভারত। আমি নিশ্চিত বার্বাডোজে রোহিতের হাতেই উঠবে টি২০ বিশ্বকাপ।
টি২০ বিশ্বকাপে হার্দিক, নাকি রোহিত কে নেতৃত্ব দেবেন তা নিয়ে যে জল্পনা চলছিল তার অবসান ঘটেছে জয় শাহর ঘোষণায়। স্পোর্টস ১৮-এ প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে বলেছেন, রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে এই ঘোষণা অবাক করার মতো কিছু নয়। রোহিত ভারত অধিনায়ক হিসেবে খুব ভালো কাজ করে দেখিয়েছেন।
ভারতীয় দলকে স্থায়িত্ব দেওয়ার কাজটা রোহিতই করতে পারেন বলে বুঝিয়ে দিয়ে কুম্বলে বলেন, গত কয়েক বছরে আইপিএলে রোহিতের টি২০ ফর্ম আহামরি নয়। কিন্তু তিনি একজন কোয়ালিটি প্লেয়ার। আফগানিস্তানের বিরুদ্ধে দল যখন সমস্যায় পড়েছিল, তখন রোহিত এসে অসাধারণ শতরান হাঁকিয়েছেন। এই ধরনের ভরসা, স্থায়িত্ব দেওয়া টি২০ বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ হবে।
২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর দীর্ঘদিন রোহিত টি২০ আন্তর্জাতিক খেলেননি। ফলে টি২০ বিশ্বকাপে তিনি খেলবেন কিনা তা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তখনই নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকরের সঙ্গে রোহিতের কথা হয়। তিনি জানিয়ে দেন টি২০ বিশ্বকাপে খেলার কথা।
এরপর গত মাসে তিনি আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেন। প্রথম দুটি ম্যাচে আউট হয়েছিলেন ০ রানে। কিন্তু তৃতীয় ম্যাচে ১২১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। রোহিত ১৫১টি টি২০ আন্তর্জাতিক খেলে ৩৯৭৪ রান করেছেন, ৫টি শতরান ও ২৯টি অর্ধশতরান রয়েছে।
এদিকে, রাজকোটেই ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে প্রথম অর্ধশতরানটি পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আগের দুটি টেস্টে তাঁর রান ছিল যথাক্রমে ২৪, ৩৯, ১৪ ও ১৩। আজ কেরিয়ারের ৫৭তম টেস্টে রোহিত সপ্তদশ অর্ধশতরান হাঁকিয়ে ব্যাট করছেন। একাদশ শতরান থেকে ৪৮ রান দূরে।
টস জিতে ব্যাট করতে নেমে মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ২৫ ওভারে ৩ উইকেটে ৯৩। রোহিত ৫২ ও রবীন্দ্র জাদেজা ২৪ রানে ক্রিজে আছেন। যশস্বী জয়সওয়াল ১০, শুভমান গিল ০ ও রজত পাটীদার ৫ রানে প্যাভিলিয়নে ফেরেন। মার্ক উড দুটি ও টম হার্টলি নিয়েছেন ১টি উইকেট।












Click it and Unblock the Notifications