ধোনি-সচিনের সঙ্গে একই সারিতে ঝুলন, এবার কোন নজিরের পথে বঙ্গ পেসার
একদিনের ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারি ঝুলন গোস্বামী,তবে এবার বাইশ গজের বাইরে আসতে চলেছেন চাকদহের কন্যা
সচিন-ধোনি এবং ঝুলন গোস্বামী মিল কোথায় খুঁজলে বলবেন মিল তো অনেক। তিনজনই ক্রিকেটার যাঁরা ভারতের জার্সিতে খেলেছেন , শুধু তাই নয় তিনজনই ভারতীয় দলের অধিনায়কত্ব সামলেছেন। না শুধু এটুকুই নয়। আরও একটা মিল হতে চলেছে।

মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে তৈরি হয়েছে এম এস ধোনি আনটোল্ড স্টোরি, সচিনকে নিয়ে তৈরি হয়েছে সচিন এ বিলিয়ন ড্রিমস। এবার বাংলার ঝুলনকে নিয়ে তৈরি হবে বায়োপিক। অর্থাৎ চাকদহের ঝুলনের জীবনের লড়াই এবার উঠে আসবে সিলভার স্ক্রিনে।

ঝুলনকে নিয়ে হিন্দিতে তৈরি হতে চলেছে নতুন ছবি। ডিরেক্টর সুশান্ত দাস জানিয়েছেন, 'আমরা সচিন এবং ধোনির বায়োপিক দেখেছি এবার মহিলা ক্রিকেটারকে নিয়ে হবে বায়োপিক। ' পাশাপাশি তিনি আরও জানিয়েছেন,' আমাদের ক্রু মেম্বারদের আমরা সব জায়গায় পাঠাব যেখানে যেখানে ঝুলন খেলেছে সেসব জায়গায় আমরা শ্যুটিং করব। দশ বছর বয়স থেকে বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে ঝুলন এগিয়ে এসেছে।ঝুলনের এই লড়াই বাকিদের মোটিভেট করবে এবং তাঁদেরও লড়তে সাহায্য করবে। '
আসলে চাকদহ থেকে শুরু করে লর্ডসে বিশ্বকাপের ফাইনাল অবধি দেখানো হবে ঝুলনের ওপর তৈরি হওয়া এই বায়োপিকে। তবে ছবির শ্যুটিং শুরু হবে আগামী বছর এপ্রিল মাস নাগাদ। বলিউডের বিভিন্ন তারকা অভিনেত্রীদের কথা ভাবা হচ্ছে তবে নাকি দীপিকা-র মুখকে ঝুলনের রোলে বেশি পছন্দ পরিচালকের।












Click it and Unblock the Notifications