Women’s T20 World Cup: পরিস্থিতি শান্ত হয়নি, বাংলাদেশে বিশ্বকাপ খেলা সম্ভব নয়, সরব হলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক
আগামী ৩ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা মহিলাদের টি২০ বিশ্বকাপ। কিন্তু অশান্ত পরিস্থিতির জন্য বাংলাদেশে এই প্রতিযোগিতা হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর সে দেশের পরিস্থিতি অস্থির। তদারকি সরকার দায়িত্ব নিলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি এখনও। এই পরিস্থিতিতে বাংলাদেশে প্রতিযোগিতা আয়োজন ঝুঁকির হতে পারে বলে মনে করছেন আইসিসি কর্তারা।
এমন অবস্থায় বাংলাদেশে মহিলাদের টি২০ বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে আশঙ্কা প্রকাশ করলেন অস্ট্রেলিয়া মহিলা দলের অধিনায়ক এলিসা হিলি। অস্ট্রেলিয়ান সরকারের তরফে আগেই বাংলাদেশে অজি নাগরিকদের ভ্রমনের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার নিরাপত্তা ইস্যুতে মুখ খুললেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক।

অজি অধিনায়ক আরও জানিয়েছেন, 'বাংলাদেশে গিয়ে সেখানকার আবহাওয়া এবং ঘূর্ণি উইকেটের সঙ্গে অভ্যস্ত হয়ে যাওয়ায় কিছুটা সুবিধা পেতামই। তবে বাংলাদেশে বিশ্বকাপ হোক না হোক, আমাদের তাতে যায় আসে না। যে কোনও দেশেই ম্যাচ জেতার ক্ষমতা রাখে আমাদের দল।' তবে নিরাপত্তা ইস্যুতে অনেক দেশই বাংলাদেশে যাওয়া থেকে বিরত থাকতে পারে, এমনই শঙ্কা রয়েছে আইসিসির।
এদিকে ডামাডোল অব্যাহত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরেও। গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদ ছাড়তে চলেছেন নাজমুল হাসান। ইতিমধ্যেই শোনা যাচ্ছে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। বিসিবি প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে বাংলাদেশের প্রাক্তন ক্যাপ্টেন ফারুক আহমেদ যেমন এগিয়ে রয়েছেন, তেমনই সে দেশের আরও ২ প্রাক্তন অধিনায়কও এই তালিকায় রয়েছেন। তাঁরা হলেন আমিনুল ইসলাম ও খালেদ মাসুদ।
ভারত অবশ্য মহিলাদের টি২০ বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী নয়। বোর্ড সচিব জয় শাহ আগেই জানিয়েছেন, আইসিসি আমাদের জিজ্ঞাসা করেছিল, আমরা মহিলাদের বিশ্বকাপ আয়োজন করতে পারব কিনা! আমরা সরাসরি প্রত্যাখান করে দিয়েছি। আমাদের এখানে তখন বর্ষাকাল চলবে। তাছাড়া আমরা আগামী বছরেই মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করছি।












Click it and Unblock the Notifications