Amol Muzumdar: হরমনপ্রীত-মান্ধানাদের দায়িত্বে মুম্বইয়ের তারকা, ভারতীয় মহিলা দলের হেড কোচ অমল
Amol Muzumdar: ভারতীয় মহিলা দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন অমল মুজুমদার। তিনি মুম্বইয়ের হয়ে বেশ কয়েকবার রঞ্জি ট্রফি জিতেছেন। ঘরোয়া ক্রিকেটে খেলেছেন অসম ও অন্ধ্রপ্রদেশের হয়ে।
সুলক্ষণা পণ্ডিত, অশোক মালহোত্রা ও যতীন পরাঞ্জপেকে রেখে গঠিত বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি ইন্টারভিউ প্রক্রিয়ার শেষে অমলের নাম চূড়ান্ত করে সুপারিশ করেছে সর্বসম্মতভাবেই। তারপর এদিনই অমলের নতুন দায়িত্বের কথা জানাল বিসিসিআই।

অমল মুজুমদার ১৭১টি প্রথম শ্রেণির ম্যাচে ১১১৬৭ রান করেছেন। ৩০টি শতরান ও ৬০টি অর্ধশতরান রয়েছে। ঘরোয়া ক্রিকেটের ৫০ ওভারের ফরম্যাট বা লিস্ট এ-তে ১১৩টি ম্যাচ খেলে তিনটি শতরান ও ২৬টি অর্ধশতরান-সহ ৩২৮৬ রান রয়েছে অমলের। টি ২০-তে ১৪টি ম্যাচে ১৭৪ রান করেছেন, একটি অর্ধশতরান-সহ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬টি ও লিস্ট এ-তে ২টি উইকেটও নেন।
বিসিসিআই সভাপতি রজার বিনি আশাবাদী, নতুন হেড কোচের অধীনে ভারতীয় মহিলা ক্রিকেট দলের উত্তরণ অব্যাহত থাকবে এবং তিন ফরম্যাটেই দল ভালো খেলবে। দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো মাল্টি-নেশন ইভেন্টে ভারতীয় মহিলা দল ভালো ফল করছে বলেও উল্লেখ করে বিনি বলেন, অমলের গাইডেন্স ও রোডম্যাপে ক্রিকেটাররা সমৃদ্ধ হবেন।

বিসিসিআই সচিব জয় শাহ বলেন, অমল মুজুমদার ক্রিকেটীয় জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেবেন ভারতীয় মহিলা দলের সঙ্গে। আধুনিক ক্রিকেটের নানা দিক সম্পর্কেও তিনি ওয়াকিবহাল। বিসিসিআই মহিলা ক্রিকেটকে গুরুত্ব দিয়ে থাকে বরাবর। মাঠে, মাঠের বাইরে সর্বতোভাবে কাঙ্ক্ষিত পরিবেশ সুনিশ্চিত করা হবে বোর্ডের তরফে।
নতুন দায়িত্ব পেয়ে অমল বলেন, অত্যন্ত সম্মানিত বোধ করছি। ভারতীয় মহিলা দলের জন্য আমার ভিশন ও রোডম্যাপে আস্থা রাখায় বিসিসিআই, ক্রিকেট অ্যাডভাইসরি কমিটিকেও ধন্যবাদ। বড় দায়িত্ব, প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি। সঠিক দিশাতেই তাঁদের প্রস্তুতি সুনিশ্চিত করতে গাইড করব।
অমল আরও বলেন, আগামী দুই বছর খুব গুরুত্বপূর্ণ। এই সময়কালে দুটি বিশ্বকাপ রয়েছে। কোচিং স্টাফদের নিয়ে প্রতিটি বিভাগে নজর রেখে দলকে সাফল্য এনে দিতে সবরকম প্রচেষ্টা চালাব।












Click it and Unblock the Notifications