রাহানে-সহ মিডল অর্ডারের টানা ব্যর্থতায় বিরাট চিন্তা, লর্ডসে ভারত শেষ ৩৬৪ রানেই
লর্ডস টেস্টের প্রথম দিনটা যদি ভারতের হয়, দ্বিতীয় দিনের প্রথম সেশন নিঃসন্দেহে ইংল্যান্ডের। যদিও প্রথম দিন ভারত যেভাবে রানের পাহাড় গড়ার দিকে এগোচ্ছিল সেই প্রয়াস আজ দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা খায়। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল সাত উইকেটে ৩৪৬। এরপর ৩৬৪ রানেই গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। জেমস অ্যান্ডারসন নিয়েছেন ৫ উইকেট।

দ্বিতীয় বলেই ফেরেন রাহুল
আজ খেলা শুরুর পর দ্বিতীয় বলেই লোকেশ রাহুলের উইকেটটি তুলে নেন অলি রবিনসন। তিন উইকেটে ২৭৬ রান নিয়ে এদিন খেলা শুরু করে ভারত। প্রথম বলে দুই রান নেওয়ার পর দ্বিতীয় বল ড্রাইভ খেলতে গিয়ে ডম সিবলির হাতে সহজ ক্যাচ দিয়ে বসেন ভারতীয় ওপেনার। ১২টি চার ও একটি ছয় দিয়ে সাজানো তাঁর ২৫০ বলে ১২৯ রানের ইনিংস। ক্রিজে ছিলেন ৩৯৭ মিনিট। রাহুলের উইকেট হারিয়ে ৯০.২ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২৭৮।
|
ব্যর্থ রাহানে
এর ঠিক পাঁচ বল পরেই প্যাভিলিয়নে ফেরেন অজিঙ্ক রাহানে। ৯১.১ ওভারে দলের ২৮২ রানের মাথায় রাহানে আউট হন জেমস অ্যান্ডারসনের বলে। ২৩ বল খেলে মাত্র ১ রান করেন রাহানে। চেতেশ্বর পূজারার পর রাহানের ব্যর্থতা ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তা আরও বাড়াল। ২০২০ সালে অজিঙ্ক রাহানে চারটি টেস্টে ৮টি ইনিংসে ২৭২ রান করেছিলেন। গড় ছিল ৩৮.৮৫, স্ট্রাইক রেট ৪২.৩৬। একটি শতরানও করেছিলেন, ১১২ রানের ইনিংস খেলেছিলেন গত ডিসেম্বরে মেলবোর্ন টেস্টে। কিন্তু চলতি বছরে ৯টি টেস্টে ১৪টি ইনিংসে তাঁর রান ২৬৯। সর্বাধিক ৬৭। গড় ১৯.২১। স্ট্রাইক রেট ৪২.৬৯। মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে অজিদের বিরুদ্ধে শতরানের পর ওই টেস্টের দ্বিতীয় ইনিংস এবং সিডনি ও ব্রিসবেন টেস্টে রাহানের রান ছিল যথাক্রমে অপরাজিত ২৭, ২২,৪, ৩৭, ২৪। এরপর দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধেও একটি হাফ সেঞ্চুরি ছাড়া চূড়ান্ত ব্যর্থ। চেন্নাইয়ে প্রথম টেস্টে করেছিলেন ১ ও ০। দ্বিতীয় টেস্টে ৬৭ ও ১০। আমেদাবাদে বাকি টেস্টগুলিতে ৭ ও ২৭। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেন ৪৯ ও ১৫। ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম ইনিংসে ৫ রান করার পর এদিন ফিরলেন মাত্র ১ রানে। সহ অধিনায়কের ফর্ম ভোগাচ্ছে ভারতীয় মিডল অর্ডারকে।

