ফিট থেকে পারফর্ম করলে তবেই শামির নাম বিবেচনা, স্পষ্ট করলেন আগরকর
মহম্মদ শামির মন্তব্যের এবার পাল্টা দিলেন ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকর। অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ পাননি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন শামি।
শামির বক্তব্য ছিল, তিনি যখন রঞ্জি ট্রফিতে খেলছেন, তখন ওডিআই খেলতে পারতেন। তাঁর ফিটনেস নিয়ে আগরকর জানতে চাননি। তাঁর কাজ নয় কাউকে ফিটনেসের বিষয়ে আপডেট দেওয়া।

আজ একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে আগরকর বলেন, ফিটনেসজনিত সমস্যার কারণেই শামি ইংল্যান্ড সফরে ভারতীয় দলে জায়গা পাননি। তবে অস্ট্রেলিয়া সফরের ওয়ান ডে দল থেকে বাদ পড়লেও, আগরকর ইঙ্গিত দিয়েছেন যে নির্বাচকরা তাঁর ফিটনেস সম্পর্কে নিশ্চিত হলে তিনি আবারও দল নির্বাচনের সময় বিবেচনায় থাকবেন।
শামি রঞ্জিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে এক ওভারে তিন টেল এন্ডারকে আউট করলেও দ্বিতীয় ইনিংসে একটি উইকেটও পাননি এখনও অবধি। এই ম্যাচের আগে শামি বলেছিলেন, "নির্বাচন আমার হাতে নেই। যদি ফিটনেস নিয়ে সমস্যা থাকতো, তাহলে আমি বাংলার হয়ে এখানে খেলতাম না। এই বিষয়ে কথা বলে বিতর্ক তৈরি করতে চাই না। আমি যদি চার দিনের ম্যাচ খেলতে পারি, তাহলে ৫০ ওভারের ক্রিকেটও খেলতে পারি।"
এই মন্তব্যের প্রতিক্রিয়ায় আগরকর বলেন, "যদি শামি আমার কাছে এমনটা বলতো, তাহলে হয়তো আমি উত্তর দিতাম। সে যদি এখানে থাকতো, তাহলে হয়তো আমি তাই করতাম। সোশ্যাল মিডিয়ায় সে কী বলেছে তা আমি নিশ্চিত নই। হয়তো আমি যদি সেটা পড়ি, তাহলে তাকে ফোন করতে পারি, তবে বেশিরভাগ খেলোয়াড়ের জন্যই আমার ফোন সব সময় খোলা থাকে।"
আগরকর বলেন, "গত কয়েক মাস ধরে তার সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে। তবে আমি এখানে কোনও শিরোনাম তৈরি করতে চাই না। ভারতের হয়ে সে একজন অবিশ্বাস্য পারফর্মার। যদি সে কিছু বলে থাকে, তাহলে হয়তো এই বিষয়ে আমার সঙ্গে তার বা তার সঙ্গে আমার কথা বলার আছে। তবে ইংল্যান্ড সফরের আগেও আমরা বলেছিলাম, যদি সে ফিট থাকত, তাহলে সে বিমানে থাকতো। দুর্ভাগ্যবশত, সে ফিট ছিল না।"
আগরকরের কথায়, "আমাদের ঘরোয়া মরশুম সবে শুরু হয়েছে। তাই আমরা দেখব সে যথেষ্ট ফিট কিনা এবং পরিস্থিতি কোথায় যায়। রঞ্জি ম্যাচের প্রথম রাউন্ড চলছে। আরও কয়েকটি ম্যাচের পর আমরা জানতে পারব। যদি সে ভালো বোলিং করে, তাহলে শামির মতো একজনকে কেউ কেন দলে চাইবে না? তবে গত ছয়-আট মাস থেকে এক বছরের মধ্যে, এমনকী অস্ট্রেলিয়া সফরের সময়ও আমরা তাকে দলে রাখতে মরিয়া ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তার ফিটনেস অনুকূল ছিল না। যদি সে আগামী কয়েক মাস ফিট থাকে, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। তবে আমি যা জানি তাতে সে ইংল্যান্ড সফরের জন্য যথেষ্ট ফিট ছিল না।"












Click it and Unblock the Notifications