AUS vs IND: জাজেদার দুরন্ত ইনিংসের পর আকাশ-বুমরাহের মরিয়া প্রয়াস, নাটকীয়ভাবেই ফলো-অন বাঁচাল ভারত
গাব্বায় ম্যাচ বাঁচানোর কঠিন লড়াইয়ে ভারত। কেএল রাহুল, রবীন্দ্র জাদেজাদের চেষ্টার পর আকাশ দীপ এবং বুমরাহের ব্যাটে ফলো-অনের লজ্জা এড়াতে সক্ষম হল ভারত। অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে চতুর্থ দিনের শেষে ভারতের প্রথম ইনিংসের স্কোর ৯ উইকেটে ২৫২। ১৯৩ রানে পিছিয়ে ভারত।
তৃতীয় দিনের শেষে ৫১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ছিল ভারত। চতুর্থ দিনে ব্যাট করতে শুরু করেন রোহিত শর্মা এবং কেএল রাহুল। রোহিত ৬ রানে এবং রাহুল ৩৩ রানে অপরাজিত ছিলেন। কিন্তু চতুর্থ দিনের সকালে বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারলেন না রোহিত। মাত্র ৪ রান যোগ করেই কামিন্সের বলে সাজঘরে ফিরে গেলেন রোহিত।

কিন্ত রাহুল ক্রিজ আঁকড়ে লড়াই করতে থাকেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন জাদেজাও। প্রথমে অর্ধশতরান পূরণ করেন। এরপর রাহুলের ব্যাট থেকে তৈরি হয় শতরানের প্রত্যাশা। কিন্তু ৮৪ রানের মাথায় ছন্দ পতন হল রাহুলের। লিয়ঁ-র বলে একটা অসাধারণ ক্যাচ তালুবন্দি করলেন স্মিথ। দিনের প্রথম বলে স্মিথ রাহুলের ক্যাচ ফস্কালেও তার প্রায়চিত্ত করে ফেললেন স্মিথ।
রাহুল আউট হওয়ার পরে নীতীশ রেড্ডিকে সঙ্গী করে ভারতকে ফলো-অনের হাত থেকে বাঁচার প্রয়াস শুরু করেন জাদেজা। কিন্তু ১৬ রানে আউট হলেন নীতীশ। জমাট ব্যাটিং শুরু করলেও তা ধরে রাখতে পারলেন না নীতীশ।
প্রথম দুটি টেস্ট দলে জায়গা হয়নি। এই ম্যাচে বল হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারেননি। কিন্তু জাদেজা যে এখনও দলের সম্পদ। তা ফের একবার বুঝিয়ে দিলেন জাড্ডু। ১২৩ বলে ৭৭ রান করলেন জাড্ডু। সাতটি চার এবং একটি ছক্কা মারেন। অর্ধশতরান করার পরে ব্যাট নিয়ে তরোয়ালের স্টাইলে সেলিব্রেশন করলেন। যেন বার্তা দিলেও টিম ম্যানেজমেন্টকে।
এরপর উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না সিরাজ। ১ রান করেই আউট হলেন। শেষ দিকে বুমরাহ এবং আকাশ দীপ মরিয়া চেষ্টা করতে থাকেন। শেষ পর্যন্ত দুই বোলারের প্রচেষ্টায় ফলোঅনের লজ্জার হাত থেকে মুক্তি পেল ভারত। আকাশ দীপ ৪ মেরে ফলো-অন থেকে মুক্তি দিতেই সাজঘরে গর্জে উঠলেন গম্ভীর বিরাট। ভারতের স্কোর যখন ৯ উইকেটে ২৫২ , তখন খারাপ আলোর জন্য দিনের মতো খেলা বন্ধ হয়ে গেল। আকাশ ৩১ বলে ২৭ রানে বুমরাহ ১০ রানে অপরাজিত আছেন।
দিনের শুরুতেই ১ ওভার বল করে চোটের কারণে বেরিয়ে যান জশ হ্যাজলউড। ফলে কামিন্স এবং স্টার্কও বোলিং করলেন। লিয়ঁ ভালোভাবেই সহায়তা করলেন। কামিন্স চারটি এবং স্টার্ক তিনটি উইকেট নিয়েছেন। শেষ দিনে বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছে।












Click it and Unblock the Notifications