আকাশ দীপের দাপটে ছারখার মধ্যপ্রদেশ! ইডেনে রঞ্জি ফাইনালে বাংলা বনাম সৌরাষ্ট্র? পরিস্থিতি তেমনই
রঞ্জি ট্রফির সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে চালকের আসনে বাংলা। অপর সেমিফাইনালে কর্নাটকের রান টপকাতে চলেছে সৌরাষ্ট্র। বাংলা বনাম সৌরাষ্ট্র ফাইনাল ইডেনে হওয়ার সম্ভাবনা প্রবল।
সৌরাষ্ট্রের কাছে হেরে বাংলার রঞ্জি ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। তবে এবার যা পরিস্থিতি তাতে ইডেনে ওই হারের মধুর প্রতিশোধ নিয়ে রঞ্জি জয়ের খরা কাটানোর সুবর্ণ সুযোগ পাবে বাংলা। ক্রিকেট মহান অনিশ্চিয়তার খেলা মাথায় রেখেও বলা যায়, এবারের রঞ্জি ফাইনালে মুখোমুখি হবে বাংলা ও সৌরাষ্ট্রই।

(ছবি- সিএবি মিডিয়া ও পিটিআই)
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে প্রথম ইনিংসে বাংলার ৪৩৮ রানের জবাবে গতবারের চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ অল আউট হয়ে গিয়েছে ১৭০ রানে। ২৬৮ রানের লিড নিয়েও অবশ্য এরপর মধ্যপ্রদেশকে ফলো অন করায়নি মনোজ তিওয়ারির দল। গত বছরের রঞ্জিতে মধ্যপ্রদেশের কাছে সেমিফাইনালে হেরে গিয়েছিল বাংলা। এবার সেই মধ্যপ্রদেশের বিরুদ্ধেই প্রথম ইনিংসে বিরাট লিড আদায় করে ফাইনালের দিকে বাংলা এক পা বাড়িয়ে রাখল। সারাংশ জৈন সর্বাধিক ৬৫ রান করেন। রজত পাটীদার ২ বল খেলে খাতা না খুলেই আকাশ দীপের বলে বোল্ড হন। ভেঙ্কটেশ আইয়ার ৭ রানের বেশি করতে পারেননি। শুভম শর্মা ৪৪ রানে অপরাজিত থাকেন।
আকাশ দীপ দুরন্ত ফর্ম বজায় রেখে তিনটি মেডেন-সহ ১৮ ওভারে ৪২ রানের বিনিময়ে ৫ উইকেট নেন। শাহবাজ আহমেদ পান ২টি উইকেট। মুকেশ কুমার ও ঈশান পোড়েল ১টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে বাংলার ওপেনাররা ফের ব্যর্থ। করণ লাল ১৯ ও অভিমন্য়ু ঈশ্বরন ১৭ রান করে আউট হন। তৃতীয় দিনের শেষে বাংলার স্কোর ২ উইকেটে ৫৯। সুদীপ ঘরামি ১২ ও অনুষ্টুপ মজুমদার ৯ রানে ক্রিজে রয়েছেন। বাংলার লিড ৩২৭ রানের।
অপর সেমিফাইনালে কর্নাটকের ৪০৭ রানের জবাবে তৃতীয় দিনের শেষে সৌরাষ্ট্র প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলে ফেলেছে। পিছিয়ে ৪৩ রানে। শেল্ডন জ্যাকসন ২৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৪৫ বলে ১৬০ রান করেছেন। অধিনায়ক অর্পিত ভাসাভড়া ২১৯ বল খেলে ১১২ রানে অপরাজিত রয়েছেন। তাঁর ইনিংসে রয়েছে ১৫টি বাউন্ডারি। চিরাগ জনি ১৯ রানে ক্রিজে আছেন। সৌরাষ্ট্র প্রথম ইনিংসে লিড আদায় করে নিলে ফাইনালে কার্যত পৌছে যাবে। কেন না, ম্যাচের বাকি ২ দিন। সৌরাষ্ট্র ফাইনালে উঠলে ফাইনাল হবে ইডেনে। গ্রুপ পর্বের শেষে পয়েন্টের নিরিখে বাংলা এগিয়ে ছিল সৌরাষ্ট্রের চেয়ে। সে কারণেই ফাইনাল হোম ম্যাচে খেলার সুযোগ থাকবে মনোজদের।












Click it and Unblock the Notifications