অজিঙ্ক রাহানের ক্রিকেট কেরিয়ার নিয়ে শঙ্কা! হ্যামস্ট্রিংয়ের চোট দিল বড় ধাক্কা, কতদিন মাঠের বাইরে?
কলকাতা নাইট রাইডার্সের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছিলেন। পরে ফিল্ডিং করতে পারেননি। টুর্নামেন্ট থেকে দলের বিদায়ের আগে এই চোট তাঁকে আইপিএল থেকে ছিটকেও দেয়। কিন্তু তা এবার রাহানের আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাকের রাস্তাটাও কঠিন করে দিল। আপাতত মাস দুয়েকের জন্য মাঠের বাইরে থাকতে হবে রাহানেকে।
|
রাহানের চোট
১৪ মে পুনেয় সানরাইজার্স ম্যাচে রাহানের হ্যামস্ট্রিংয়ে চোট লাগে। স্ক্যানের মাধ্যমে নিশ্চিত হয় চোট কতটা গুরুতর। তারপরই আইপিএলের জৈব সুরক্ষা বলয় ছাড়েন। সূত্রের উল্লেখ করে স্পোর্টসস্টারের দাবি, গ্রেড থ্রি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে রাহানেকে ৮ থেকে ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে রাহানেকে ভারতীয় দলে রাখা হয়নি। বার্তা দেওয়া হয়েছিল, দলে ফেরার দরজা খোলা থাকছে। কিন্তু রঞ্জিতে রান করতে হবে।
|
পথ হচ্ছে কঠিন
মুম্বইয়ের হয়ে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ১২৯ রান করেন রাহানে। গোয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে শূন্য করলেও দ্বিতীয় ইনিংসে ৫৬ রান করেন। ওডিশার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি ০ রানে আউট হন। এরপর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলে প্রথম পাঁচটি ম্যাচ খেলার পর দলের বাইরে থাকতে হয় কয়েকটি ম্যাচে। ১০ এপ্রিলের পর ফের নাইটদের একাদশে আসেন ৯ মে। তবে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ ছাড়া আর খেলতে পারেননি।

আইপিএলে অজিঙ্ক
আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪৪, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৯, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১২, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭ ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৮ রানে আউট হন। কেকেআর একাদশে প্রায় এক মাস পর ওপেনার হিসেবেই কামব্যাকের পর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৫ ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৮ রান করেন রাহানে। এবারের আইপিএলে তাঁর মোট রান ১৩৩, গড় ১৯, স্ট্রাইক রেট ১০৩.৯০।
কামব্যাক কঠিন
ইংল্যান্ডের মাটিতে একটি টেস্ট খেলার পর ভারতের আপাতত বেশ কয়েক মাস টেস্ট খেলা নেই। ফলে রাহানের জাতীয় দলে কামব্যাকটাও কঠিন হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই ভালো পারফরম্যান্সের সুবাদে মিডল অর্ডারে নিজেদের দাবি জোরালো করেছেন একাধিক ক্রিকেটার। রাহানে ইংল্যান্ডের টেস্ট দলে সুযোগ না পেলেও রঞ্জির নক আউট পর্বে ফের ছন্দে ফিরে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে পারতেন। কিন্তু দুই মাস বা তারও বেশি সময়ের জন্য ছিটকে গিয়ে আগামী মাসে অনুষ্ঠেয় রঞ্জি নক আউটেও খেলতে পারবেন না রাহানে। ফলে তাঁর জাতীয় দলে ফেরার সম্ভাবনা আপাতত মেঘাচ্ছন্ন।












Click it and Unblock the Notifications