করোনা ভাইরাসের ভয়ে শ্রীলঙ্কার পর এই দেশেও বিরাটদের পাঠাবে না বিসিসিআই
করোনা ভাইরাসের ভয়ে শ্রীলঙ্কার পর এই দেশেও বিরাটদের পাঠাবে না বিসিসিআই
করেনা ভাইরাসের আবহে ভারতীয় ক্রিকেট দল যে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না, তা বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছিল বিসিসিআই। এরপরেই নির্ধারিত বিরাট কোহলিদের জিম্বাবোয়ে সফরও একই কারণে বাতিল করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটের থেকে ক্রিকেটারদের স্বাস্থ্য এবং সুরক্ষাকেই প্রাধান্য দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

করোনা ভাইরাস
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৬ লক্ষ পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন চার লক্ষ কুড়ি হাজারেরও বেশি মানুষ। কেবল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে আট হাজারেরও বেশি মানুষের। করোনা আক্রান্ত ২১৩টি দেশের তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে ভারত। অন্যদিকে জিম্বাবোয়ে-তে করোনা আক্রান্তের সংখ্যা মেরেকেটে ৩৩২। প্রাণ হারিয়েছেন মাত্র ৪ জন।

শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে সফর
জুনেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। ২৪ জুন থেকে দুই দলের মধ্যে তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। সিরিজ আয়োজন করার জন্য মরিয়া ছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। অন্যদিকে জুলাইতে শ্রীলঙ্কা সফর শেষ করে অগাস্টে জিম্বাবোয়ে যাওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার। ২২ অগাস্ট থেকে দুই দলের মধ্যে তিনটি ওয়ান ডে ম্যাচ হওয়ার কথা ছিল।

সাবধানী বিসিসিআই
বৃহস্পতিবার বিসিসিআই-এর তরফে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছিল। ভারত সরকার, আইসিসি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ ও নির্দেশ মতো বিরাট কোহলিদের দ্বীপরাষ্ট্রের দেশে ক্রিকেট খেলতে পাঠানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন বিসিসিআই-এর কার্যনির্বাহী সচিব তথা কোষধ্যক্ষ অরুণ সিং ধুমল। ক্রিকেটের থেকে ক্রিকেটারদের স্বাস্থ্য এবং সুরক্ষাই প্রধান চিন্তার বিষয় বলে জানিয়েছিলেন ধুমল। একই কারণে বিরাট কোহলিদের জিম্বাবোয়ে সফরও বাতিল করা হয়েছে বলে শুক্রবার বিসিসিআই-এর তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে।

টিম ইন্ডিয়ার অনুশীলন
লকডাউনের জেরে প্রায় তিন মাস ক্রিকেটের বাইরে রয়েছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। মাঠে নেমে গা না ঘামানো পর্যন্ত বিরাট কোহলিদের শরীরের জড়তা কাটবে না বলে মনে করে বিসিসিআই। করোনা ভাইরাসের ভয়াবহ আবহে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের কবে মাঠে নামানো সম্ভব হবে, তা এখনই বলা সম্ভব নয় বলে বোর্ডের তরফে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications