IPL Hattricks: আইপিএলে সবচেয়ে বেশি হ্যাটট্রিক অমিত মিশ্র'র, তালিকায় নাম রোহিত, যুবরাজেরও
IPL 2025: আইপিএলে গত বছর কোনও বোলারই হ্যাটট্রিক করতে পারেননি। যদিও ২০০৮ থেকে ২০২৩ অবধি মোট ২২টি হ্যাটট্রিক হয়েছে আইপিএলে।
তার মধ্যে সবচেয়ে বেশি তিনবার হ্যাটট্রিক করেছেন অমিত মিশ্র। বোলারদের এই ঈর্ষণীয় তালিকায় নাম রয়েছে রোহিত শর্মা, যুবরাজ সিংয়েরও।

আইপিএলে প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন লক্ষ্মীপতি বালাজি। ২০০৮ সালে চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের হয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে। পীযূষ চাওলা, ইরফান পাঠান ও বিক্রম সিংকে আউট করে ইতিহাসে নাম লেখান বালাজি।
২০০৮ সালে বালাজির পর হ্যাটট্রিক করেন অমিত মিশ্র। দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ডেকান চার্জার্সের বিরুদ্ধে, ম্যাচটি হয়েছিল দিল্লিতে। এরপর অমিত তাঁর আইপিএল কেরিয়ারে আরও ২টি হ্যাটট্রিক করেন। আইপিএলে সর্বাধিক তিনটি হ্যাটট্রিক লেখা তাঁরই নামের পাশে।
২০০৮ সালে চেন্নাই সুপার কিংসের মাখায়া এনতিনি কলকাতায় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই হ্য়াটট্রিক করেছিলেন। যুবরাজ সিংয়ের রয়েছে ২টি আইপিএল হ্যাটট্রিক। প্রথমটি ২০০৯ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আরসিবির বিরুদ্ধে ডারবানে। সেবারই জোহানেসবার্গে যুবি ডেকান চার্জার্সের বিরুদ্ধেও হ্যাটট্রিক করেন।
২০০৯ সালের আইপিএলে ডেকান চার্জার্সের হয়ে রোহিত শর্না মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন বল হাতে। ২০১০ সালে আরসিবির প্রবীণ কুমার বেঙ্গালুরুতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন।
২০১১ সালে অমিত মিশ্র কেরিয়ারের দ্বিতীয় আইপিএল হ্যাটট্রিক সুনিশ্চিত করেন ডেকান চার্জার্সের হয়ে, ধরমশালায় কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে। ২০১২ সালে জয়পুরে পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন রাজস্থান রয়্যালসের অজিত চান্ডিলা।
২০১৩ সালের আইপিএলে ২টি হ্যাটট্রিক হয়। প্রথমটি মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের সুনীল নারিনের। পুণেতে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে হ্যাটট্রিক সম্পন্ন করেন অমিত মিশ্র।
২০১৪ সালে আমেদাবাদে কেকেআরের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের প্রবীণ তাম্বে ও রাজস্থান রয়্যালসের হয়েই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেন ওয়াটসন হ্যাটট্রিক করেন। ২০১৭ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে রাজকোটে হ্যাটট্রিক করেন অক্ষর প্যাটেল।
২০১৭ সালের আইপিএলে তিনটি ম্যাচে হ্যাটট্রিক হয়। বেঙ্গালুরুতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরসিবির স্যামুয়েল বদ্রি, রাজকোটে রাইজিং পুণে সুপারজায়ান্টসের বিরুদ্ধে গুজরাত লায়ন্সের অ্যান্ড্রু টাই ও হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পুণের জার্সিতে জয়দেব উনাদকাট হ্যাটট্রিক করেন।
২০১৯ সালে চণ্ডীগড়ে দিল্লির বিরুদ্ধে পাঞ্জাবের স্যাম কারান ও বেঙ্গালুরুতে রাজস্থানের হয়ে শ্রেয়স গোপাল আরসিবির বিরুদ্ধে হ্য়াটট্রিক করেন। ২০২১ সালে দুবাইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরসিবির হর্ষল প্যাটেল হ্যাটট্রিক করেন। ২০২২ সালে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে কেকেআরের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন যুজবেন্দ্র চাহাল, রাজস্থানের হয়ে। ২০২৩ সালে আমেদাবাদে কেকেআরের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের রশিদ খান আইপিএলে সর্বশেষটি হ্যাটট্রিকটি করেছেন।












Click it and Unblock the Notifications