কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে যোগ দিলেন রাসেল, আইপিএলে শ্রেয়সের খেলার সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা
আইপিএল শুরু হতে আর ঠিক ১০ দিন। এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের শিবির চলছে কলকাতায়। একে একে যোগ দিচ্ছেন ক্রিকেটাররা। আসতে শুরু করেছেন বিদেশিরাও। আজ চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশিক্ষণাধীন কেকেআর ইডেনের ইনডোরে অনুশীলন সারল। এদিনই প্রথম অনুশীলন সারলেন আন্দ্রে রাসেল।

রাসেল কেকেআর অনুশীলনে
রাসেলের আগমনের খবর গতকালই জানিয়েছিল কেকেআর। আজ ইডেনের বাইরে হাজির ছিলেন কলকাতা নাইট রাইডার্সের কিছু ভক্ত। রাসেলকে দেখে তাঁরা জয়ধ্বনি দেন। তাঁদের দিকে তাকিয়ে হাত নাড়েন রাসেল। শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে যাঁরা নাইট অধিনায়ক হতে পারেন তাঁদের মধ্যে সুনীল নারিন, শার্দুল ঠাকুরের সঙ্গে রাসেলের নামও রয়েছে। দ্রে রাস রয়েছেন ফুরফুরে মেজাজেই।
চোট সমস্যা নাইট শিবিরে
নাইট শিবির অবশ্য চোট সমস্যায় ভুগতে শুরু করেছে। গতকাল অনুশীলনের পর এমআরআই স্ক্যান করাতে পাঠানো হয় অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার ও ব্যাটার মনদীপ সিংকে। তাঁদের চোট রয়েছে। প্রথম ম্যাচের আগে তাঁরা ফিট হবেন কিনা তা নির্ভর করবে স্ক্যান রিপোর্টের উপরেই। শ্রেয়স আইয়ার পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজেও খেলতে পারেননি। তাঁর রিহ্যাব চলছে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে। শ্রেয়সকে নিয়ে এখনও অন্ধকারেই কেকেআর।

শ্রেয়সকে নিয়ে ধোঁয়াশা
যা পরিস্থিতি তাতে পুরো টুর্নামেন্ট থেকে যদি শ্রেয়স ছিটকে না যান, তবুও অনেক ম্যাচেই তাঁকে পাওয়া যাবে না। ফলে অধিনায়ক বেছে নিতে হবে, মিডল অর্ডারেও সুযোগ্য বিকল্পের সন্ধান করতে হবে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেছেন, বিসিসিআইয়ের তরফে বার্তা পেলেই শ্রেয়সকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারব। আমাদের দলে এমন অনেকেই রয়েছেন যাঁরা অধিনায়কত্ব করতে পারেন। নেতৃত্বদানের দক্ষতা ও অভিজ্ঞতাই এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
শার্দুলকে নিয়ে উচ্ছ্বসিত চন্দ্রকান্ত
শার্দুল ঠাকুর মুম্বইয়ে চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশিক্ষণে খেলেছেন। তিনিও অধিনায়ক হতে পারেন। যদিও এখনও কারও নাম নিচ্ছেন না চন্দ্রকান্ত। তিনি বলেন, শার্দুল ভালো পারফর্মার। তাঁকে পেয়ে ভালো হয়েছে। আমার প্রশিক্ষণাধীন মুম্বই দলে তিনি তিন মরশুম খেলেছেন। আমাদের মধ্যে বোঝাপড়া ভালোই রয়েছে। আমার কোচিং পদ্ধতি সম্পর্কে শার্দুল ওয়াকিবহাল। ফলে তাঁকে যে দায়িত্ব দেওয়া হবে তা যথাযথভাবেই পালন করবেন। তিনি একজন ফাইটার। ব্যাটে-বলে অবদান রাখেন।
অধিনায়কের ইনপুট
মোহালিতে ১ এপ্রিল পাঞ্জাব কিংস ম্য়াচ দিয়ে অভিযান শুরু করবে কেকেআর। চন্দ্রকান্ত পণ্ডিত বলেছেন, শ্রেয়স যদি খেলতে নাও পারেন তাহলেও তাঁর নানা পরামর্শ আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। শ্রেয়স আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আসা করি, তিনি যদি কয়েকটি ম্যাচে না খেলতে পারেন তাহলে প্রয়োজনীয় ইনপুট সরবরাহ করবেন।












Click it and Unblock the Notifications