ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দলে অন্তর্ভূক্ত অভিজ্ঞ অল রাউন্ডার
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দলে অন্তর্ভূক্ত অভিজ্ঞ অল রাউন্ডার
নটিংহ্যামে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। ম্যাচের শেষ দিনের খেলা ভেস্তে না গেলে জিততে পারত ভারত। তবে ইংল্যান্ড যে ছেড়ে কথা বলত না, তা অনায়াসে বলা যায়। ফলে এক হাড্ডাহাড্ডি মোকাবিলা প্রত্যক্ষ করতেন দেশের ক্রিকেটপ্রেমীরা। সেই আবহেই ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিততে মরিয়া ইংল্যান্ড এবার অভিজ্ঞ অল রাউন্ডারকে অন্তর্ভূক্ত করল। তাতে দলে ভারসাম্য তৈরি হবে বলে আশা জো রুটদের।

ইংল্যান্ড দলে ফের মইন
গত ২৩ মাসে মাত্র একটি প্রথম শ্রেণির ক্রিকেট খেলা মইন আলি বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। সোমবার হওয়া দ্য হ্যান্ড্রেড টুর্নামেন্টের এক ম্যাচে বার্মিংহ্যাম ফোনিক্সের জার্সি ২৩ বলে অর্ধশতরান করে ফের নিজের উপস্থিতি জানান দিয়েছেন অল রাউন্ডার। তারপরেই ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে মইনের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে দেশের হয়ে তিনি শেষবার টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন। ভারতের বিরুদ্ধে চেন্নাইয়ে হওয়া দ্বিতীয় টেস্ট আট উইকেট নিয়েছিলেন মইন। ২০১৯ সালের অ্যাসেজ সিরিজের পর ইংল্যান্ডের মাটিতে আর টেস্ট খেলা হয়নি অল রাউন্ডারের। বেন স্টোকস অনুপস্থিত থাকায় ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মইন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে আশা ইংল্যান্ডের ক্রিকেট প্রেমীদের। ভারতের বিরুদ্ধে তাদেরই মাঠে চার ম্যাচের টেস্ট সিরিজ হারতে হয়েছে ইংল্যান্ডকে। এবার তার বদলা চান ব্রিটিশ ফ্যানরা।

ইংল্যান্ডের দল
জো রুট (অধিনায়ক), ডম সিবলে, হাসিব হামেদ, ওলি পোপ, ররি বার্নস, জ্যাক ক্রাউলে, ড্যান লরেন্স, মইন আলি, ওলি রবিনসন, স্যাম কারান, জনি বেয়ারস্টো, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রেইগ ওভারটন, ডম বেস, জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড।

মইন আলির টেস্ট কেরিয়ার
এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৬১টি টেস্ট ম্যাচ খেলেছেন মইন আলি। ২৮৩১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। টেস্টে মইনের সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৫৫। লাল বলের ফর্ম্যাটে পাঁচটি শতরান রয়েছে মইনের। অন্যদিকে সমপরিমাণ ম্যাচ খেলে টেস্টে দেশের হয়ে ১৮৯টি উইকেট নিয়েছেন অল রাউন্ডার। টেস্টের এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট পাঁচ বার নিয়েছেন মইন। ২০১৯ সালের পর ফের ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে নামবেন অভিজ্ঞ ক্রিকেটার। তাঁর কাছ থেকে সেরাটা আশা করছেন বিশ্বের ক্রিকেট প্রেমীরা।

ভারত বনাম ইংল্যান্ড
ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ১২ অগাস্ট থেকে। লন্ডনের লর্ডসে ১৬ অগাস্ট পর্যন্ত ম্যাচ চলার কথা। দুই দলের মধ্যে তৃতীয় টেস্ট শুরু হবে ২৫ অগাস্ট। হেডিংলেতে হতে ওই ম্যাচ। সিরিজের শেষ দুটি টেস্ট যথাক্রমে দ্য ওভাল ও ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত হবে। চতুর্থ টেস্ট শুরু হবে ২ সেপ্টেম্বর থেকে। চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা। চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।












Click it and Unblock the Notifications