পন্থে পার তিনশো
দ্রুত দুটি উইকেট হারানোর পর ঋষভ পন্থের কাউন্টার অ্যাটাক ভারতকে তিনশো পার করে দেয়। যদিও তিনিও বড় রান পেতে ব্যর্থ। মার্ক উডের বলে পন্থ কট বিহাইন্ড হন ৫৮ বলে ৩৭ রান করে। মেরেছেন পাঁচটি চার। ১১০তম ওভারে ভারতের ষষ্ঠ উইকেট পড়ে ৩৩১ রানের মাথায়। ঠিক পাঁচ বল পরেই খাতা না খুলে প্যাভিলিয়নের রাস্তা ধরেন মহম্মদ শামি। মঈন আলির বলে তিনি আউট হন। ভারতের সপ্তম উইকেট পড়ে ৩৩৬ রানে।

ভারত শেষ ৩৬৪ রানে
মধ্যাহ্নভোজের বিরতির পর আর ১০.১ ওভারেই ভারতের শেষ তিন উইকেট পড়ে যায়। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৬৪ রানে। ইশান্ত শর্মা আউট হন দলের ৩৬২ রানের মাথায়। তিনি করেন ২৯ বলে ৮, জেমস অ্যান্ডারসনের বলে লেগ বিফোর হন। পরের ওভারে বল করতে এসে জসপ্রীত বুমরাহকেও ফেরান জেমস অ্যান্ডারসন। বুমরাহ শূন্য রানে আউট হতেই ৩৬৪ রানে নবম উইকেট হারায় ভারত। এরপর নতুন ওভারের প্রথম ওভারেই রবীন্দ্র জাদেজার উইকেটটি তুলে নেন মার্ক উড। জেমস অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে জাদেজা ১২০ বল খেলে ৪০ রান করেন তিনটি চারের সাহায্যে। ৬২ রানে ৫ উইকেট নিলেন জেমস অ্যান্ডারসন। মার্ক উড ও অলি রবিনসন পেয়েছেন দুটি করে উইকেট। মঈন আলির ঝুলিতে একটি উইকেট।

লাল টুপিতে বিরাটরা
২০১৮ সালের ডিসেম্বরে নন-স্মোকিং ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ৪৬ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন জাতীয় স্কোয়াশ খেলোয়াড় তথা প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসের স্ত্রী রুথ স্ট্রস। ক্যান্সারে আক্রান্ত হয়ে কোনও পরিবারের অভিভাবক অকাল প্রয়াত হলে তাঁদের সন্তানদের পাশে দাঁড়াতে বিভিন্ন কাজ করে চলেছে রুথ স্ট্রস ফাউন্ডেশন। এমনকী নন-স্মোকিং লাং ক্যান্সারের গবেষণাতেও সহযোগিতা করে থাকে এই ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনেরই একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দলের ক্রিকেটাররা। সকলেরই মাথায় ছিল লাল রঙের টুপি। রেড ফর রুথের অকশনের জন্য ক্রিকেটাররা টুপি ও জার্সিতে সই করে ফাউন্ডেশনের হাতে তুলে দিয়েছেন। ধারাভাষ্যকাররাও এই বিশেষ দিনে লাল রঙের কোট পরেছেন, গ্যালারিতেও অনেকে উপস্থিত ছিলেন লাল টি শার্ট ও লাল রংয়ের টুপি পরে। ইংল্যান্ডের ক্রিকেটারদের জার্সিতেও নাম ও জার্সি নম্বর লেখা রয়েছে লাল রংয়ে।
Today is a special day as @homeofcricket turns #RedforRuth in support of the @RuthStraussFdn and its incredible work in supporting grieving families ❤️
— England Cricket (@englandcricket) August 13, 2021
Please, if you can, donate and lend your support ➡️ https://t.co/sdW5RbaZTo#ENGvIND 🇮 pic.twitter.com/ZwmPGGOucD
👕🧢 @EnglandCricket & @BCCI are donating their signed shirts and caps to the #RedForRuth auction
— Ruth Strauss Foundation (@RuthStraussFdn) August 13, 2021
Get your hands on a piece of history: https://t.co/nwNwfkwQLp#ENGvsIND pic.twitter.com/y6ocPg0oZY












Click it and Unblock the Notifications