মান্ধানা-প্রতীকার লড়াই ব্যর্থ, বিশ্বকাপে ফের হার ভারতের, হিলির শতরানে রেকর্ড জয় অস্ট্রেলিয়ার
মহিলাদের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পর অস্ট্রেলিয়ার কাছে হারল ভারত। তাও আবার ৩৩০ রান তুলে। ব্যাটিং উইকেট হলেও ভরসা দিতে পারলেন না বোলাররা।
সবচেয়ে বেশি রান তাড়া করে জিতল অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা দখলে নিল পয়েন্ট তালিকার শীর্ষস্থান। ৪ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে এখনও তিনেই রয়েছে ভারত।

আজ বিশাখাপত্তনমে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। ভারত ওপেনিং জুটিতে ২৪.৩ ওভারে ১৫৫ রান তোলে। যদিও শেষ অবধি ৪৮.৫ ওভারে ৩৩০ রানে অল আউট হয়ে যায় হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল। স্মৃতি মান্ধানা প্রথম ব্যাটার হিসেবে ক্যালেন্ডার ইয়ারে ১ হাজার ওডিআই রান করার পাশাপাশি দ্রুততম হিসেবে ওডিআইয়ে ৫ হাজার রানের মাইলস্টোন পেরোলেন এই ম্যাচেই।
মান্ধানা ৯টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৬৬ বলে ৮০ রান করেন। অপর ওপেনার প্রতীকা রাওয়াল করেন ৯৬ বলে ৭৫। তিনি ১০টি চার ও একটি ছয় মেরেছেন। হারলীন দেওল ৩৮, অধিনায়ক হরমনপ্রীত কৌর ২২, জেমাইমা রডরিগেজ ৩৩, রিচা ঘোষ ৩২, আমনজ্যোৎ কৌর ১৬ রান করেন। ৫.৫ ওভারে ৩৬ রান ওঠার ফাঁকে শেষ ছয় উইকেট হারায় ভারত। অ্যানাবেল সাদারল্যান্ড পাঁচটি ও সোফি মোলিনাক্স তিনটি উইকেট দখল করেন।
ভারত যেখানে ৭ বল বাকি থাকতেও অল আউট গেল সেখানে অস্ট্রেলিয়া জয় ছিনিয়ে নিল ৬ বল বাকি থাকতেই। রেকর্ড রান তাড়া করে অজিরা তিন উইকেটে জয় ছিনিয়ে নিল হিলির অধিনায়কোচিত শতরানের সৌজন্যেই। ২১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে হিলি একাই করলেন ১০৭ বলে ১৪২। স্বাভাবিকভাবেই তিনি ম্যাচের সেরা।
এলিস পেরি ৪৭ রানে অপরাজিত থাকেন। অ্যাশলে গার্ডনার ৪৫ ও ফোবে লিচফিল্ড ৪০ রান করেন। শ্রী চরণী তিনটি এবং আমনজ্যোৎ কৌর ও দীপ্তি শর্মা ২টি করে উইকেট দখল করেন।
ভারত যেভাবে শুরু করেছিল তাতে ব্যাটিং উইকেটে আরও ৩০-৪০ রান তোলা উচিত ছিল বলে উপলব্ধি হরমনপ্রীতের। শেষ পাঁচ ওভারে কাঙ্ক্ষিত রান তুলতে না পারার আক্ষেপও ধরা পড়েছে ভারত অধিনায়কের কথায়। প্রশ্নের মুখে পড়েছে ভারতের পাঁচ বোলার নিয়ে খেলার বিষয়টিও। কৌর বলেন, এই কম্বিনেশন নিয়েই আমরা এতদিন সাফল্য পেয়েছি। যদিও এখন বিষয়টি নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নেব। তবে দুটি খারাপ ম্যাচেই গেল গেল রব তোলার অবকাশ নেই বলে মন্তব্য তাঁর।












Click it and Unblock the Notifications