রোহিতের শতরানে বিতর্কে পাকিস্তানি আম্পায়ার আলিম দার
মেলবোর্ন, ১৯ মার্চ : আম্পায়ারিং নিয়ে বিতর্ক তৈরি হল এদিনের বিশ্বকাপে ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল ম্যাচে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে পাকিস্তানের আম্পায়ার আলিম দার। ভারতীয় ওপেনার রোহিত শর্মার একটি ন্যায্য আউট দেননি বলে বিতর্কে জড়ালেন তিনি।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক ধোনি। ইনিংসের প্রথম দিকে ধরে খেললেও একসময়ে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত। সেইসময় খেলা ধরেন রোহিত শর্মা ও সুরেশ রায়না। ম্যাচের যখন ৪০ তম ওভার তখন রুবেল হোসেনের একটি ফুলটস বলে মিড উইকেটে ক্যাচ আউট হন রোহিত।

স্কোয়ার লেগে দাঁড়িয়ে তখন আম্পায়ারিং করছিলেন পাকিস্তানের আলিম দার। তিনি তৎক্ষণাৎ নো বলের ইশারা করেন আর এক আম্পায়ার ইয়ান গোউল্ডকে। তিনি তা দেখে নো ডাকেন। বেঁচে যান রোহিত, সেইসঙ্গে ভারতও। তখন ভারতের রান ছিল ৩৯.৩ ওভারে ১৯৫/৩। রোহিত ব্যাট করছিলেন ৯০ রানে। এরপর রোহিত অনবদ্য শতরান করেন ও ভারতও শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৩০২ রান করে। ১২২ বলে ১৩৭ রানের অসাধারণ ইনিংস খেলেন ভারতের এই ওপেনার ব্যাটসম্যান।
কমেন্ট্রি বক্সে বসে কিংবদন্তি লেগ-স্পিনার শ্যেন ওয়ার্ন আলিম দারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। এটি স্পষ্টতই আউট ছিল বলে জানান তিনি। টুইট করে বাংলাদেশি ক্রিকেটেরদের পাশেই দাঁড়ান ভিভিএস লক্ষ্মণ। তিনিও জানান যে ওটি নো বল নয়, একটি বৈধ ডেলিভারি ছিল। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে, রোহিতের শতরান ও ভারতের তিনশো রানের গণ্ডী পার।












Click it and Unblock the Notifications